কেন্দ্রে দালাই লামা ও তিব্বত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক পরাশক্তি হিসেবে দিন দিনই আন্তর্জাতিক রাজনীতিতে আরও প্রভাবশালী হয়ে উঠছে ভারত ও চীন। ঐতিহ্যগতভাবে অম্লমধুর সম্পর্কের জন্য পরিচিত এ দুই প্রতিবেশীর সম্পর্ক বর্তমান প্রেক্ষাপটে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এ মুহূর্তে এই দুই দেশের সম্পর্কের কেন্দ্রে দালাই লামা ও তিব্বত। সম্প্রতি চীন সফর করেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। তাঁর পাঁচ দিনের ওই সফরে চীন সরকার আবারও তিব্বত ও দালাই লামার প্রসঙ্গটি ভারতীয় প্রতিনিধিদলের সামনে উত্থাপন করে। আর এ থেকে বোঝা যাচ্ছে তিব্বতের বিষয়টিতে চীন তার আন্তর্জাতিক কূটনীতিতে কতটুকু গুরুত্ব দিচ্ছে। বস্তুত, চীনের নীতি নির্ধারণে তিব্বত এখন একটি অবিচ্ছেদ্য বিষয়। চীন সরকার ভারতের শাসনব্যবস্থা সম্পর্কে ভালোই ওয়াকিবহাল। ভারতে রাষ্ট্রপতি মূলত একটি আলংকারিক পদ। সাংবিধানিক বা রাজনৈতিক সংকট দেখা না দিলে সাধারণত ভারতে রাষ্ট্রপতির তেমন গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা থাকে না। তার পরও রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সফরের সময় চীন সরকার কেন তিব্বতের প্রসঙ্গ তুলল?ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও এর জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘সব প্রসঙ্গই উত্থাপন করা হয়েছে এবং আলোচনা হয়েছে। তার পরও চীন আরও বড় পরিসরে আলোচনা করতে চায়। চীনের প্রধানমন্ত্রী ভারতের কাছ থেকে আশ্বাস পেতে চান, আমাদের ভূখণ্ড চীনবিরোধী কোনো কাজে ব্যবহার করা হবে না।’তিব্বতিদের আধ্যাত্মিক নেতা দালাই লামা স্বেচ্ছানির্বাসনে উত্তর ভারতের ধর্মশালা শহরে থাকছেন বহুদিন ধরেই। পঞ্চাশের দশকে তিব্বতে সরাসরি চীনা হস্তক্ষেপের পর তিনি ভারতে চলে আসেন। দালাই লামা তিব্বতিদের অধিকার নিয়ে বিশ্বজনমত আকর্ষণের চেষ্টা করে যাচ্ছেন ভারতে অবস্থান করেই। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স সম্প্রতি দাবি করেছে, ভারত-চীন সীমান্তের সাম্প্রতিক উত্তেজনার সঙ্গে দালাই লামার উত্তরসূরি নিয়ে বেইজিংয়ের উদ্বেগের সম্পর্ক আছে। সাময়িকীটির মে-জুন সংস্করণে বলা হয়, দালাই লামার উত্তরসূরি তিব্বতের ভারত-নেপাল-ভুটান সীমান্ত ঘেঁষা অংশ থেকে নির্বাচিত হতে পারেন। ফলে পরবর্তী দালাই লামার আরও বেশি ভারতপন্থী এবং চীনবিরোধী হওয়াটা স্বাভাবিক। ‘জিওগ্রাফি অব চায়নিজ পাওয়ার’ শিরোনামের ওই নিবন্ধে লেখক রবার্ট ডি কাপলান এই দাবি করেন।গত বছর চীন-ভারত সীমান্ত উত্তেজনা নিয়ে সংবাদমাধ্যমে বেশ কয়েকটি প্রতিবেদন ছাপা হয়েছিল। ওই সব খবরে বলা হয়, চীনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সীমান্তরেখা অতিক্রম করে ভারতীয় অংশে অনুপ্রবেশ করেছে। সীমান্তরেখা নিয়ে ভারত ও চীনের দীর্ঘদিন ধরেই মতপার্থক্য রয়েছে। সীমানারেখা নির্ধারণ নিয়ে দেশ দুটি এরই মধ্যে ১৩টি বৈঠক করেছে এবং শিগগির দুই পক্ষ আবার বৈঠকে বসার আশা করছে। ওই বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকার কথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের।এটা অস্বীকার করার উপায় নেই, দালাই লামার প্রসঙ্গটি সীমান্ত সমস্যার সঙ্গে যুক্ত। বিশেষ করে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশ রাজ্যের সীমানা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। গত অক্টোবরে অরুণাচলের ত্বাবাংয়ে দালাই লামার সফরের সময় নয়াদিল্লির কাছে এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছিল বেইজিং। কিন্তু গত অক্টোবরে থাইল্যান্ডে এক সম্মেলনে প্রধানমন্ত্রী মনমোহন সিং চীনের প্রধানমন্ত্রীকে পরিষ্কার বলে দেন, দালাই লামা ভারতের একজন সম্মানিত অতিথি এবং তিনি ভারতের যেকোনো স্থানে সফর করতে পারবেন।অরুণাচলে দালাই লামার সফরকে কেন্দ্র করে গত বছর ভারত ও চীনের মধ্যে এক ধরনের বাগ্যুদ্ধ হয়ে যায়। চীনের সংবাদমাধ্যমে অভিযোগ করা হয়, দালাই লামার পক্ষে অবস্থান নিয়ে চীনের প্রতি এক ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারত। অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষ ওই সময় দাবি করেন, দালাই লামার সফরকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের সংবাদমাধ্যম আসলে সীমানা নিয়ে বেইজিংয়ের দাবিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। অরুণাচল প্রদেশ চীন-ভারত সীমান্তের অন্যতম বিরোধপূর্ণ অঞ্চল। বেইজিং অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ হিসেবে অভিহিত করে। তাদের দাবি, পুরো অরুণাচল না হলেও ত্বাবাংয়ের অংশটুকু তাদের ফিরিয়ে দেওয়া হোক। অন্যদিকে ভারতও প্রদেশটিকে তার অবিচ্ছেদ্য অংশ বলেই মনে করে।ষষ্ঠ দালাই লামা সপ্তদশ শতকে ত্বাবাংয়ে জন্ম নেন। বর্তমান দালাই লামাও ১৯৫৯ সালে তিব্বত থেকে পালানোর পর এই এলাকা দিয়েই ভারতে আশ্রয় নিয়েছিলেন। সম্ভবত এসব কারণেই চীনের ধারণা, ত্বাবাং তাদের অধীনে এলে তিব্বতের ওপর বেইজিংয়ের কর্তৃত্বের যুক্তি আরও পোক্ত হবে।