কেন হ্যালির একাত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন হ্যালি, হুইলচেয়ার দমিয়ে রাখতে পারেনি এই সাহসী সাংবাদিককে। ছবি: লেখক
কেন হ্যালি, হুইলচেয়ার দমিয়ে রাখতে পারেনি এই সাহসী সাংবাদিককে। ছবি: লেখক

গবেষণা অভিসন্দর্ভ জমা দেওয়ার আগে সম্পাদনা সহায়তার জন্য আমার সহকারী তত্ত্বাবধায়ক জুলি কিম্বার কেন হ্যালির নাম প্রস্তাব করেন। প্রধান নির্দেশক মাইকেল লিচও একমত হন জুলির সঙ্গে। তাঁদের পরামর্শে ই-মেইলেই প্রথম পরিচয় কেনের সঙ্গে। কিন্তু যোগাযোগের শুরুর দিকটায় একটু ভুল-বোঝাবুঝিই হয়ে যায়। আমি মনে মনে প্রমাদ গুনছিলাম। কল্পনায় ‘কেন’কে দেখছিলাম অস্থির এক তরুণ হিসেবে।
তখনো আমি জানি না কেন নামের মানুষটার ভেতর লুকিয়ে আছে কত বিস্ময়! কেন যখন আমার থিসিসের পঞ্চম অধ্যায় দেখছিলেন, প্রসঙ্গক্রমে তিনি আশির দশকের শুরুতে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কথা উল্লেখ করেন। এরপর আমাকে পুরোপুরি অবাক করে দিয়ে ১৯৮৩ সালে তাঁর বাংলাদেশ সফরের কথাও জানান তিনি। মুহূর্তের মধ্যে বদলে গেল আমার কল্পনায় থাকা কেনের ছবি।
বাংলাদেশের সঙ্গে কেনের এই ছোট্ট যোগসূত্রের কথা জানার পর তাঁর সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হলাম। ভাবছিলাম থিসিস জমা দিয়ে তাঁকে বাসায় দাওয়াত দেব। তার আগে তিনি নিজেই আমাকে কফির আমন্ত্রণ জানালেন।
১৫ অক্টোবর বেলা একটায় দেখা হওয়ার কথা। ঠিক একটায়ই এলেন তিনি। ৬২ বছরের কেন হ্যালি। তবে আর সবার মতো পায়ে হেঁটে নয়, হুইলচেয়ার ঘুরিয়ে। তাঁকে চেনার কোনোই কারণ ছিল না, যদি না তিনি ‘হেই সালমা’ বলে চেঁচিয়ে না উঠতেন। মনের বিস্ময় গোপন করে দাঁড়িয়ে টেবিলের পাশের একটা চেয়ার সরিয়ে তাঁর হুইলচেয়ারকে জায়গা করে দিচ্ছিলাম। যদিও তিনি আমার চেয়েও দ্রুত হাতে তা করে ফেলেছিলেন। আমার পছন্দ জেনে নিয়ে আমাকে দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে কফির অর্ডার করার জন্য মুহূর্তের মধ্যে তিনি কাউন্টারে চলে গেলেন। তারপর আলাপ শুরু।
কফির অর্ডার দিয়ে ফিরে এসে কেন প্রথম চমকটা দেখালেন। তাঁর বিশাল নোট খাতাটার ভেতর থেকে লালচে হয়ে যাওয়া একটা ক্যাশমেমো বের করেন তিনি। ১৯৮৩ সালের জুনে ঢাকায় নেমে অগ্রণী ব্যাংক বিমানবন্দর শাখা থেকে ডলার ভাঙিয়েছিলেন, তার রসিদ। এরপর শুরু করেন ৩২ বছর আগে তাঁর দেখা বাংলাদেশের কথা। জুনের ভয়াবহ গরমের পর তিনি বললেন তাঁর দেখা সেরা বৃষ্টির কথা, যখন তিনি ছিলেন পার্বত্য চট্টগ্রামের কোনো এক গ্রামে। এক সপ্তাহের বাংলাদেশ সফরে কেনের সবচেয়ে ভালো লেগেছিল সাধারণ মানুষের সারল্য আর আন্তরিকতা।
আরও বিস্মিত হলাম যখন জানলাম, সাহসী এই সাংবাদিকের বাংলাদেশের সঙ্গে যোগাযোগ সেই ১৯৭১ সাল থেকেই। আমাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে মেলবোর্নে থেকে তিনি একাত্মতা প্রকাশ করেছিলেন সেই একাত্তরে।

