বিদেশ-ফেরত মোস্তাফিজুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ফটিকছড়ি থেকে চট্টগ্রামে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন গতকাল। নিউমার্কেট (বিপণিবিতান) ও রিয়াজ উদ্দিন বাজার ঘুরে পরিবারের সবার জন্য কেনাকাটা করেন তিনি। ফেরার সময় বললেন, ‘বিদেশ থেকে এসেছি মাস খানেক হয়। বেশি কিছু আনতে পারিনি। এখন পরিবারের বায়না ঈদের কেনাকাটা করতে শহরে এসেছি। চারদিকে ভিড়। যে মার্কেটে যাই, সেখানেই ভিড়।’নগরের যেসব বিপণিকেন্দ্র এক মাস আগেও খাঁখাঁ করত, যেসব ফুটপাত ফাঁকা ছিল, সেই সব স্থানও এখন লোকে লোকারণ্য। কারও হাতে নতুন পোশাকের প্যাকেট, কেউ দরদামে ব্যস্ত, আবার কেউ পছন্দের পোশাকটি নিজের করে নিতে সচেষ্ট।উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত—সব শ্রেণীর বেশির ভাগ মানুষই এখন মার্কেটমুখী। বিক্রেতারাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত। নিত্য নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন তাঁরা। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, জুতা, গয়না ইত্যাদির নিত্য নতুন সমাহার প্রতিটি মার্কেটে।নগরের ঐতিহ্যবাহী বিপণিকেন্দ্রের (নিউমার্কেট) বিশাল ফ্যাশনের স্বত্ব্বাধিকারী আবদুল লতিফ বলেন, ‘এখন আমাদের মার্কেট রাত একটা পর্যন্ত খোলা থাকে। যতই দিন যাচ্ছে, ততই বাড়ছে ক্রেতার সংখ্যা।’একইভাবে পাশের রিয়াজ উদ্দিন বাজার ও তামাকুমন্ডি লেইনের বিপণিকেন্দ্রগুলোও বিকিকিনিতে সরগরম। এসব কেন্দ্রে মূলত মধ্যবিত্তদের ভিড় সবচেয়ে বেশি। ব্যবসায়ীরা বলেন, গত সপ্তাহে বৃষ্টি থাকায় ঈদবাজার সেভাবে জমজমাট ছিল না। এখন ওই ধারা কাটিয়ে উঠেছে। এখন থেকে প্রতিদিনই ক্রেতার সংখ্যা বাড়ছে। সাধারণত ইফতারের পর ক্রেতাসমাগম বেশি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান। একইভাবে উচ্চবিত্তদের মার্কেট বলে খ্যাত সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট ও আফমি প্লাজার দোকানিরাও ব্যস্ত হয়ে পড়েছেন পণ্য বিক্রিতে। রাত দুইটা পর্যন্ত বিকিকিনি চলে এখানে। নগরের নাসিরাবাদ এলাকার বাসিন্দা গৃহবধূ ইশরাত সানমার থেকে বের হওয়ার মুখে গতকাল বিকেলে বলেন, ‘এই মার্কেট শীতাতপ নিয়ন্ত্রিত। দাম একটু বেশি হলেও মান ভালো। এখন কেনাকাটা শুরু করেছি মাত্র। আবার আসতে হবে। অন্য মার্কেটেও যাব।’আফমি প্লাজায় সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে দেশি দশ নামের বুটিক প্রতিষ্ঠানগুলোতে।বিদেশি পোশাকের বাজারের এই যুগে দেশীয় বুটিকগুলো ঈদের বাজারে উল্লেখযোগ্য একটি অবদান রেখে চলেছে বলে জানালেন ডিজাইনার আইভি হাসান। তিনি বলেন, ‘এখন আমাদের বুটিক হাউসগুলো বেশ ভালো কাজ করছে। লোকজনের আগ্রহ দেখে সেটা বোঝা যায়। তা ছাড়া কোনো প্রতিষ্ঠানের ঈদ পর্যন্ত অবসর নেই।’ তবে বুটিক হাউসের পোশাকগুলো মধ্যবিত্ত ও উচ্চবিত্তের জন্য। নিম্নবিত্তরা এসবের নাগাল পায় না। তাই বলে তারাও বসে নেই। নগরের ফুটপাত কিংবা জহুর হকার্স মার্কেটে এই শ্রেণীর মানুষের ভিড় লেগেই রয়েছে। নিউমার্কেটের সামনের ফুটপাত, স্টেশন রোড, আগ্রাবাদ, ইপিজেড এলাকার ফুটপাতে পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এসবের মূল ক্রেতা নিম্নবিত্ত শ্রেণীর লোকজন।তবে ফুটপাতের ঈদবাজার সবচেয়ে বেশি জমেছে নগরের ইপিজেড, বন্দরটিলা বাজার ও আশপাশের এলাকায়। পোশাকশ্রমিকের সংখ্যাধিক্যের কারণে এসব স্থানে ফুটপাতকেন্দ্রিক বাজারের কদর বেশি।