প্রযুক্তি পাল্টে গেছে। আগের দিনের মতো এখন আর ছবি তোলার জন্য যেমন স্টুডিওতে যেতে হয় না, তেমনি ক্যামেরাতেও ফিল্ম ভরতে হয় না। ডিজিটাল ক্যামেরা এখন সবার হাতে হাতে, কখনো তা মুঠোফোনের সঙ্গে যুক্ত, কখনো আলাদা। ছবি তোলার প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে আগ্রহী এখন অনেকেই।

বর্তমানে অনেকের হাতেই শোভা পেতে দেখা যায় দামি ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা, যা ডিএসএলআর ক্যামেরা নামেই বেশি পরিচিত। ডিএসএলআর ছাড়া ভালো মানের ডিজিটাল ক্যামেরাও দেখা যায় অনেকের সঙ্গে। কেউ ছবি তোলেন শখে, কেউ পেশা হিসেবে। কিন্তু ভালো ক্যামেরা থাকলেই কি ভালো আলোকচিত্রী (ফটোগ্রাফার) হওয়া যায়?
সুন্দর হাতের লেখার জন্য কলম থাকাই যেমন যথেষ্ট নয়, ছবি তোলাও অনেকটা সে রকম। ক্যামেরা একটি যন্ত্রমাত্র। যিনি ক্যামেরার পেছনে থাকেন, তাঁর চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটে তোলা ছবিতে। আলোকচিত্রী শখের বশে ছবি তুলুক কিংবা পেশার খাতিরে, আলোকচিত্র সম্পর্কে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলে তা আরও মানসম্পন্ন হয়ে ওঠে।
বই পড়ে, ইন্টারনেট ঘেঁটে, ছবি দেখে, অভিজ্ঞ কোনো আলোকচিত্রীর সঙ্গে থেকে কিংবা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে শেখা যায় ফটোগ্রাফি। আমাদের দেশে বেশ কয়েকটি আলোকচিত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। পেশাজীবী কিংবা শৌখিন ফটোগ্রাফার—সবার ক্ষেত্রে এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে। বতর্মানে আলোকচিত্রবিষয়ক স্নাতক ডিগ্রিও প্রদান করছে এসব প্রশিক্ষণকেন্দ্র। এখন ফটোগ্রাফিক স্কুলে গিয়েই শিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন অনেকে।
আলোকচিত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান কাউন্টার ফটোর একাডেমিক প্রধান দীন মোহাম্মদ শিবলী বললেন, যেকোনো বয়সীরা আলোকচিত্র প্রশিক্ষণ নিতে পারেন। এখন অনেকেই ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিচ্ছেন। কেউ প্রতিষ্ঠানে কাজ করছেন, কেউ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। তরুণ বয়সীরা পড়ালেখার পাশাপাশি ওয়েডিং ফটোগ্রাফার (বিয়ের ছবি তোলা) হিসেবেও কাজ করছেন।
তরুণেরা এখন পড়াশোনা শেষ করার পর গতানুগতিক পেশার পেছনে না ছুটে সৃজনশীল পেশা বেছে নিচ্ছেন। এসব পেশায় নিজের দক্ষতার পাশাপাশি শৈল্পিক জ্ঞান থাকা অপরিহার্য। এ রকমই একটি পেশা হলো ফটোগ্রাফি। বতর্মানে এই পেশার যথেষ্ট চাহিদা রয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রিন্ট ও টেলিভিশন মিডিয়া। সেই সঙ্গে বাড়ছে অনলাইন পত্রিকার পরিধি। ফলে তৈরি হচ্ছে ফটোগ্রাফারদের কর্মসংস্থান।
