কেন্দ্রের বাইরে অভিভাবকের পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে জটলা। এটা খুবই চেনা দৃশ্য। কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থী, বাইরে অভিভাবকের অপেক্ষা। তাও পুরো তিন ঘণ্টাই। যেন বাইরে বসে থাকলে সন্তান সব প্রশ্নের উত্তর দিতে পারবে—অবস্থাটা এমনই। আর এতে কম ঝক্কি পোহাতে হয় না অভিভাবকদের। বসার স্থান থাকে না। ফুটপাতেও ঘেঁষাঘেঁষি। আগত্যা রাস্তার ওপর দাঁড়িয়ে কোনো রকমে সময় পার করা। এ যেন কেন্দ্রের বাইরে অভিভাবকের পরীক্ষা!‘অভিভাবক ও পরীক্ষার্থীর কাছে এ অপেক্ষার গুরুত্ব অনেকখানি। কারণ শিক্ষাজীবনের একটা বড় পট পরিবর্তনের অধ্যায় এটি। মাধ্যমিক স্তর ডিঙিয়ে তারা উচ্চমাধ্যমিকে প্রবেশ করবে। তাই পরীক্ষার্থীর মনোবল বাড়ানো এবং প্রেরণার জন্য তাঁরা পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি দূরত্বে থাকেন।’ বললেন বেশির ভাগ অভিভাবক। ৩ ফেব্রুয়ারি সকালে এসএসসি পরীক্ষার প্রথম দিনেও সেই অপেক্ষার প্রহর গুণতে দেখা গেছে অভিভাবকদের। নগরের প্রায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রের সামনেই ভিড় জমাতে থাকেন তাঁরা। নগরের জামালখানের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়, আইস ফ্যাক্টরি সড়কে কলেজিয়েট স্কুলের সামনে সেই জটলা দেখা যায়। ফুটপাত, সড়কদ্বীপ, আশপাশের দোকানপাট ঘিরে তাঁদের সেই অপেক্ষা।নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়ের সামনে কথা হয় আব্বাস উদ্দিনের সঙ্গে। এসেছেন লালখান বাজার থেকে। বললেন, ‘ছেলেকে হলে বসিয়ে দিয়ে অপেক্ষা করছি। তার মাও আছে সঙ্গে। পরীক্ষায় ছেলের মনোবল বাড়াতেই আমরা এখানে এসেছি। তা ছাড়া ছেলে নিজেও তার সঙ্গে আসার জন্য আবদার করে আসছিল।’ ব্যাংক কর্মকর্তা আব্বাস ওই দিন ছেলের পরীক্ষার জন্য অফিস থেকে ছুটি নিয়েছিলেন। কলেজিয়েট স্কুলের সামনে অপেক্ষায় থাকা অভিভাবক নাসরিন আক্তার বললেন, ‘জীবনের এত বড় একটা পরীক্ষা এ সময়ে ছেলের কাছাকাছি থাকব না, তা কেমন করে হয়। নিজের মনকেও তো মানানো যায় না। আমি মনে করি, এ সময়ে বাবা-মা কাছে থাকলে ছেলেমেয়ের মনোবল বাড়ে। ছেলের বাবা সকালে এসে অফিসে গেছেন। আবার আসবেন পরীক্ষা শেষ হওয়ার আগে।’পরীক্ষা শেষে আবার নিজ নিজ পরীক্ষার্থীকে খুঁজে নেওয়ার জন্যও চলতে থকে আপ্রাণ চেষ্টা। পরীক্ষাকেন্দ্রের সামনে সবাই হুমড়ি খেয়ে পড়েন। সেই জনস্রোত থেকে বাবা-মা অথবা স্বজনদের খুঁজে পেতে পরীক্ষার্থীকেও হতে হয় গলদঘর্ম। খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ে এ রকম অবস্থায় পড়ে বেশ হতচকিত হয়ে পড়তে দেখা গেছে বেশ কিছু পরীক্ষার্থীকে। প্রায় কাঁদো কাঁদো গলায় আগ্রাবাদ থেকে আসা নিলুফার সুলতানা বলল, ‘আমার আব্বুকে খুঁজছি। কিন্তু ভিড়ের জন্য আব্বুকে দেখতেই পাচ্ছি না।’ অবেশেষে বাবার খোঁজ মিললে তার কাছে জানতে চাইলাম, আব্বুকে কেন আসতে হলো? নিলুফারের জবাব ছিল এ রকম, ‘প্রথমত, হলের জায়গাটা নতুন বলে আর দ্বিতীয় কারণ হলো, আব্বু-আম্মু হলের কাছে থাকলে মনে সাহস পাই। ভয় লাগে না।’