কেবল তালিকায় নাম আছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অভ্যন্তরীণ উদ্বাস্তুদের তালিকা হয়েছে ১৯৯৯ সালে। তবে এই তালিকা করার মধ্য দিয়েই উদ্বাস্তুদের প্রতি এক প্রকার দায়িত্ব শেষ করেছে সরকার। এখন একবেলা খাবার জুটলেও তাদের আরেক বেলা জুটছে না। শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানির সংকট, অপুষ্টি, অভাব ও স্যানিটেশনব্যবস্থা বলতে কিছুই নেই। উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা গেছে, জরিপের মাধ্যমে ১৯৯৯ সালে অভ্যন্তরীণ উদ্বাস্তুদের তালিকা তৈরি করে সরকার। এতে সাত ইউনিয়নে সাত হাজার ৫২০ পরিবারকে তালিকাভুক্ত করা হয়। তাঁরা সবাই রাঙামাটির লংগদু, বরকল, নানিয়াচর, খাগড়াছড়ির দীঘিনালা ও পানছড়ি উপজেলার বাস্তুভিটা হারা লোকজন। বাঘাইছড়িতে আশ্রয় নেওয়া লোকজন অভিযোগ করেন, সরকার বাড়িঘর হারানো পরিবারগুলোর তালিকা করেই দায়িত্ব শেষ করেছে। আজ থেকে আট-১০ বছর আগে পুনর্বাসনের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। অধিকাংশ উদ্বাস্তু পরিবার অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্যসহ সব ধরনের নাগরিক সুযোগসুবিধা থেকে বঞ্চিত। বর্তমানে ২৫ হাজারের বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছেন । সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাজেক ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চলের গঙ্গারাম, ডুলুছড়ি ও থালছড়াসহ ২৯টি গ্রামে এসব উদ্বাস্তু লোকজন বসবাস করছেন। এ ছাড়া সাজেকসহ দুর্গম এলাকায় আরও অর্ধশতাধিক উদ্বাস্তু গ্রাম রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। এই গ্রামগুলো উপজেলা সদর থেকে ৫০-১০০ কিলোমিটার দূরে। উপজেলা সদরে পায়ে হেঁটে আসতে দুদিন সময় লেগে যায়। বর্তমানে কোনো রকমে জঙ্গলের বাঁশ, লাকড়ি ও সবজি বিক্রি করে বেঁচে আছেন তাঁরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পার্বত্য শান্তিচুক্তিতে অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসনের বিধান রাখা হয়েছে। চুক্তির ওই বিধান অনুযায়ী ভারত প্রত্যাগত শরণার্থীদের পাশাপাশি অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসনের উদ্দেশ্যে টাস্কফোর্স গঠিত হয়। ওই কমিটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও জুম্ম শরণার্থী কল্যাণ সমিতি থেকে একজন করে দুজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়। অভ্যন্তরীণ উদ্বাস্তু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ধরণীময় চাকমা প্রথম আলোকে বলেন, সমিতির পক্ষ থেকে উদ্বাস্তু লোকজনের কল্যাণে কোনো কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। তাঁরা বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসেছেন। শান্তিচুক্তির পর কেউ নিজের ভিটেমাটিতে যেতে পারেননি। এদের স্থায়ীভাবে পুনর্বাসন করা প্রয়োজন। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘সাকেজ ইউনিয়নে অধিকাংশ পরিবার অভ্যন্তরীণ উদ্বাস্তু। তাঁরা লংগদু, দীঘিনালা ও বরকল উপজেলা থেকে উদ্বাস্তু হয়েছেন। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকা হওয়ায় সরকারি সাহায্য থেকে সবসময় বঞ্চিত থাকেন তাঁরা।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘পার্বত্য শান্তিচুক্তির শর্ত অনুযায়ী ভারত প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসন করা হলেও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের করা হয়নি। দীর্ঘদিন পরও তাঁরা ভিটেমাটিতে ফিরতে পারেননি। সরকারের উচিত তাঁদের পুনর্বাসন করা। বর্তমানে বাঘাইছড়িতে হাজার হাজার অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবার জঙ্গলে মানবতের জীবনযাপন করছেন।’