কেবল সাজের নয় দুঃসময়ের বন্ধুও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজের অনুষঙ্গ হিসেবে নিম্নবিত্ত বা উচ্চবিত্ত—সবারই চাই কোনো না কোনো সোনার গয়না
সাজের অনুষঙ্গ হিসেবে নিম্নবিত্ত বা উচ্চবিত্ত—সবারই চাই কোনো না কোনো সোনার গয়না

উৎসব মানেই গয়না। বিয়ে কিংবা অন্য কোনো সামাজিক উৎসবে গয়নার কদর বরাবরই। আর সোনার তৈরি গয়নার চাহিদা তো চিরন্তন। আধুনিকতার সঙ্গে যুক্ত হচ্ছে নকশায় নানান বৈচিত্র্য। বিয়েবাড়ি থেকে আত্মীয়ের বাড়ি বা বেড়াতে গেলে গয়না পরবে না নারী, এমনটি দেখা মেলা ভার। সাজের অনুষঙ্গ হিসেবে নিম্নবিত্ত বা উচ্চবিত্ত—সবারই চাই কোনো না কোনো সোনার গয়না।
গতকাল শনিবার মুঠোফোনে কথা হয় কুষ্টিয়ার গৃহবধূ নাজনীন আক্তারের সঙ্গে। জানালেন, ছোটবেলা থেকে সোনার গয়নায় সাজতে ভালোবাসতেন তিনি। বিয়ের পর মায়ের দেওয়া গয়নাগুলো প্রায়ই পরতেন।
কিন্তু এই সোনার গয়না যে সাজের জন্য নয়, জীবনেরও বড় অবলম্বন, তা ঠিক ঠিক বুঝেছিলেন নাজনীন আক্তার। সোনার গয়না দিয়ে ছেলের জীবন বাঁচালেন তিনি। জানালেন, তিন সন্তানের বড় ছেলে শিমুলের কিডনির সমস্যা ধরা পড়ে বছর তিনেক আগে। সীমিত সঞ্চয়ের সবখানিই চলে যায় ছেলের চিকিৎসায়। কিন্তু তাতেও হলো না। শিমুলের কিডনি প্রতিস্থাপন করতে লাগবে আট লাখ টাকা। কুষ্টিয়া শহর থেকে ঢাকা শহরে ছেলের চিকিৎসার জন্য থাকতে হবে ছয় মাস।
শেষে চিকিৎসার খরচ জোগাতে এ মাসের প্রথম দিকে নাজনীন আক্তার হাত দিলেন প্রায় ৩০ বছর অতিযত্নে রাখা তাঁর ১০ ভরি সোনার গয়নায়। ১০ ভরি গয়না দোকানে বন্ধক রেখে প্রায় চার লাখ টাকা নিয়ে শুরু করলেন ছেলের জীবন বাঁচানোর লড়াই। বর্তমানে ছেলে সুস্থ।
উপহার কিংবা শখের বশে কেনা সোনার অলংকার আগলে রাখেন অনেকেই। আর বছর বছর মূল্যবৃদ্ধির কারণে অনেক সময় তা দুঃসময়েরও অবলম্বন হতে পারে।
১৫ বছরে সোনার দাম বেড়েছে ৭ গুণ
২০০০ সালে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের দাম ছিল ছয় হাজার ৮০০ টাকা। বর্তমানে তা ৪৮ হাজার ৪০৫ টাকা। বেশ কিছুদিন ধরেই সোনার বাজার স্থিতিশীল। ফলে বর্তমানে সোনায় বিনিয়োগকে নিরাপদ বলেই মনে করছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম।
মনে রাখুন
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে, সে বিষয়ে কোনো মানদণ্ড নেই।