মেলবোর্ন, ১৯৭১
কেন বলতে শুরু করেন। ৪ ডিসেম্বর, ১৯৭১। মেলবোর্ন শহরের ব্যস্ত এলাকা সোয়ান্সটন স্ট্রিট আর ফ্লিনডারস স্ট্রিট ইন্টারসেকশন। সেদিন কয়েক শ মানুষ সেখানে মিলিত হয়েছিলেন পূর্ব পাকিস্তানিদের ওপর পশ্চিম পাকিস্তানি অপশাসন আর গণহত্যার প্রতিবাদ জানাতে। সেই প্রতিবাদ সভায় সেদিন শামিল হয়েছিলেন তখনকার ১৭ বছরের কিশোর কেন হ্যালি। কেনের ভাষায়, ‘এই প্রতিবাদ সভা ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল সেদিন। কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল রাজপথের ব্যস্ততা।’ ওই সময়ের কোনো ছবি আছে কি না, জানতে চাইলে ‘কেন’ রসিকতা করেন, ‘তখনকার দিনে আমরা টিনএজাররা তো আর ফেসবুক-টুইটারে নিত্যদিনের ঘটে যাওয়া বিষয়গুলোকে ধরে রাখতে পারিনি। তবে একটা কিছু আমরা করছি (উই আর ডুইং সামথিং)-এ রকম একটা উন্মাদনা অনুভব করছিলাম। আমার ক্লাসের অনেক বন্ধুও ছিল সেদিন আমার সঙ্গে।’ আজ থেকে ৪৪ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় নয় হাজার কিলোমিটার দূরের মেলবোর্নে বসে কেন ও তাঁর বন্ধুরা কেমন করে শুনতে পেলেন বাঙালির সংগ্রামের কথা? ইতিহাসের শিক্ষার্থী হিসেবে আরও কিছু খোঁড়াখুঁড়ি করার আশায় আবারও মুখোমুখি হই কেনের। বাকি কথা শোনা যাক কেনের মুখেই।
তিনি বলছিলেন, ‘১৯৭১ সালটা ছিল আমাদের উচ্চমাধ্যমিকের শেষ বছর। আমাদের ইংরেজির শিক্ষক রিচার্ড গেডস ছিলেন একজন মানবতাবাদী আর রাজনীতি সচেতন মানুষ। প্রায়ই তিনি আমাদের উৎসাহ দিতেন রাষ্ট্রের প্রতিক্রিয়াশীল আচরণের বিরুদ্ধে প্রশ্ন তুলতে। তাঁরই অনুপ্রেরণায় সমকালীন পৃথিবীর ঘটনাপ্রবাহ নিয়ে বেশ খোলাখুলি আলোচনা হতো আমাদের ক্লাসে। ভিয়েতনাম যুদ্ধ আর বাংলাদেশের স্বাধিকার আন্দোলন নিয়ে তখন অনেক কথা বলতাম আমরা। তা ছাড়া মেলবোর্ন থেকে প্রকাশিত খবরের কাগজগুলোও আমাদের ভাবনা আর বিতর্ককে আরও শাণিত করত বলে আমি মনে করি।’
বিশেষ করে দ্য এইজ এবং ক্যানবেরা থেকে প্রকাশিত দ্য ক্যানবেরা টাইমস-এ নিয়মিতভাবে পূর্ব পাকিস্তানিদের সংগ্রামের কথা প্রকাশিত হতো। খবরের পাশাপাশি মতামত পাতায় সম্পাদকীয় ও উপসম্পাদকীয়তে প্রায়ই অনেক প্রবন্ধ নিবন্ধ ছাপা হতো।

একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের পক্ষে জড়ো হয়েছিলেন যে গুটিকয় অস্ট্রেলিয়ান, সাংবাদিক কেন হ্যালি তাঁদের একজন।


