কেন্দ্রের হস্তক্ষেপে বহুধাবিভক্ত বিএনপির নেতারা আপাতত ঐক্যবদ্ধ। ফলে নগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন-প্রক্রিয়া থেমে গেছে। এ নিয়ে স্থানীয় নেতাদের আগের মতো কেন্দ্রে তদবির কিংবা দৌড়ঝাঁপ নেই। কেন্দ্র-ঘোষিত একের পর এক কর্মসূচি নিয়ে তাঁরা ব্যস্ত হয়ে পড়েছেন।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এবং দুজন সহসভাপতি নিয়ে সংগঠনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির সদস্যসংখ্যা ১৭১ জন থাকার কথা। দুই বছরেও বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এ প্রসঙ্গে বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কমিটি তো অবশ্যই হতে হবে। তবে সব নির্ভর করছে কেন্দ্রের ওপর। এই মুহূর্তে সরকারবিরোধী আন্দোলন নিয়ে আমরা ব্যস্ত আছি। তবে সব কটি আন্দোলন কর্মসূচিতে আমাদের সব নেতা একমঞ্চে এসে শামিল হয়েছেন। কাউকে বাইরে রেখে কিছু করা হচ্ছে না। এ কারণে বিগত সিটি করপোরেশন নির্বাচন, চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ ও পলোগ্রাউন্ডের জনসভা এবং সর্বশেষ গণমিছিলে বিপুল মানুষের সম্পৃক্ততা আমাদের নেতা-কর্মীদের উজ্জীবিত করেছে।’প্রসঙ্গত, ২০০৯ সালের ১৬ নভেম্বর নগর বিএনপির সম্মেলন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে পণ্ড হয়। এরপর ২০১০ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্র আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি ও শাহাদাৎ হোসেনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করে। কমিটির অন্য তিনজন হলেন সহসভাপতি শামসুল আলম, দস্তগীর চৌধুরী ও আবু সুফিয়ান। এর মধ্যে দস্তগীর চৌধুরী মারা গেছেন। দলীয় সূত্র জানায়, কমিটির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শাহাদাৎ হোসেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে জমা দেন। এই তালিকায় আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের অনেক অনুসারীর নাম নেই বলে অভিযোগ ওঠে। তাঁরাও পাল্টা তালিকা তৈরি করে নোমান ও মীর নাছিরের সুপারিশ নিয়ে কেন্দ্রে জমা দেন। কেন্দ্র এ বিষয়ে আর কোনো উদ্যোগ না নেওয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া থেমে আছে। আবদুল্লাহ আল নোমানের অনুসারী হিসেবে পরিচিত নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সবুর বলেন, ‘কমিটি গঠন প্রক্রিয়া থেমে আছে বলে যা প্রচার হচ্ছে তা ঠিক নয়। নোমান ভাই খসরু ভাইয়ের সঙ্গে বসে ঐকমত্যের ভিত্তিতে কমিটি গঠন করবেন বলে শুনেছি, যাতে ত্যাগী নেতারা বাদ না পড়ে।’ সবুর আরও বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি গঠন খুব জরুরি। কমিটি না হলে সংগঠনের প্রতি নেতাদের দায়বদ্ধতা থাকবে না। তবে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। এটা ধরে রাখতে হলে পূর্ণাঙ্গ কমিটি দ্রুত গঠন করে ফেলতে হবে।’