কেন্দ্রের ফলাফল স্থগিতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে এক কেন্দ্রের ফলাফল স্থগিতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হয়েছে।নির্বাচন কমিশন কর্তৃক গঠিত তদন্তদলের (টিম) প্রধান চট্টগ্রামের অতিরিক্ত জেলা জজ এ বি এম নিজামুল হক ৬ ও ৭ মার্চ দুদিনব্যাপী এ তদন্ত কাজ পরিচালনা করেন।তদন্ত কমিশন সূত্রে জানা যায়, দুদিনে সোনাগাজী পৌরসভা নির্বাচন-সংশ্লিষ্ট প্রায় ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়। তাঁদের মধ্যে ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুখ্য বিচারিক হাকিম, নির্বাচনে রিটার্নিং ও সহকারী রির্টানিং কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তা ও সদস্য, প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের সাক্ষ্য নেওয়া হয়। তদন্ত কর্মকর্তা রোববার সোনাগাজীতে সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার ফেনী সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাক্ষ্য নেন। তদন্ত কর্মকর্তা চট্টগ্রামের অতিরিক্ত জেলা জজ এ বি এম নিজামুল হক প্রথম আলোকে বলেন, ১৯৫৩ সালের কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, সেকশন-৩-এর অধীন এ তদন্ত অনুষ্ঠিত হয়। সোনাগাজী পৌরসভার একটি কেন্দ্রে ফলাফল স্থগিতের বিষয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য এ তদন্তের ব্যবস্থা হয়েছে। ফলাফল স্থগিতের পেছনে কারণ, প্রার্থী বা অন্য কারও হস্তক্ষেপ ছিল কি না, পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসনের ভূমিকা এবং এর জন্য কারা দায়ী সে বিষয়ে সাক্ষ্য নেওয়া হয়েছে।তদন্তকালে জেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ শাহিদা আক্তার ও সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত সোনাগাজী পৌরসভা নির্বাচনে নয়টি ভোটকেন্দ্রে ভোট গণনা শেষে আটটি কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়। শুধু এনায়েত উল্লাহ মহিলা কলেজ কেন্দ্রের মেয়র পদের ফলাফল স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রের কাউন্সিলর পদপ্রার্থীদেরও ফলাফল ঘোষণা করা হয়।