ফ্রান্সের একদল বিজ্ঞানী একটি বিশেষ ফুল শনাক্ত করেছেন। এটি দেখতে শাপলার মতো। তাঁদের দাবি, এটিই আদি ফুল বা এখনকার সব ফুলের উত্তরসূরি।
১৪ কোটি বছরের পুরোনো ফুলটি উভলিঙ্গ। এই উদ্ভিদের কোনো জীবাশ্ম বা ফসিল মেলেনি। তবে বিজ্ঞানীরা একগুচ্ছ তথ্য-উপাত্ত ঘেঁটে ফুলটির একটি আদল দেওয়ার চেষ্টা করছেন। এই ফুলের ক্রমবিকাশ জানাটা আজকের পৃথিবীর ইতিহাস নিরূপণের জন্য গুরুত্বপূর্ণ।
আদি ফুলের ফসিল খুব কমই পাওয়া যায়। এ কারণেই এদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের অভাব আছে। প্যারিস-সাউথ ইউনিভার্সিটির গবেষক আর্ভ সকে ও তাঁর সহযোগীরা ফুলটির একটি নমুনা বানিয়েছেন। পুনর্গঠিত ফুলটির একটি নমুনা ছবি নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা লিখেছেন, এখনকার কোনো কোনো ফুলের সঙ্গে সাদৃশ্য থাকলেও আদি ফুলটির হুবহু বৈশিষ্ট্যের কোনো জীবন্ত প্রজাতি আর টিকে নেই। অ্যানজিওস্পার্ম ফুল এখনো ক্রমবিকাশমূলক জীববিদ্যার সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়।
যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক জ্যাসন হিলটন বলেন, আদি ফুলটির গঠন ও বিন্যাস রীতিমতো হেঁয়ালিপূর্ণ।