কেব্ল অপারেটিং ব্যবসায় দলাদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেব্ল অপারেটর (ডিশ) ব্যবসা নিয়ে নগরের বিভিন্ন স্থানে বিবদমান পক্ষগুলোর মধ্যে দলাদলি ও হাঙ্গামার অভিযোগ পাওয়া গেছে। এতে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছে পুলিশ প্রশাসন। জানা গেছে, চিটাগাং কমিউনিকেশনস লিমিটেড (সিসিএল) ও চিটাগাং মাল্টি চ্যানেল লিমিটেড (সিএমসিএল) বিভিন্ন এলাকায় ফিড অপারেটরদের মাধ্যমে গ্রাহকদের কেব্ল টিভির সংযোগ দিয়ে আসছে। নগর ও শহরতলিতে ১০-১৫ বছর ধরে এ দুটি প্রতিষ্ঠান ব্যবসা চালিয়ে আসছিল। কর্ণফুলী কেব্ল নেটওয়ার্ক লিমিটেড (কেসিএল) নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠানটি বাজারে আসার পর নগরের পাড়ায় পাড়ায় দলাদলি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্টার, জি ও সনি গ্রুপের বাংলাদেশের বৈধ পরিবেশক কোম্পানির ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) কে জি মোস্তফা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘কেসিএল কোম্পানি আমাদের কাছ থেকে কোনো ডিকোডার (পে-চ্যানেলের বাক্স) নেয়নি। এ তিনটি গ্রুপের ২৬টি চ্যানেল সম্প্রচার করলে সেটা অবৈধ।’টোটাল স্পোর্টস নেটওয়ার্ক লিমিটেডের বাংলাদেশের পরিবেশক কোম্পানির মহাব্যবস্থাপক সাইফুল হাসান প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের কেসিএল নামের একটি কোম্পানির আত্মপ্রকাশ হয়েছে বলে আমরা শুনেছি। ওই কেব্ল অপারেটর প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে কোনো ডিকোডর নেয়নি। তারা অবৈধভাবে আমাদের চ্যানেলগুলো পরিবেশন করছে।’ পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামে ১৭-১৮ বছর আগে কেব্ল অপারেটর ব্যবসা শুরু হয়। ওই সময় মেট্রোভিশন, সেঞ্চুরি কেব্ল ও স্টার লিংক এবং সিএমসিএল নামের চারটি প্রতিষ্ঠান ছিল। প্রথম তিনটি একীভূত হয়ে সিসিএল নাম ধারণ করে। রাজধানী ঢাকাসহ দেশের অনেক জায়গায় এ ব্যবসা নিয়ে রক্তারক্তি হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রামে এ ধরনের ঘটনা না ঘটলেও সাম্প্রতিক কিছু ঘটনায় সংহিসতার আলামত দেখা যাচ্ছে। উপপুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, যেকোনো নাগরিকের ব্যবসা করার এরপর পৃষ্ঠা ২ কলাম ৬অধিকার আছে। তবে তা হতে হবে নিয়মতান্ত্রিকভাবে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট পক্ষগুলো নিয়ে বৈঠকের আয়োজন করব। সমঝোতা না মানলে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।জানা গেছে, সমপ্রতি রাজনৈতিক পরিচয় ও দাপট দেখিয়ে কেব্ল সংযোগ দেওয়া নিয়ে নগরের লালখান বাজার, হালিশহরের সরাইপাড়া ও মনসুরাবাদ এবং পতেঙ্গার কাঠগড়, নারিকেলতলাসহ বিভিন্ন এলাকায় হাঙ্গামার খবর পাওয়া গেছে। এ নিয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও পাল্টা ডায়েরি হওয়ার খবর পাওয়া গেছে। খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘কেব্ল সংযোগ লাগানো নিয়ে আমার থানায় জিডি হয়েছে। আসলে হানাহানিতে না জড়িয়ে সমঝোতার ভিত্তিতে সবার ব্যবসা করা উচিত।’সিসিএলের পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ বেলাল এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘১৪-১৫ বছর ধরে আমরা সরকারি নিয়ম মেনে কেব্ল অপারেটর ব্যবসা করে আসছি। সরকারকে আমরা প্রতি বছর বিপুল অঙ্কের টাকা রাজস্ব দিচ্ছি। স্বচ্ছতার সঙ্গে আমাদের ব্যবসা চলছে। সম্প্রতি একটি কেব্ল অপারেটর কোম্পানি আত্মপ্রকাশ করে চট্টগ্রামে। এ প্রতিষ্ঠানটি কেব্ল ব্যবসায় হানাহানি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। নগরের পাড়ায় পাড়ায় পরিস্থিতি উত্তপ্ত করছে তাঁরা। আর পে-চ্যানেল পরিবেশনের বৈধ অনুমতিও তাঁদের নেই বলে আমরা শুনেছি।’ সিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, ব্যবসা করার অধিকার সবার আছে। কেসিএল নামের একটি প্রতিষ্ঠান কেব্ল ব্যবসা করার বিটিভির অনুমতিপত্র (লাইসেন্স) পেয়েছে। তবে যে প্রক্রিয়ায় বিভিন্ন অপারেটরদের সংযোগ দেওয়ার কথা তারা সেই নীতি মেনে চলছে না বলে তিনি অভিযোগ করেন। দুই অপারেটর কোম্পানির অভিযোগ অস্বীকার করে কেসিএলের পরিচালক দিদারুল আলম প্রথম আলোকে বলেন, ‘সরকার থেকে অনুমতি নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি। দুটি প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে। আর আমরা পারব না—তা হতে পারে না।’ সরকারি প্রজ্ঞাপনের বরাত দিয়ে দিদার বলেন, ‘গ্রাহকদের পছন্দ অনুযায়ী সংযোগ দিতে পারবে অপারেটরেরা। তবে কেউ সীমানা নির্ধারণ করতে পারবে না। একইভাবে গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে সংযোগ দেওয়া যাবে না।’ তিনি এ-ও বলেন, ‘চট্টগ্রামে ৬০ শতাংশ ফিড অপারেটরের বৈধ অনুমতিপত্র (লাইসেন্স) নেই। চট্টগ্রামের বেশির ভাগ ফিড অপারেটর অবৈধভাবে ব্যবসা করছে। আমরা বৈধ অপারেটর নিয়োগ নিয়ে এ ব্যবসা সম্প্রসারণ করতে চাই।’