কেমন এই প্রবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হে আমার প্রবাসজীবন

ব্যথা আর দুঃখ দিয়ে ভরেছ এই মন,
এরই সাথে করেছ আমার আনন্দ হরণ।

একদিন পথহারা পথিকের বেশে
সুখ নামে পাখিটাকে ধরতে যে এসে,
তোমাকেই আপন ভেবে করেছি বরণ।

অভিবাসন যেন এক মায়া মরীচিকা
মহাশূন্যে ভাসা কোনো কৃষ্ণ নীহারিকা,
শিকলবিহীন ক্রীতদাসদের আমন্ত্রণের ধরন।

কখনো বা বাসে চেপে কখনো হেঁটে হেঁটে
আট ঘণ্টা কাজ আর কামলা খেটে খেটে,
ব্যথার ভারে ন্যুব্জ হয় নিজের দুটি চরণ।

হপ্তা শেষে হাতে যখন পে চেকটি পাই
ডলার কটা দিয়ে তখন পাস্তা, নুডলস খাই,
ফ্যামিলিকে দিতে পারছি না পোষণ না ভরণ।

শিক্ষা কিংবা যোগ্যতার এক অদ্ভুত অজুহাতে
ব্যর্থ হই ভালো কোনো চাকরি জোগাতে,
ড্রাইভার হয়ে করি তখন ট্যাক্সি ক্যাবের স্মরণ।

ছেলে-মেয়ে শিক্ষা নিয়ে বড় যদি হয়
আশা করি দুঃখ তখন ঘুচবে নিশ্চয়,
রিপোর্ট কার্ডের গ্রেড দেখে হয় হৃদয়ে রক্তক্ষরণ।

কেমন এই প্রবাস আর কেমন এই জীবন
কষ্ট আর দুঃখতেই ভরে থাকে মন,
কবে যেন ডেকে ওঠে শাশ্বত মরণ।

রানা টাইগেরিনা
টরন্টো, কানাডা