কেমন ছিল বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে বাড়ি যাওয়ার অভিজ্ঞতা

করোনাকাল আমাদের কত অদ্ভুত অভিজ্ঞতাই না দিচ্ছে! এ বছর ঈদে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব বাসে শিক্ষার্থীদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছে। ক্যাম্পাসের চেনা বাসে চড়ে চেনা গন্তব্যে যাওয়ার এই নতুন অভিজ্ঞতা কেমন ছিল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যতিক্রম এই যাত্রা নিয়ে ভিডিও তৈরি করেছি

মিথিলা খাতুন, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ছোটবেলা থেকেই ছবি তোলার প্রতি আমার আগ্রহ আছে। বিশ্ববিদ্যালয় থেকে যখন নিজস্ব বাসে বাড়ি ফেরার ব্যবস্থা করা হলো, ভাবলাম ব্যতিক্রম এই যাত্রা নিয়ে একটা ভিডিও তৈরি করলে কেমন হয়? ১৬ জুলাই রাজশাহী থেকে আমাদের বাস রওনা হয় রংপুরের উদ্দেশে। পুরো যাত্রায় আমি ছোট ছোট ভিডিও করেছি। আর শেষে সবগুলো ভিডিও এক করে একটা ছোট্ট ভিডিও বানিয়ে তুলে দিয়েছি ফেসবুকে। সবাই আমার ভিডিওর খুব প্রশংসা করেছে। তবে মূল প্রশংসা আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রাপ্য। আমাদের বাড়ি যাওয়ার সুবিধার্থে সুন্দর একটা উদ্যোগ নিয়েছিল তারা। এত দিন পর সবার সঙ্গে দেখা। তাই বলে বাসে আমরা খুব বেশি হইচই করিনি। কারণ, বিশ্ববিদ্যালয় থেকে নির্দেশনা ছিল—চালকের মনোযোগ নষ্ট হয়, এমন কিছু করা যাবে না। আমরা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম।

লাল বাস চড়েছি আবার

আশিকুজ্জামান, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আমার বাড়ি রংপুর। পড়ালেখার জন্যই রাজধানীতে থাকা। করোনার কারণে স্নাতকোত্তর পরীক্ষা আটকে আছে। এরই মধ্যে কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করল। তাই অন্য অনেকের মতো আমিও ঢাকায় চলে আসি। লকডাউন শুরু হওয়ায় আর বাড়ি ফিরতে পারছিলাম না। এমনকি ফেরার টিকিটও সংগ্রহ করতে পারিনি। এই পরিস্থিতিতে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রকল্যাণ দপ্তর আগ্রহী শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করে। পরে তা যাচাই-বাছাই করে শিক্ষার্থীদের গন্তব্য অনুযায়ী রুট নির্ধারণ করা হয়। ক্যাম্পাস থেকে সবার স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বাস ছাড়ে আট বিভাগের বিভিন্ন জেলার প্রধান শহরগুলোর উদ্দেশে। ১৯টি দ্বিতল বাসসহ মোট ৪৮টি বাসে আমরা যে যাঁর বাড়ি ফিরেছি। বিশ্ববিদ্যালয়ের লাল বাসে চড়ে বাড়ি ফেরার এই অনুভূতি অন্য রকম।

শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়
ছবি: প্রথম আলো

ঈদের আগেই ঈদের আনন্দ

জি এম ইকবাল মাহমুদ, শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়

বন্ধু, সহপাঠীদের সঙ্গে দেখা হয়নি কত দিন! বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের বাসে আমাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করল বলেই আবার অনেক দিন পর অনেকের সঙ্গে দেখা হলো। ক্যাম্পাস থেকে একসঙ্গে সবগুলো বাস ছাড়ে ১৫ জুলাই সকাল আটটায়। যারা বাসের যাত্রী হয়েছে, তারা তো বটেই, আশপাশের অনেক শিক্ষার্থীও চলে এসেছিল সবার সঙ্গে দেখা করতে। কত দিন পর ক্যাম্পাসে এতগুলো পরিচিত মুখ, একটা উৎসবমুখর পরিবেশ পেলাম! মনে হচ্ছিল ঈদের আগেই বুঝি ঈদ এসে গেছে। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো ছাড় ছিল না। সবাই মাস্ক পরে ছিলাম। শিক্ষকেরা একে একে আমাদের সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করে বাসে উঠিয়ে দিয়েছেন। বাসে উঠেও চমক অপেক্ষা করছিল। এত বছর ধরে একসঙ্গে পড়ি, অনেকেই যে আমার এলাকা—যশোরের বাসিন্দা, আগে জানতাম না। এই যাত্রার সুবাদে জানা হলো।

আগেই সবার করোনা পরীক্ষা করা হয়েছিল

ফাহমিদ আহসান, শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আমার বাবা ব্যবসায়ী। করোনার কারণে আরও অনেকের মতো বাবার ব্যবসাতেও মন্দাভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হাতখরচের জন্য বাবার কাছে টাকা চাইতে সংকোচ হয়। তাই করোনার প্রকোপ একটু কমার পরই আমি ফিরে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের কাছে। মেসে থেকে আশপাশের এলাকায় টিউশনি করছিলাম। অনলাইনে পড়ালেখাটাও চলছিল ভালোই। কিন্তু ঈদে তো বাড়ি ফিরতে হবে। একে তো টিকিট পাওয়া কঠিন, তার ওপর টিকিটের দামও অনেক। এই দুঃসময়ে বিশ্ববিদ্যালয় যখন শিক্ষার্থীদের বাড়ি ফেরার ব্যবস্থা করল, হাঁপ ছেড়ে বেঁচেছি। বাসযাত্রার কিছুদিন আগেই আমাদের সবার করোনা পরীক্ষা করা হয়েছে। আমার বাড়ি বগুড়ায়। গোপালগঞ্জ থেকে বাড়ি পৌঁছাতে প্রায় নয় ঘণ্টা লেগে গেছে। কিন্তু যাত্রাটা আমরা উপভোগ করেছি। আমাদের সঙ্গে দুজন শিক্ষক ছিলেন। যাত্রাবিরতির সময় যখন বাস থেকে নেমেছি, তাঁরা মনে করিয়ে দিচ্ছিলেন—আমরা বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করে বাড়ি ফিরছি, অতএব আমাদের আচরণ যেন বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন না করে।

মনে হচ্ছিল শিক্ষাসফরে যাচ্ছি

রিয়াদুস সালেহীন, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

প্রস্তাবটা দেওয়া হয়েছিল ছাত্রদের পক্ষ থেকেই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আমাদের অনুরোধ রাখবে, সত্যিই আশা করিনি। কিন্তু সব মিলিয়ে আয়োজন বেশ ভালো ছিল। যত দূর জানি, শুরুতেই প্রায় সাড়ে সাত শ আবেদন জমা পড়েছিল। একেকজনের গন্তব্য একেক দিকে। সবার কথা মাথায় রেখে ‘রুট প্ল্যান’ করা তো সহজ নয়। কঠিন কাজটা বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব সুচারুভাবে করেছে। তারপরও দেখা গেল বাসে অনেকের জায়গা হয়নি। কয়েকজনকে দাঁড়িয়ে যেতে হয়েছে। কিন্তু ক্লান্ত লাগেনি একদমই। পালা বদল করে কিছুক্ষণ দাঁড়িয়ে, কিছুক্ষণ বসে আমরা গন্তব্যে পৌঁছে গেছি। সাধারণ বাসে কিন্তু এই সুবিধা পাবেন না। বিশ্ববিদ্যালয়ের বাস বলেই কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। সব তো আমরা-আমরাই! দীর্ঘ ১২ ঘণ্টার যাত্রা দেখতে দেখতে কেটে গেছে। মনে হচ্ছিল বুঝি আমরা কোনো শিক্ষাসফরে যাচ্ছি।