নগরের সব বিপণিকেন্দ্রে এখন উৎসবের আমেজ। অফিসপাড়া খ্যাত আগ্রাবাদ এলাকার আখতারুজ্জামান সেন্টার ও লাকি প্লাজায়ও চলছে কেনাকাটার উৎসব। সকাল থেকে ভোররাত পর্যন্ত ক্রেতার ভিড়ে গম গম করছে বিপণিকেন্দ্র দুটি। শেষ মুহূর্তের কেনাকাটা, তাই মহাব্যস্ত ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষ। আখতারুজ্জামান সেন্টার: এই বিপণিকেন্দ্রে দ্বিতীয় তলায় থান কাপড় আর শাড়ি, তৃতীয় তলায় প্রসাধনী সামগ্রী, জুয়েলারি ও জেন্টস টেইলার্স। চতুর্থ তলায় জুতা, থ্রি-পিস ও শিশুদের পোশাকের সম্ভার এবং পঞ্চম তলায় রয়েছে ফুড কোর্ট আর ইলেকট্রনিকস সামগ্রী। সবচেয়ে বড় ব্যাপার, বিপণিকেন্দ্রের নিচতলায় রয়েছে কিডস কর্নার। আনন্দ-উল্লাসে শিশুরা সময় কাটায় এখানে, আর কেনাকাটা সেরে নেন মা-বাবা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গিয়ে দেখা যায়, নিচতলায় চলছে মেহেদি উৎসব। মেয়েরা নিজেদের পছন্দমতো আলপনা করে নিচ্ছেন হাতে। কথা হয় চাকরিজীবী মো. নিজাম হোসেনের সঙ্গে। স্ত্রী ও সন্তানকে নিয়ে বাজার করতে এসেছেন তিনি। তিনি বলেন, ‘আগে কেনাকাটার জন্য নিউমার্কেট কিংবা সেন্ট্রাল প্লাজা যেতে হতো। এখন আর সেই ঝক্কি নেই। তবে দামটা অনেক বেশি মনে হচ্ছে।’লিমা শাড়িজ-এর স্বত্বাধিকারী মো. ইউনুচ বলেন, পাঁচ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা দামের শাড়ি পাওয়া যচ্ছে। তবে জামদানি শাড়ির চাহিদা এবার একটু বেশি। এখানেও বিভিন্ন বাহারি নামে বিক্রি হচ্ছে মেয়েদের থ্রি-পিস। দাম পড়বে চার হাজার থেকে ২০ হাজার টাকা। পাঞ্জাবি এক হাজার ৫০০ থেকে পাঁচ হাজার টাকা এবং শিশুদের পোশাক ৩০০ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এখানে চলছে ঈদ বিক্রয় উৎসব। ২০০ টাকার পণ্য ক্রয়ে ক্রেতারা পাবেন একটি কুপন। রয়েছে মোটরসাইকেলসহ ছয়টি পুরস্কার। লাকি প্লাজা: লাকি প্লাজায় ক্রেতাদের ভিড় তৈরি পোশাক ও শাড়ির দোকানে। তিনতলার এই বিপণিকেন্দ্রে নিচের তলায় থান কাপড় আর শাড়ির দোকান, দ্বিতীয় তলায় রয়েছে জুয়েলারি, থ্রি-পিস ও প্রসাধনসামগ্রী এবং তৃতীয় তলায় রয়েছে টেইলার্স, ব্যাগ ও জুতার দোকান।গত বৃহস্পতিবার কেনাকাটার সময় কথা হয় গৃহিণী সায়রা খাতুনের সঙ্গে। তিনি বলেন, এবারের বাজার বেশ চড়া। তাই বাজেটের সঙ্গে তাল মিলিয়ে কেনাকাটা করতে হিমশিম খেতে হচ্ছে। নিচতলার জমজম শাড়ি মহলের স্বত্বাধিকারী ইকবাল আহমেদ জানান, এবার এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৫০০ টাকার শাড়ির ক্রেতা বেশি। তবে তিন থেকে পাঁচ হাজার টাকার শাড়ির বিক্রিও কম নয়। সিল্ক, জর্জেট, স্টেপ কাতান, শিপন এসব শাড়ি বেশি চলছে। শাড়ির জমিনে কাজের ওপর নির্ভর করছে মূল্য। হাতের কাজ যত বেশি, মূল্যও তত বেশি। এখন লাকি প্লাজায় সকাল ১০টায় বিক্রি শুরু হয়ে চলছে রাতে সেহরির আগ পর্যন্ত। লাকি প্লাজায়ও চলছে ঈদ বিক্রয় উৎসব। ৩০০ টাকার পণ্য ক্রয়ে ক্রেতারা পাবেন একটি কুপন। রয়েছে মোটরসাইকেলসহ মোট ৩৫টি পুরস্কার।