কেবল বিদ্যুৎই পারে পাড়াটি বদলে দিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার লিরাগঁইপাড়ার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ম্রয়োনু মারমা দায়িত্ব পালন করতে পারছেন না। পাড়ার বাসিন্দাদের স্বাস্থ্যসংক্রান্ত নানা তথ্য জানানোর জন্য সরকারের কাছ থেকে ল্যাপটপ ও ইন্টারনেট মডেম পেয়েছেন তিনি। তবে এলাকায় বিদ্যুৎ না থাকায় এসব কোনো কাজে আসছে না। কেবল ম্রয়োনু নন, এলাকার আটটি পাড়ার কয়েক হাজার বাসিন্দা বিদ্যুতের অভাবে দৈনন্দিন কাজে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের অন্তর্ভুক্ত এই এলাকায় বাজার, সেনাছাউনি, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও কমিউনিটি ক্লিনিক থাকেলও বিদ্যুৎ নেই। ফলে প্রসার ঘটছে না ব্যবসা-বাণ্যিজের। এ ছাড়া নানা সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। লিরাগঁই পাড়ার প্রবীণ বাসিন্দা সাইনিং মারমা অভিযোগ করেন. রাজনৈতিক নেতারা বারবার আশ্বাস দিলেও এ এলাকায় বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। এলাকাবাসী প্রায় এক যুগ ধরে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে ধরনা দিলেও কোনো কাজ হয়নি। আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের সদস্য মংচউ মারমা বলেন, বিদ্যুৎ না থাকায় মোবাইল কোম্পানিগুলো নেটওয়ার্ক সম্প্রারণ করতে পারছে না। ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রও চালু করা যাচ্ছে না। তিনি বলেন, বিদ্যুৎ থাকলে বিদ্যালয়ের ছেলেমেয়েদের কম্পিউটার শেখানো যেত এবং কৃষিজমিগুলো সেচের আওতায় আনা যেত। পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ প্রকল্পের পরিচালক অতিক্রম চাকমা বলেন, লিরাগঁই এলাকাসহ বান্দরবানে বেশ কয়েকটি এলাকা বিদ্যুতায়নের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্রের শিডিউল মূল্যায়ন করা হচ্ছে। মূল্যায়নে সবকিছু ঠিকঠাক পাওয়া গেলে যথাসময়ে কাজ শুরু করা হবে।