কেনাকাটা জমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর বাজার মাত করেছিল মাসাককলি। এবারও কদর কমেনি মাসাককলির, তবে নতুন যোগ হয়েছে সোহানা, আক্সারা। পিছিয়ে নেই মাই নেম ইজ খান। এসেছে শাকিরা। জানালেন সানমার ওশান সিটির সুদর্শিনীর মালিক জসিম উদ্দিন। ঈদের এখনো অনেক বাকি, কিন্তু ফ্যাশনে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে রমজানের শুরুতেই। ঈদবাজারে এখনই ভিড় খুব একটা নেই, তবে নানা বয়সী মানুষ ঢু মারছেন, একনজর দেখে নিচ্ছেন পছন্দের পোশাকটি। কেউ কেউ হিসাব কষছেন কোন পোশাকে মানাবে কেমন। ওশান সিটির সংগীতা বুটিকসের স্বত্বাধিকারী মো. শাকিল জানান, ‘বাহারি নামের ভারতীয় পোশাকের পাশাপাশি তরুণীদের কাতানের থ্রিপিসের প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে। সাধারণত ১৫ বা ২০ রোজার পর তাঁরা দেশি কাপড় কেনা শুরু করেন।’ বিপণিকেন্দ্রের পাশাপাশি বুটিক হাউসের পোশাকও আকৃষ্ট করছে ক্রেতাদের। মিয়াবিবির ডিজাইনার সুলতানা নুরজাহান বলেন, ‘আমরা বরাবরই দেশি কাপড়কে প্রাধান্য দিই। নরসিংদী ও টাঙ্গাইলের তাঁত, ধুপিয়ান ও বলাকা সিল্কের কাপড় পাঞ্জাবি, শাড়ি ও ফতুয়াতে ব্যবহার করেছি। কাপড়ের ওপর কারচুপি, হ্যান্ডপ্রিন্ট, অ্যাম্ব্রয়ডারি, হ্যান্ডস্টিচ, সিকুয়েন্স ও ব্লকের কাজ থাকায় তরুণ-তরুণীদের বেশ সাড়া পাচ্ছি।’ গরমের জন্য সুতি, হালকা সিল্ক ও পাতলা কাপড়কে বেশি গুরুত্ব দিচ্ছে শৈল্পিক। কম্পিউটার অ্যাম্ব্রয়ারি, হ্যান্ড অ্যাম্ব্রয়ডারি, ব্লক ও কারচুপি, স্কিন প্রিন্ট ও হ্যান্ডস্টিচের কাজ করা পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট ও শাড়ি ভালো বিক্রি হচ্ছে। ডিজাইনার এইচ এম ইলিয়াছ জানান, ‘কাপড়ে ম্যাটালের ব্যবহার দিন দিন বাড়ছে এবং সবাইকে তা আকর্ষণ করছে।’ এবারই প্রথম পাঞ্জাবি বিক্রি করছে পিনন। পাঞ্জাবির মূল উপকরণ দেশি কাপড়, মিশ্র কাপড় ও ধুপিয়ান। এ ছাড়া আছে টাঙ্গাইলের বুটি শাড়ি, সিল্ক, অ্যাম্ব্রয়ডারি ও অ্যাপ্লিকের কাজ করা জামদানি ও সুতি জামদানি। পাঞ্জাবি ও শাড়ির পাশাপাশি সালোয়ার-কামিজ, লম্বা ও খাটো ফতুয়াও বিক্রি হচ্ছে। সেন্ট্রাল প্লাজা ও টেরিবাজার গজ কাপড়ের জন্য বিখ্যাত। সুতি, কাতান, শিফন, অরগ্যান্ডি, নেট, জর্জেট ও মসলিনের গজ কাপড় চলছে সমানতালে। ইউনেস্কো শপিংমলের গজ কাপড়ের দোকান গার্ডেনে সাকিরা, মোগল-এ-আজম, ও তাঞ্চি কাতানের গজ কাপড় পাওয়া যাচ্ছে ৬০০-৭০০ টাকায়। প্রতিজ্ঞা ও জাবুলানি পোশাক তিন-চার হাজার টাকায়, চুন্দ্রি ও বাটিকের পোশাক আট থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। চুমকি বুটিকসের স্বত্বাধিকারী আনিসুর রহমান লিটন জানান, ‘এবার কাপড়ের মূল আকর্ষণ পাড়। সুতি, কাতান, অ্যাপ্লিক ও অ্যাম্ব্রয়ডারির কাজ করা কাপড়ের ওপর অতিরিক্ত পাড় বসানো পোশাক বেশ জমবে।’ হ্যান্ড প্রিন্ট, অ্যাপ্লিক, ঢাকাই জামদানি, ব্লক জামদানি ও টাঙ্গাইলের সুতি শাড়ি নিয়ে পসরা সাজিয়েছে ‘সৃষ্টি’। শাড়ির পাশাপাশি আছে সুতি ও আদ্দি কাপড়ের পাঞ্জাবি।নোঙরের মূল আকর্ষণ রাজশাহীর বলাকা সিল্ক ও জয়শ্রী সিল্কের লম্বা ঝুলের পাঞ্জাবি। খাটো পাঞ্জাবিতে তাঁরা ব্যবহার করছেন তাঁত, সুতি, আদ্দি কটন ও এন্ডি কটন। এ ছাড়া কটন সিল্ক ও হাফসিল্কের শাড়িও বেশ সাড়া জাগিয়েছে। এবার রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশনে সেরাদের সেরার একটি সালসাবিল বুটিক হাউস। ডিজাইনার মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমাদের ৮০ শতাংশ পোশাক দেশি। এবার মসলিন, সফুরা সিল্কের ওপর জারদৌসি ও অ্যাম্ব্রয়ডারির কাজ করা পাঞ্জাবির চাহিদা বেশি।’