কেমন আছেন প্রতিবন্ধীরা
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের একটি ইউনিয়নের নাম নাটুয়ারপাড়া। ২০ মে নাটুয়ারপাড়ার দক্ষিণ রেহাইশুরিবের ও খাসশুরিবের গ্রামে যখন পা রাখলাম, তখন সকাল। লোকজন যাঁর যাঁর কাজে ব্যস্ত। কেউ ছোট ছোট দোকান খুলে বসেছেন, কেউ করছেন ঘরের কাজ। নাটুয়ারপাড়া চরে প্রতিবন্ধীর সংখ্যা তিন শতাধিক। বাড়ির আঙিনায়, দোকানে পরিবারের সদস্যদের সঙ্গে ওই প্রতিবন্ধীদেরও দেখা গেল। তবে তাঁরা বসে নেই, কাজে হাত লাগাচ্ছেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে।
চর এলাকার বেশির ভাগ মানুষই দরিদ্র। প্রতিবন্ধীরা অধিকাংশই জন্মগত এবং চলাফেরায় অক্ষম। ছোটবেলা থেকে বিভিন্নভাবে চিকিৎসা করা হলেও সুফল মেলেনি বেশির ভাগের বেলায়। প্রতিবন্ধীদের অভিভাবকদের মধ্যে খাসশুরিবের রাশেদা খাতুন, রীনা বেগম ও সোনেকা খাতুন জানান, জাহিদুল হাসান ছিলেন বলেই আজ তাঁদের জীবনে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। এই তরুণ তাঁদের পাশে আছেন সুখে–দুঃখে। তাঁর সহযোগিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন জনপ্রতিনিধির দেওয়া সাহায্য থেকে হুইলচেয়ার, নগদ অর্থ ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন অনেকেই।
নাটুয়ারপাড়া গ্রামের সালেহা বেগম, শাহনাজ বেগম, ইসমত আরাদের মতো বেশির ভাগ অভিভাবক আগে জানতেনই না তাঁদের সন্তানদের জন্য কী করতে পারেন! জাহিদুলই তাঁদের জানিয়েছেন কী করা যায়, কী করা উচিত নয়। তাঁর কল্যাণেই মিলছে স্থানীয়দের সহযোগিতা। প্রতিবন্ধীদের জন্য নানা রোগের চিকিত্সা হচ্ছে, হচ্ছে লেখাপড়ার ব্যবস্থা।
প্রতিবন্ধীদের একজন অভিভাবক সালেহা বললেন, ‘আমাদের ছেলেমেয়েদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিলে আরও ভালো হতো। এরা বসে না থেকে কাজ করলে সবার জন্যই ভালো।’ দক্ষিণ রেহাইশুরিবের গ্রামের প্রতিবন্ধী সজীব এখন স্কুলে যায়। স্বপ্ন দেখে নিজের পায়ে দাঁড়াবে, ‘চলাফেরায় কিছুটা অসুবিধা হলেও স্কুলে যাচ্ছি। লেখাপড়া করছি। আমি এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ছি। প্রতিবন্ধী হিসেবে সরকারি যে ভাতা পাই, সেটা দিয়েই লেখাপড়া চলছে। আমার মতো আরও কয়েকজন স্কুলে লেখাপড়া করছে। আমরা চাই ভালো কিছু করতে।’
কাজীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম বললেন, ‘উপজেলায় প্রায় সাড়ে চার হাজার প্রতিবন্ধী রয়েছে। এর মধ্যে কেবল নাটুয়ারপাড়ার চরাঞ্চলেই আছে প্রায় ২ হাজার ২০০ প্রতিবন্ধী। স্থানীয় লোকজনের সহযোগিতায় বিভিন্ন সময়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এঁদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করার বিষয়ে আলোচনা চলছে। জাহিদুল হাসান স্বপন খুব ভালো কাজ করছেন। এক–দুজন প্রতিবন্ধীর জন্য নয়, তিনি কাজ করছেন চরের সব প্রতিবন্ধীর জন্য। স্বপন কাজটি করছেন নিরলসভাবে, নিজ উদ্যোগে। সে জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই।’