কেবল আদর নয় শিশুকে কাজ শেখারও সুযোগ দিন
সবকিছু শিখে কেউ জন্ম নেয় না। দিনে দিনে একটি শিশু বলতে শেখে, হাঁটতে শেখে, সামাজিকতা শেখে। অনেক কিছু শিখতে তাকে সাহায্য করতে হয়। যেমন, সঠিকভাবে দাঁত মাজা, জামা-জুতা পরা, খাওয়া, গোসল করা, শৌচাগার ব্যবহার করা ইত্যাদি। শিশুকে একেকবারে একটি করে নতুন কাজ শেখাতে হবে। সহজ কাজটি আগে শেখান। যেমন একটি ছোট খাবার প্লেট থেকে তুলে মুখে দেওয়া।দেড় দুই বছর থেকে পরিবারের সব খাবারই তাকে খেতে দিন, আলাদা রান্না করবেন না। শিশু একটি করে নতুন কাজ বা কাজের ধাপ শেখার পর তাকে উৎসাহ দিতে বা পুরস্কৃত করতে পারেন। তবে ব্যর্থতার জন্য শাস্তি দেওয়া যাবে না। অনেক বাবা-মা নিজেরাই সন্তানের সব কাজ করে দেন বা কাজের লোক দিয়ে করিয়ে নেন। আদরের আতিশয্যে আট-নয় বছর বয়স পর্যন্ত মা নিজ হাতেই সন্তানকে খাইয়ে দিচ্ছেন, অথবা তৃতীয়-চতুর্থ শ্রেণীতে উঠেও জামা-জুতো পরা বা নিজের স্কুলব্যাগটাও গোছানো শিখছে না সন্তান। একই বয়সী কাজের ছেলে ব্যাগ ফ্লাস্ক বহন করে স্কুলে পৌঁছে দিচ্ছে। এটি শিশুর ভবিষ্যতের জন্য শুভ নয় মোটেও।