কেনাকাটায় সুরধ্বনির প্রভাব

কোথাও কেনাকাটা করতে গেছেন। সেখানে মৃদুস্বরে কোনো গান বাজতে থাকলে নিশ্চয়ই আপনি বিরক্ত হবেন না। সেটা আপনার প্রিয় কোনো গান হতে পারে, অথবা হয়তো অচেনা কোনো সুর। যুক্তরাজ্যের গোল্ডস্মিথ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক খুঁজে বের করেছেন এমন কিছু সুর বা সংগীত, যেগুলো ক্রেতাদের কাজে আসবে। এসব সুরধ্বনির প্রভাবে তাঁরা যেমন সঠিক সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত হবেন, একইভাবে ভুল এড়িয়ে যেতে পারবেন।
ইন্টারনেটভিত্তিক কেনাবেচায় মার্কিন বহুজাতিক নিলাম প্রতিষ্ঠান ই-বে এবং গোল্ডস্মিথ বিশ্ববিদ্যালয় যৌথভাবে ওই গবেষণা পরিচালনা করে। গবেষকরা কয়েকটি বিশেষ ধরনের শব্দ চিহ্নিত করেন, যা অনলাইনে কেনাকাটার সময় তুলনামূলক ভালো সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তাঁরা দেখতে পান, ফুটবল খেলার ধারাভাষ্য, ক্রেতাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তার জন্য রেস্তোরাঁর হইচই এবং রেডিওতে পছন্দের গানের সুর ইত্যাদি অনুষঙ্গ ইতিবাচক ভূমিকা রাখে। অন্যদিকে শিশুদের কান্নাকাটি, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) শব্দ এবং গাড়ির শব্দদূষণ প্রভৃতি মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে।
অনলাইনে দুই হাজার ক্রেতাকে ওই গবেষণার আওতায় আনা হয়। গোল্ডস্মিথ বিশ্ববিদ্যালয়ের ভোক্তা-আচরণ বিশেষজ্ঞ প্যাট্রিক ফ্যাগন বলেন, অনলাইনে কেনাকাটায় কিছু বিশেষ ধরনের শব্দ ইতিবাচক ভূমিকা রাখে। আবার এ সময় কিছু শব্দ এড়িয়ে যাওয়া উচিত। কেনাকাটার সময় মৃদু গানের সুর সাধারণত একটি ভালো অনুষঙ্গ হিসেবে কাজ করে। কারণ, এতে ক্রেতার মনোযোগ ঠিক থাকে এবং তাঁরা পণ্যের গুণাগুণ যাচাইয়ে ৫ শতাংশ বেশি সফল হন। টেলিগ্রাফ।