কেন্দ্র দখলের শঙ্কা বিএনপি, জাপা ও জামায়াতের প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলের শঙ্কায় রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি (জাপা)-সমর্থিত তিন প্রার্থী। তাঁদের আশঙ্কা, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্র দখলের চেষ্টা করবেন। অবশ্য প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
নির্বাচনে আনোয়ারায় তিনটি পদেই তিনজন করে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে রয়েছে আওয়ামী লীগ-সমর্থিত তৌহিদুল হক চৌধুরী (দোয়াত-কলম), বিএনপির জালাল উদ্দিন আহমেদ (কাপ-পিরিচ) ও জাপার আমির আহমদ খান (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামী লীগের মৃণাল ধর (মাইক), বিএনপির আবু তাহের (টিউবওয়েল) ও জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফরিদ উদ্দিন (তালা)। নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বিএনপির শিরিন ইয়াছমিন (কলস), আওয়ামী লীগের রেহেনা ফেরদৌস চৌধুরী (প্রজাপতি) ও আওয়ামী লীগের বিদ্রোহী মরিয়ম বেগম (পদ্মফুল)।
বিএনপি-সমর্থিত প্রার্থী জালাল উদ্দিন আহমেদ বলেন, ‘সরকার দলীয়দের নিয়ে আমি ও আমার সমর্থকেরা শঙ্কায় আছি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তারা কেন্দ্র দখলসহ ভোটারদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করবে।’ আশঙ্কার কথা বলেন জাপার আমির আহমদ খানও। তিনি বলেন, ‘শুধু আমি নই, পুরো উপজেলার ভোটাররা ভয়ে আছেন, আদৌ ভোট দিতে পারবে কি না।’ জামায়াতে ইসলামী-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ফরিদ উদ্দিনও একই কথা বলেন।
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরী বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। এখনো পর্যন্ত আনোয়ারার কোথাও কোনো সহিংস ঘটনা ঘটেনি। নির্বাচনও সুষ্ঠু হবে।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আনোয়ারার নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তা ছাড়া প্রতি কেন্দ্রে ১৪ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য থাকবেন। আর পুরো উপজেলায় দায়িত্ব পালন করবেন পাঁচজন ম্যাজিস্ট্রেট।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখ ফরিদ আহমেদ বলেন, ‘ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো কেন্দ্রে গোলযোগ হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলার ৬৬টি কেন্দ্রকেই সমান গুরুত্ব দিচ্ছি। সবগুলোই ঝূঁকিপূর্ণ আবার কোনটিই ঝুঁকিপূর্ণ নয়।’
জানা যায়, আনোয়ারায় মোট ভোটারসংখ্যা এক লাখ ৭৭ হাজার ১ জন। তার মধ্যে নারী ৮৫ হাজার ৯৩৬ ও পুরষ ৯১ হাজার ৬৫ জন। ১১ ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৬৬টি।