কেপিএমের কাগজ সরকারি সংস্থার জন্য কেনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী কাগজকলের (কেপিএম) গুদাম ভর্তি অবিক্রীত কাগজ জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং অন্যান্য সরকারি সংস্থা যাতে কেনে তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান কে এইচ মাসুদ সিদ্দিকী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সব কাজে কর্ণফুলী কাগজকল উত্পাদিত পণ্য ব্যবহারের মৌখিক নির্দেশ দিয়েছেন। বিসিআইসির চেয়ারম্যান ১০ জানুয়ারি কেপিএম পরিদর্শনকালে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সিবিএ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন। সিবিএর সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান বিসিআইসির চেয়ারম্যানকে বলেন, অবিক্রীত কাগজের পাহাড় জমে কারখানার গুদাম ভর্তি হয়ে গেছে। বর্তমানে কারখানার দোতলার ফিনিশিং শাখায় থরে থরে কাগজের রিম (বান্ডিল) সাজিয়ে রাখা হয়েছে। এতে স্বাভাবিক কাজ করা যাচ্ছে না। কাগজের ভারে যেকোনো সময় দোতলার মেঝ ধসে পড়তে পারে বলেও তাঁরা আশঙ্কা করেন। কাগজ বিক্রি না হওয়ায় কারখানার শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের বেতনসহ ঠিকাদারদের পাওনা পরিশোধে অচলাবস্থা দেখা দিয়েছে বলেও জানান তাঁরা। বিসিআইসির চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী কেপিএম উত্পাদিত কাগজ পাঠ্যপুস্তক ছাপানোসহ অন্যান্য সরকারি কাজে ব্যবহার করার জন্য মৌখিক নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি পাওয়ার পর সংকট কাটানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে কেপিএমে কাগজ উত্পাদন বন্ধ রয়েছে। এতে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে সমস্যা দেখা দিয়েছে।