কেপিএমে ৪ ঘণ্টা করে কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী কাগজকলে (কেপিএম) ২২ দিন ধরে দৈনিক তিন থেকে চার ঘণ্টা হারে কর্মবিরতি চলছে। শ্রমিকদের মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে কেপিএমের তিন শ্রমিক সংগঠনের ডাকে ওই কর্মবিরতি চলছে। গত ২০ ডিসেম্বর থেকে প্রতিদিন সকাল সাতটা থেকে ১০টা, কখনো কখনো বেলা ১১টা পর্যন্ত কারখানার প্রধান দুই ফটকে তালা ঝুলিয়ে রাখা হচ্ছে। ওই সময়ে কাউকে কারখানার ভেতরে যেতে দেওয়া হয় না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চলবে বলে কেপিএম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, এমপ্লয়িজ ইউনিয়ন ও ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা প্রথম আলোকে জানান।তিন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক যথাক্রমে—মাকসুদুর রহমান, মো. শাহজাহান ও মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কাজে থাকতেই শ্রমিকেরা বেশি পছন্দ করেন। কিন্তু বাধ্য হয়ে আমরা কর্মস্থল ফেলে আন্দোলন করছি। আন্দোলনের অংশ হিসেবে প্রতিদিন প্রধান ফটকের সামনে চার ঘণ্টা অবস্থান করছি। ইতিমধ্যে প্রায় আট কিলোমিটার পথ মিছিল করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছি। ভবিষ্যতে কারখানার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দপ্তর ঘেরাও এবং সড়ক অবরোধের কর্মসূচি দেওয়া হবে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।’শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ও সভাপতি মো. ইউনুছ বলেন, বর্তমান সরকার ২০০৯ সালে পে কমিশন ঘোষণা এবং বাস্তবায়ন করে। কিন্তু মজুরি কমিশন এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। মজুরি কমিশন ঘোষণার জন্য আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ও সভাপতি তৌহিদ আল মাহমুদ বলেন, ‘বিগত ২০০৯ সাল থেকে মজুরি কমিশন কার্যকর হবে বলে এত দিন আমরা আশায় বুক বেঁধে ছিলাম। কিন্তু অর্থ মন্ত্রণালয় গঠিত মজুরি কমিশন বিষয়ক কমিটি সরকারের কাছে কমিশন গঠন সংক্রান্ত যে প্রস্তাব পেশ করেছে তা কার্যকর হলে শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হবে।’এদিকে প্রতিদিন চার ঘণ্টা করে আন্দোলন চলতে থাকায় কেপিএমের সার্বিক উৎপাদনকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, শ্রমিকদের দাবি যৌক্তিক। কিন্তু তাঁদের চলমান আন্দোলনের সময় কর্মকর্তাদের কারখানার ভেতর প্রবেশ করতে না দেওয়া যুক্তিসংগত নয়।