কেন্দুয়ার দুই সংগঠন

লেখকের জন্মদিনের অনুষ্ঠান ঘিরেই এখন তাঁদের ব্যস্ততা। কেক কাটার আয়োজন থেকে সাহিত্য আড্ডা—সবকিছুই যেন গোছালো হয় তারই চেষ্টা এই তরুণদের। এমন পরিকল্পনা যাঁরা আঁটছেন, তাঁরা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ‘চর্চা সাহিত্য আড্ডা’ ও ‘হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ’ নামের সংগঠনের সদস্য। গত ৮ নভেম্বর হুমায়ূনভক্ত তরুণদের সংগঠন দুটির সদস্যদের সঙ্গে কথা বলে এমনই আঁচ পাওয়া গেল।
সংগঠন দুটির সদস্যরা বছরের বিভিন্ন সময় শিল্প-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক নানা ধরনের আয়োজন করে থাকেন। ‘সাহিত্য-সংস্কৃতির টানে, এসো মিশি প্রাণে প্রাণে’ স্লোগানে দুই বছর আগে উপজেলা সদরে ‘চর্চা সাহিত্য আড্ডা’ নামে তরুণদের উদ্যোগে সংগঠনটি গড়ে ওঠে। বর্তমানে এর সদস্যসংখ্যা ৫০। নিজেদের কার্যক্রম সম্পর্কে সংগঠনটির সমন্বয়কারী তরুণ ছড়াকার রহমান জীবন বলেন, চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে প্রতি সপ্তাহেই বৈঠকের আয়োজন করা হয়, যেখানে হুমায়ূন আহমেদের বিভিন্ন বই পাঠ করা হয়।
কেন্দুয়া ছাড়াও আশপাশের এলাকা থেকে সাহিত্যপ্রেমীরা অংশ নেন তাঁদের সাহিত্য আড্ডায়। তাঁদের নিজেদের লেখা ছড়া, কবিতা ও বইপাঠের আসর বসে। তা ছাড়া শিল্প-সাহিত্যবিষয়ক বিভিন্ন আলোচনাও চলে। আর এসব আয়োজনে সংগঠনটির সদস্যরা নিজেদের চাঁদা দিয়ে থাকেন।
২০১২ সালের ৩ অক্টোবর আত্মপ্রকাশ করে ‘হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ’। সংগঠনটির সভাপতি মো. মজিবুর রহমান জানালেন, ‘আমরা প্রতি মাসে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে আসরের আয়োজন করে থাকি। সেখানে হুমায়ূন আহমেদকে নিয়ে আলোচনা ছাড়াও তাঁর লেখা বইপাঠের আয়োজন করা হয়।’
তরুণদের এমন উদ্যোগ দেখে আশাবাদী কেন্দুয়ার সচেতন মানুষ। তরুণদের গড়ে তোলা সংগঠনের কার্যক্রম সম্পর্কে কেন্দুয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক রণেন সরকার বললেন, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নতুন প্রজন্মের কাছে আরও পরিচয় করিয়ে দিতে এবং তাঁর স্মৃতিকে ধরে রাখতে হুমায়ূনভক্ত একদল তরুণ যে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।
লেখকের স্বপ্নের স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’-এর প্রধান শিক্ষক আসাদুজ্জামান বললেন, ‘হুমায়ূন স্যারকে নিয়ে এমন উদ্যোগের জন্য তরুণদের প্রতি আমরা কৃতজ্ঞ। স্যারের জীবন, কর্ম ও স্বপ্নকে নিয়ে তরুণেরা যে প্রশংসনীয় কাজ করছে তাঁদের জন্য আমাদের বুকভরা ভালোবাসা।’