কেমন আছেন রজার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজার গোয়েন
রজার গোয়েন

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রজার কেমন আছেন? গত বৃহস্পতিবার লন্ডন থেকে টেলিফোনে এমন প্রশ্ন করতেই একদম প্রমিত বাংলায় রজার বললেন, ‘এখন বৃদ্ধ হয়ে গেছি, চাইলেও আর তেমন কিছু করতে পারি না।’ জানালেন গ্লস্টারশায়ারে একাই বসবাস করেন। মানবতার সেবায় দেশে দেশে ছোটা এই ব্যক্তি কখনো নিজের সংসারধর্ম নিয়ে ভাবেননি। রজার জানান, তাঁর এক বোন আছে, ভাগনি আছে। আর আছে অনেক বাঙালি বন্ধু। যাঁরা সব সময় তাঁর খোঁজখবর রাখেন। বর্তমানে তিনি প্রতিদিন সকালে উঠে নিজের জীবনের অভিজ্ঞতা লেখেন। এর পাশাপাশি ইংরেজি থেকে সিলেটি ভাষার একটি অভিধান লেখারও কাজ করছেন। যার একটি খণ্ড আগেই বেরিয়েছে। দুপুরে গ্রন্থাগারে গিয়ে ইন্টারনেটে কাজ করেন। বিকেলের সময়টা নিয়ম করে হাঁটেন।
রজার জানান, ১৯৭৫ সালের পর বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফিরে তিনি বার্মিংহামে স্মল হিথে প্রায় ২০ বছর বসবাস করেন। ওই এলাকায় তখন অনেক বাংলাদেশির বাস ছিল। বাংলাদেশিদের চিঠিপত্র লিখে দিয়ে তাদের সরকারি সেবা পেতে নানা ফরম পূরণ করে তাঁর সময় কাটত। ১৯৭৮ সালে স্থানীয় বাংলাদেশিদের প্রচেষ্টায় গড়ে ওঠা ‘বাংলা স্কুলে’ তিনি বাংলা পড়াতেন। কেবল শনিবার বিকেল বেলা এই স্কুল চলত।
রজার বলেন, ১৯৯৬ সালে তিনি হঠাৎ খবর পান যে তাঁর মা অসুস্থ। মায়ের সেবা করার জন্য তিনি স্মল হিথ ছেড়ে গ্লস্টারশায়ারে পাড়ি জমান। অসুস্থ মা আর সুস্থ হননি। ২০০২ সালে তাঁকে ছেড়ে যান। এরপর বাবার দেখাশোনা করতে হলো তাঁকে। ২০০৭ সালে বাবাও মারা গেলেন।
রজার বাংলা থেকে ইংরেজি অনুবাদের কাজ করছেন। হুমায়ূন আহমেদের জোছনা ও জননীর গল্প তিনি ইংরেজি অনুবাদ করেন। তাঁর বইগুলো আমাজনে (www.amazon.com) পাওয়া যাচ্ছে।
এখনো সব সময় বাংলাদেশের খোঁজখবর রাখেন জানিয়ে রজার বলেন, বাংলাদেশের ভালো খবর শুনে তাঁর আনন্দ হয়। তবে তাঁর আফসোস আগের নিরিবিলি ঢাকা এখন আর নেই। অনেক কিছুই হারিয়ে গেছে। অপরিকল্পিত উন্নয়নগুলো দেখে তাঁর খারাপ লাগে।