কেন বলে যান, ‘একাত্তরের মার্চে যখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে আন্দোলনের ডাক দেওয়া হলো, আমি গর্বের সঙ্গে বলতে চাই, আমরা বন্ধুরা কিন্তু একটুও অবাক হইনি। মনে হচ্ছিল, এমনই তো হওয়ার কথা ছিল। আমরা সবাই দারুণ উত্তেজিত ছিলাম সেই সময়। আন্দোলনের ফলাফল নিয়েও আমরা ছিলাম অনেক আশাবাদী। তারই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বরের প্রতিবাদ সভায় যোগ দেওয়াটা কোনো হুজুগ মাত্র ছিল না। সত্যি বলতে কি, বাংলাদেশিদের মুক্তিসংগ্রামে পূর্ণ সমর্থন আর একাত্মতা প্রকাশের সুযোগ পেয়ে অনেক গৌরববোধ করছিলাম সেদিন।’
কেনের কথা শেষ হয়নি তখনো। আমি নির্বাক দর্শক। কাঁপুনি টের পাচ্ছি বুকের ভেতর। কিছু একটা কচকচ করছে চোখের ভেতর। আবেগের স্রোতে তথ্য না ভেসে যায়, এই ভেবে নিজেকে ধরে রাখার চেষ্টা করছিলাম। আমাদের গৌরবময় মুক্তিসংগ্রামকে নিয়ে কেন হ্যালি উপসংহার টানেন এই বলে, ‘বিংশ শতাব্দীর শেষার্ধের সবচেয়ে বীরোচিত আন্দোলনগুলোর একটা বাঙালির স্বাধিকার আন্দোলন। সাহস, বুদ্ধিমত্তা আর ধৈর্যের অপূর্ব মেলবন্ধন ছিল এই সংগ্রামে, সেই সঙ্গে আত্মাহুতির পালা তো ছিলই। একমাত্র বিজয়ই ছিল এর অনিবার্য পরিণতি।’

দ্য ক্যানবেরা টাইমস-এ প্রকাশিত আমাদের বিজয়ের খবর
দ্য ক্যানবেরা টাইমস-এ প্রকাশিত আমাদের বিজয়ের খবর

গল্পের শেষে ছবি তোলার অনুমতি চাইলে হাসি মুখে রাজি হয়ে গেলেন কেন হ্যালি। বললেন, ‘আমি তাহলে বিখ্যাত হতে চলেছি।’ আমি হাসি, ‘আপনি তো বিখ্যাতই। আমারই আপনাকে চিনতে দেরি হয়ে গেল।’ ঠিক তাই, অস্ট্রেলিয়ার সাংবাদিকতার ইতিহাসে কেন হ্যালি একটি স্বতন্ত্র নাম। যিনি গতানুগতিক ধারায় সাফল্যের পেছনে না ছুটে ঘুরে বেড়িয়েছেন বিশ্বজুড়ে। বাংলাদেশসহ এ পর্যন্ত ১৩২টি দেশ দেখা হয়ে গেছে তাঁর। তাঁর হুইলচেয়ারের ছাপ পড়েছে দুই-তৃতীয়াংশ দেশের মাটিতে (হুইলচেয়ারে আসীন হয়ে পথচলা শুরু সেই ১৯৯১ সালে)। কাজ করেছেন বিশ্বের নামকরা অনেক কাগজে। নিজ শহর মেলবোর্নের দ্য এইজ-এর সংসদীয় প্রতিনিধি ছিলেন দীর্ঘদিন। এরপর নানা সময় কাজ করেছেন এথেন্স, হংকং আর জোহানেসবার্গে। কাজ করেছেন নিউইয়র্কের দ্য টাইমস, লন্ডনের সানডে টাইমস, অবজারভার, বাহরাইনের দ্য গালফ ডেইলি নিউজ, ওমানের দ্য ডেইলি অবজারভার, চীনের দ্য সাউথ চায়না মর্নিং, হংকংয়ের দ্য পোস্ট-এও কর্মরত ছিলেন তিনি।
তাঁর লেখা আলোচিত বই ই–মেইলস ফ্রম দ৵ এজ, আ জার্নি থ্রো ট্রাবলড টাইমস।
বর্ণাঢ্য এই জীবনে কারাভোগসহ আরও অনেক প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়েছিলেন কেন। তারপরও তিনি এখনো দাপিয়ে বেড়ান দেশ থেকে দেশান্তরে। আবারও যেতে চান বাংলাদেশে।
লেখক: পিএইচডি গবেষক, সুইনবার্ন ইউনিভার্সিটি অব
টেকেনালজি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া।