কেনাকাটায় বৈশাখের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল-সাদা শাড়ি পরে মোড়ের পাশে হাসি হাসি মুখখানা নিয়ে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে মেয়েটি। অবশ্য শুধু সে নয়, পাশে রয়েছে পাঞ্জাবি, সালোয়ার-কামিজ পরা আরও অনেকে। একটি বাচ্চাকেও দেখা গেল তাদের সঙ্গে। নগরের জিইসি মোড়ে পয়লা বৈশাখ উপলক্ষে ক্রেতা আকৃষ্ট করতে পুতুলের (ম্যানিকিন) গায়ে বৈশাখের জামা পরিয়ে এভাবেই সেজেছে বিভিন্ন ফ্যাশন ও বুটিক হাউস।আর মাত্র এক দিন পরই পয়লা বৈশাখ। এ উপলক্ষে কেনাকাটাও শুরু হয়েছে এরই মধ্যে। বিশেষ দিনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে বুটিক হাউস ও জামা-জুতার দোকানগুলোতে ভিড় করছেন তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্করাও।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা রিতা ও নাজমা মণি গতকাল বুটিক হাউসগুলোতে ঘুরছিলেন শাড়ি পছন্দ করতে। নাজমা বলেন, ‘এবার এত সুন্দর শাড়ি এসেছে যে কোনটা ছেড়ে কোনটা নেব, ভেবে পাচ্ছি না। শাড়ি তো নিলামই, তার সঙ্গে মিলিয়ে গয়না ও জুতা নিলাম দুজনে। পয়লা বৈশাখে বন্ধুরা মিলে শাড়ি, পাঞ্জাবি পরে ক্যাম্পাসে জম্পেশ আড্ডা দেব, ঘুরব, মজা করব।’নগরের প্রবর্তক মোড়ের আফমি প্লাজার দেশি দশে ঘুরে দেখা গেল বৈশাখী উৎসব ঘিরে বিশাল আয়োজন। প্রতিটি শোরুমই আকর্ষণীয় নকশার পোশাক দিয়ে সাজানো। অঞ্জনস, রঙ, নাগরদোলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, প্রবর্তনা, বাংলার মেলা, কে ক্রাফটের নিজস্ব ডিজাইনারদের তৈরি শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, ছোটদের পোশাকে অপরূপ রূপে সাজিয়েছে তারা। এ ছাড়া জিইসি মোড়ে অঞ্জনস, সৃষ্টি, নোঙরের শোরুম রয়েছে। বৈশাখী জামা, শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া ছাড়াও এসব বুটিক হাউসে রয়েছে মাটি ও ধাতুর তৈরি বিভিন্ন দামের এবং নকশার গয়না।দরদাম: সৃষ্টির তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম জানান, পয়লা বৈশাখে সব সময়ই লাল-সাদার প্রাধান্য থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। মেয়েদের ফতুয়া ৩৯০-৭৫০, ছেলেদের ৪৪০ থেকে ৭৫০ পর্যন্ত। পাঞ্জাবি ৪১০ থেকে দুই হাজার ১৫০ পর্যন্ত, সালোয়ার-কামিজ এক হাজার থেকে দুই হাজার ৫৫০ টাকা। মসলিন, টাঙ্গাইল, সুতির ব্লক, সুতির ওপর তুলিতে আঁকা, সেলাইবিহীন থানশাড়ি পাওয়া যাচ্ছে বিভিন্ন নকশার। মসলিন তিন থেকে সাত হাজার, টাঙ্গাইল ৪৯০ থেকে পাঁচ হাজার, সুতির ওপর ব্লক ৬৯০ থেকে এক হাজার ৬৫০, হ্যান্ডপেইন্ট এক হাজার ২০০ থেকে এক হাজার ৬৫০, সেলাইবিহীন থান কাপড় ৮৭০ থেকে এক হাজার ৬৭০ টাকা পর্যন্ত।চট্টগ্রামে জিইসি মোড় এবং আফমি প্লাজায় দেশি দশের দুটি শাখায় এবার বৈশাখী আয়োজনে শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ ও ছোটদের জন্য বিভিন্ন নকশার জামা এসেছে। অঞ্জনসে ছেলেদের পাঞ্জাবি ৫৯০ থেকে দুই হাজার ৭৫০ টাকা, ফতুয়া ৩৫০ থেকে এক হাজার ৫৫০, মেয়েদের ফতুয়া ৩৫০ থেকে এক হাজার ১৫০ টাকা, মসলিন তিন হাজার থেকে ছয় হাজার ৯৯০, টাঙ্গাইল ৫০০ থেকে ৮৪০ টাকা, সুতির ব্লক প্রিন্ট ও হাতের কাজ করা শাড়ি পাওয়া যাবে ৭৫০ থেকে এক হাজার ৮৫০ টাকা পর্যন্ত। পোশাকের পাশাপাশি অঞ্জনসে রয়েছে মেটাল, রুপার ওপর গোল্ড প্লেটেড ও অ্যান্টিকসের গয়না। এ ছাড়া চুড়ি, বালা, কানের দুল বিভিন্ন দাম ও ডিজাইনের পাওয়া যাবে।চট্টগ্রামের বুটিক হাউস শৈল্পিকও এবারের বৈশাখী আয়োজনে রেখেছে আকর্ষণীয় সব ফতুয়া, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, টি-শার্ট। ছেলেদের ফতুয়া ৫৫০ থেকে ৮৫০ টাকা, মেয়েদের ৬২০ থেকে এক হাজার ৭৮০ টাকা, সালোয়ার-কামিজ ৯৫০ থেকে চার হাজার ৮০০ টাকা, টি-শার্ট ২৮০ থেকে ৫৮০ টাকা পর্যন্ত।বিবিয়ানার মূল বৈশিষ্ট্য হাতের কাজ। শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া সব ধরনের কাপড়েই হাতের কাজের ছোঁয়া পাওয়া পাবে। বৈশাখ উপলক্ষে মসলিন, রেশমি কাপড় এবং হাফসিল্ক, কাতানের ওপর হাতের কাজ করা রিকশার নকশাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানালেন শাখা ব্যবস্থাপক শাহনাজ আকবর। এ ছাড়া এখানে ধাতুর তৈরি আদিবাসী ও পশ্চিমা ধাঁচের অলংকার নিয়ে আসা হয়েছে।