কেমন আছে তারা তিনজন
বেলা তিনটা। তখনো রোদের দাপট। পার্কের অনেক প্রাণী বিশ্রামে। কেউ বেষ্টনীর ভেতরে থাকার ঘরে, কেউ গাছের ছায়ায় শুয়ে-বসে। কিন্তু পার্কের বন্য প্রাণী হাসপাতালের পশ্চিম দিকের কক্ষটিতে দেখা গেল ভিন্ন চিত্র। এই কক্ষের তিন বাসিন্দার বিশ্রাম নেই, সারাক্ষণ কিছু না কিছু করতে ব্যস্ত। তারা তিনজন—জুঁই, জ্যোতি ও জয়। তিন ভাইবোন। ছয় মাস আগে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা এই তিন ব্যাঘ্র-শাবক এখন পরিণত হওয়ার পথে। ভালোই কাটছে তাদের দিন।২১ এপ্রিল পার্কের হাসপাতালে তিন ব্যাঘ্র-শাবকের কক্ষের সামনে যেতেই হুংকার। লোহার বেষ্টনীর ফাঁক গলে থাবা বের করার চেষ্টা। এতক্ষণ নিজেদের নিয়ে ব্যস্ত থাকা তিনজন আগন্তুক দেখেই একসঙ্গেই শুরু করে লাফালাফি। পরক্ষণে পার্কের লোকজনকে দেখে কিছুটা স্থির। তা-ও নজর রাখছে আগন্তুকের ওপর। পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান জানান, গত বছরের ১৩ অক্টোবর এই তিন ব্যাঘ্র-শাবককে পার্কে হস্তান্তর করা হয়। স্বাভাবিক বিকাশ ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পার্কে হস্তান্তরের পর তাদের খাদ্য হিসেবে দেওয়া হতো পুষ্টিকর দুধ রিপ্লেসার ও নিউট্রি-প্লাস জেল। পাশাপাশি সুস্থ থাকতে নিয়মিত দেওয়া হতো টিকা। এখন তারা পরিণত হওয়ার পথে। প্রতিটি শাবককে দিনে চার কেজি করে মাংস দেওয়া হয়। তাদের দৈহিক গঠনও সঠিকভাবে হচ্ছে। বর্তমানে একেকটির ওজন ৪৮ থেকে ৫৫ কেজি।জানা গেছে, গত বছরের ১১ জুন ঢাকার শ্যামলী এলাকার একটি ফ্ল্যাট থেকে র্যাবের অভিযানে বাঘের এই তিন ব্যাঘ্র-শাবক উদ্ধার করা হয়। পাচারের জন্য সুন্দরবন থেকে তাদের আনা হয় ঢাকায়। উদ্ধারের পর বন বিভাগের তত্ত্বাবধানে বন্য প্রাণী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে।এরপর এই তিন শাবককে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বন্য প্রাণী কেন্দ্রের টিস্যু কালচার ল্যাবে নিবিড় পর্যবেক্ষণে লালন পালন করা হয়। পরে বিশেষজ্ঞ কমিটির দিকনির্দেশনায় ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে স্থানান্তর করা হয়।মোস্তাফিজুর রহমান বলেন, শাবকগুলো আরও একটু বড় হলে পার্কের পরিবেশে তাদের শিকার ধরার উপযোগী করে তোলা হবে। কারণ, নিজে শিকার ধরতে না পারলে বনে ফিরলে তাদের বেঁচে থাকা কঠিন হবে। এগুলোকে কোথায় নেওয়া হবে, সেই সিদ্ধান্ত হবে আগামী ছয় মাসের মধ্যে। তাদের সর্বশেষ ঠিকানা গাজীপুর সাফারি পার্কে হতে পারে।