কেনাকাটা জমেছে স্যানমারে
দোকানগুলোতে উপচে পড়া ভিড়। চলছে পোশাক বাছাই আর দরদাম। ব্যস্ত ক্রেতা-বিক্রেতা। কেনাকাটার ফাঁকে প্রশস্ত খোলা প্রাঙ্গণে চলছে আড্ডা। টানা চার দিনের হরতালের পর গত শুক্রবার বিকেলে এমনই ছিল স্যানমার ওশান সিটির চিত্র। নগরের নাসিরাবাদ সড়কের অভিজাত এই বিপণিকেন্দ্রে এখন জমজমাট ঈদের কেনাকাটা। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত শ্রেণীর ক্রেতারা আসছেন ভালো মানের পোশাক, জুতা আর অলংকারের খোঁজে। বন্ধু-বান্ধবীদের সঙ্গে আসা কিশোর-তরুণদের ভিড়টা একটু বেশিই। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে আসছেন সব বয়সী নারী-পুরুষ। বিপণিকেন্দ্রের নিচতলায় ছেলেদের পোশাকের জয়জয়কার। শুরুটা শৈল্পিক দিয়ে। শৈল্পিকের পাশে আরও আছে ম্যানজ, ক্যাটস আই, ঢাকা ডাইং, মুন ওয়াকার আর ক্রোকোডাইলের মতো সব ব্র্যান্ড। শুক্রবার বিকেলে শৈল্পিকে ভিড় ছিল সবচেয়ে বেশি। ক্রেতাদের আগ্রহ ছিল ঈদের পাঞ্জাবি ঘিরে। পাশাপাশি বিক্রি হচ্ছিল ফতুয়া, শার্ট, প্যান্টও। এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা দামের পাঞ্জাবির বিক্রি ছিল বেশি। এখানকার এক বিক্রয়কর্মী বলেন, প্রতিদিন আমাদের কালেকশনে নতুন পোশাক যোগ হয়। ঈদে নতুন আর অন্য রকম নকশার খোঁজে থাকেন ক্রেতারা। তাই ক্রেতারাও নিয়মিত আসেন। বিপণিকেন্দ্রের দ্বিতীয় তলায় আছে বেশ কিছু গয়নার দোকান। ওফেলিয়া, দুল আর অ্যারাবিয়ানের মতো দোকানগুলোতে শুধুই নারী ক্রেতাদের আনাগোনা। এখানে বিভিন্ন অলংকারের দাম ৫০০ থেকে ১০ হাজার টাকা।এবারের ঈদে মেয়েদের পছন্দ লম্বা কামিজ। দ্বিতীয় তলার শখ, সাজ, ফেইম, আপন ফেব্রিকস আর চন্দ্রছায়ার মতো দোকানগুলোতে সব নতুন ডিজাইনের কামিজ শোভা পাচ্ছে। এক হাজার ২০০ টাকা থেকে পাঁচ হাজার টাকায় মিলছে লম্বা কামিজ। এখানে ক্রেতা নুজাত সাইমা বলেন, ‘এবার ট্রেন্ড লম্বা কামিজ। বান্ধবীরা মিলে তাই ঈদের দিন লম্বা কামিজ পরার সিদ্ধান্ত নিয়েছি। ’ ঈদে অনাবিল আনন্দ শিশুদের। তাই আগে সন্তানদের পোশাকের খোঁজে আছেন মা-বাবা। তৃতীয় তলায় নিধি ও মি. প্রাইম আর দ্বিতীয় তলায় আকর্ষণের মতো দোকানগুলোতে শুধুই বাচ্চাদের পোশাক। স্ত্রী আর ছয় বছরের রাফসানকে নিয়ে ঈদের পোশাক কিনতে এসেছিলেন মিজানুর রহমান। তিনি বলেন, বাচ্চা নিয়ে গরমে ধাক্কাধাক্কি করে অন্য কোথাও কেনাকাটা করা সম্ভব না। তাই এখানে আসা। চতুর্থ তলায় লিভাস, আর্টস ল্যান্ড আর ম্যান হুডের মতো দোকানে বিক্রি হচ্ছে ছেলেদের পোশাক।