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক পাস করেছেন আসাদুর রহমান। জানালেন, শিক্ষার্থী থাকার সময়ে ডিএসএলআর ক্যামেরা কিনে শখের বশে শুরু করেন ফটোগ্রাফি। বর্তমানে তাঁর ইচ্ছা ফটোগ্রাফিকেই পেশা হিসেবে নেওয়ার।
আসাদুর বলেন, ‘প্রথম দিকে ফটোগ্রাফির সাধারণ বিষয়গুলো ইন্টারনেট থেকে শিখেছিলাম। কিন্তু পেশাদার কাজ করার সুবিধার্থে অ্যাডভান্স ফটোগ্রাফির প্রশিক্ষণ নিয়েছি।’
ফটোগ্রাফির মৌলিক কোর্সটি মূলত ফটোগ্রাফি সম্পর্কে যাঁরা কিছুই জানেন না তাঁদের জন্য। এই কোর্সে প্রশিক্ষণার্থীদের ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা, ফ্রেমিং (কাঠামো) ও কম্পোজিশন (বিন্যাস), দিনে ও রাতে ছবি তোলার এক্সপোজার, ফ্লাশ ফটোগ্রাফি, স্টুডিওর আলোর কারিগরি এবং এক্সপোজার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
ডিপ্লোমা ইন ফটোগ্রাফি একটি পেশাদার কোর্স। এই কোর্সে অংশগ্রহণ করতে চাইলে থাকতে হবে একটি ডিএসএলআর ক্যামেরা। ফটোগ্রাফি সম্পর্কে যাঁদের সাধারণ জ্ঞান রয়েছে, তাঁরা এই কোর্সে যোগ দিতে পারেন। কোর্সে শেখানো হয় ডিজিটাল ক্যামেরা অপারেশন, সম্পাদনা, প্রোট্রে৴ট ফটোগ্রাফি, শিশুদের ছবি তোলা, মডেল ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি।
কোন কোর্সে কত ফি
পাঠশালা
বেসিক কোর্স ফি ৫ হাজার ১০০ টাকা এবং ফাউন্ডেশন কোর্স ফি ৭ হাজার ১০০ টাকা। তিন বছরের (ছয় সেমিস্টার) প্রফেশনাল ফটোগ্রাফি কোর্সের প্রতি সেমিস্টার ফি বর্তমানে ৩৫ হাজার টাকা। ঠিকানা: পাঠশালা, ১৬, শুক্রাবাদ, ঢাকা। ফোন: ৯১২৯৮৪৭।
কাউন্টার ফটো
‘অ্যালিমেন্টরি কোর্স অন ডিজিটাল ফটোগ্রাফি’ এবং ‘অ্যাডভান্স কোর্স অন প্র্যাকটিক্যাল ফটোগ্রাফি’ ফি যথাক্রমে ৪ হাজার ৫০০ টাকা এবং ৬ হাজার ৫০০ টাকা। যাঁরা পেশা হিসেবে ফটোগ্রাফিকে নিতে চান, তাঁদের জন্য রয়েছে এক বছরের ডিপ্লোমা কোর্স। ফি ৬৫ হাজার টাকা। ঠিকানা: ১৪ পূর্ব শেওড়াপাড়া, মিরপুর। ফোন: ৯০১৩০২৬, ০১৬৭৭০৬৮৭৩৫।
বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফি
বেসিক কোর্স ফি ৫ হাজার টাকা। এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ভর্তি ফি ১০ হাজার টাকা। আর প্রতি মাসে টিউশন ফি ২ হাজার টাকা। ঠিকানা: ৮৩ ল্যাবরেটরি রোড [কফি হাউসের গলি], ঢাকা। ফোন: ০১৭১৬৬৬৩৭৫৭।
ঢাকা ফটোগ্রাফি ইনস্টিটিউট
বেসিক ফটোগ্রাফি কোর্স ফি ৩ হাজার টাকা, ভিডিও কোর্স ফি ১০ হাজার টাকা এবং ডিপ্লোমা কোর্স ফি ২০ হাজার টাকা। ঠিকানা: সাহেরা ট্রপিক্যাল সেন্টার [ষষ্ঠ তলা], ২১৮ এলিফ্যান্ট রোড, ঢাকা। ফোন: ৯০১৪২১৩, ০১৮১৯২৮৫৫৮৪।
ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস)
ডিইউপিএসে ফটোগ্রাফির ওপর তিন মাসের বেসিক কোর্স ফি ৩ হাজার টাকা। প্রশিক্ষণ কোর্সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, তাঁরাও অংশ নিতে পারবেন। ঠিকানা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র, নিচতলা।
ফোন: ০১১৯৭২৬০৫৫২-৫৪।