কেমন ছিল ১-২৫ মার্চের দিনগুলো
১ মার্চ দুপুরে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। খবর পেয়েই ছাত্র-জনতাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের হাজারো মানুষ জয় বাংলা স্লোগান দিয়ে প্রতিবাদমুখর হয়ে রাজপথে নেমে আসেন।হোটেল পূর্বাণীতে তখন চলছিল আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির বৈঠক। সেখানে সাংবাদিক-জনতার উদ্দেশে বঙ্গবন্ধু বলেন, ‘সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কঠিন সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে।’ জনতা রাজপথ মুখরিত করে তোলেন স্লোগানে, মিছিলে।বাঙালিদের মুক্তির আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে শামিল হন চট্টগ্রামের ছাত্র-জনতাও। আওয়ামী লীগের আহ্বানে ২ মার্চ চট্টগ্রামে সর্বাত্মক হরতাল পালিত হয়। বিকেলে লালদীঘির ময়দানে নগর ছাত্রলীগের সভাপতি আইয়ুব বাঙালির সভাপতিত্বে বিশাল সভায় বক্তারা ইয়াহিয়া খানের ঘোষণার তীব্র প্রতিবাদ জানান।৩ মার্চ হরতাল চলাকালে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ছাত্র-জনতার মিছিল ওয়্যারলেস কলোনির মধ্য দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় কিছু লোক মিছিলের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং বাঙালি বস্তিতে আগুন ধরিয়ে দেয়। মিছিলে গুলি এবং আগুনে পুড়ে অনেক বাঙালি মারা যান। এ ঘটনার জের ধরে বাঙালি-অবাঙালি দাঙ্গা ছড়িয়ে পড়ে দেওয়ানহাট রেলওয়ে কলোনি, টাইগারপাস, ঝাউতলা, ওয়্যারলেস কলোনি, নাসিরাবাদ ইত্যাদি এলাকায়। জানা যায়, ওই দিন শহরের বিভিন্ন জায়গায় ২০০ ব্যক্তির মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল সূত্র ওই দিন ৬০ জনের মৃত্যুর কথা স্বীকার করে। অবাঙালি ঘাতকদের এই হত্যাকাণ্ডে পাকিস্তানি আধাসামরিক বাহিনীর (প্যারা মিলিশিয়া) সদস্যরা সহায়তা করে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংঘর্ষস্থল ও হাসপাতালে গিয়ে হতাহতদের খোঁজখবর নেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী ও সেবিকারা চিকিৎসাকাজে রাত-দিন সেবা দেন। সাবেক মন্ত্রী ও শিল্পপতি এ কে খান ইয়াহিয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধুর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান। ওই দিন লালদীঘির মাঠে ছাত্র-জনতার বিশাল জমায়েত হয়। সরকার দেশের অন্যান্য দাঙ্গা উপদ্রুত এলাকার মতো চট্টগ্রামেও সান্ধ্য আইন (কারফিউ) জারি করে।৪ মার্চও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে হরতাল পালিত হয়। শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষে মৃত্যু ঘটে ১৭ জনের। ৫ মার্চ হরতাল শেষে ছাত্রলীগ-শ্রমিক লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয় লালদীঘির মাঠে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আলোকে চট্টগ্রামেও শুরু হয় সংগ্রাম পরিষদ গঠন ও অসহযোগ আন্দোলনের তীব্রতা। রাজপথে তখন স্লোগান ছিল—‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ’, ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’, ‘আমার নেতা তোমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব’। চট্টগ্রামের সব সরকারি-বেসরকারি অফিস-আদালতও চলতে থাকে বঙ্গবন্ধুর জারি করা নির্দেশ অনুযায়ী। ৭ মার্চ জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা কামরুন্নাহার জাফরের সভাপতিত্বে জেএম সেন হলে এক সভায় ঘোষণা করা হয় নারীসমাজ তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি মো. ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আবদুর রব বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দেন। ৯ মার্চ জেএম সেন হলে মহিলা আওয়ামী লীগের এক সভায় ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার শপথ নেওয়া হয়। ১০ মার্চ শিল্পপতি এ কে খান এক বিবৃতিতে ক্ষমতা হস্তান্তরের উপায় নিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করতে ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। ১১ মার্চ লে. জেনারেল মিঠ্ঠা খান সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের নির্দেশ দিলে তা মানতে অস্বীকার করেন বাঙালি ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদার। ১৩ মার্চ এম আর সিদ্দিকীর বাসভবনে এক বৈঠকে সর্বস্তরে সংগ্রাম কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪ মার্চ লালদীঘির মাঠে এক জনসভায় আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর দাবি মেনে নিয়ে সমূহ বিপর্যয় থেকে দেশকে রক্ষার জন্য ইয়াহিয়ার প্রতি আহ্বান জানান। চট্টগ্রাম বেতারের কর্মকর্তা-কর্মচারীরাও বাংলাদেশের স্বার্থ রক্ষায় সব রকম প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন অসহযোগ আন্দোলনের সময়। ৯ মার্চ বেতারের প্রোগ্রাম, নিউজ ও ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী-প্রতিনিধিদের এক সভায় এ অঙ্গীকার করা হয় এবং কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম বেতার কর্মচারী পরিষদ নামে একটি সংগঠন করা হয়। ১১ মার্চ এক সভায় খন্দকার নজমুল আলমকে সভাপতি ও সৈয়দ আশরাফ আলীকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় এই সংস্থার কার্যকরী পরিষদ। সভায় কেবল কিউশিট ছাড়া বেতারের সর্বস্তরে (দেশের ভেতর) বাংলা ভাষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামের শিল্পী-সাহিত্যিকেরাও গণজাগরণে অনন্য ভূমিকা পালন করেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব হাসান বলেন, ‘মার্চের প্রথম দিকে সাহিত্যিক আবুল ফজলের বাসভবন সাহিত্য নিকেতনে বুদ্ধিজীবী-সংস্কৃতিকর্মীদের এক সভায় শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিসেবী প্রতিরোধ সংঘ গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন এ আর মল্লিক, সৈয়দ আলী আহসান, ড. আনিসুজ্জামান, ড. মোহাম্মদ শাহ কোরেশী, শিল্পী রশিদ চৌধুরী, এস এম সফি, আবদুর রব, ডা. কামাল এ খান, মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ। সভায় আবুল ফজলকে পৃষ্ঠপোষক, আলী আহসানকে সভাপতি এবং মো. শাহ কোরেশীকে কো-অর্ডিনেটর করে সংগঠনের মূল কমিটি এবং সুষ্ঠুভাবে কাজ করার লক্ষ্যে কয়েকটি উপকমিটি গঠন করা হয়। সংগঠনের কার্যালয় করা হয় চট্টেশ্বরী রোডের বর্তমান চারুকলা মহাবিদ্যালয়ের জায়গায় একটি কাঁচা ঘরে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চ লালদীঘির মুক্তমঞ্চে পরিবেশিত হয় গণসংগীত ও মমতাজউদ্দীনের নাটক এবারের সংগ্রাম। ১৬ মার্চ থেকে নাটকটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ছাড়াও রাঙ্গুনিয়া কলেজ প্রাঙ্গণে প্রদর্শিত হয়।’লেখক-শিল্পী-ছাত্র-জনতার উপস্থিতিতে ১৫ মার্চের সভায় আবুল ফজল সভাপতিত্ব করেন। এতে ড. আনিসুজ্জামান, সৈয়দ আলী আহসান, মমতাজউদ্দীন আহমেদ, মাহবুবুল হক প্রমুখ বক্তব্য দেন। সভায় আবুল ফজল বলেন, ‘পূর্ব বাংলার মানুষ পশ্চিমা শক্তির কাছে মাথা নত করবে না। অন্য স্বাধীন জাতির মতো মুক্ত পরিবেশে জীবনযাপন করবে।’ চট্টগ্রামের আইনজীবীরাও আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেন এ দিন। ১৭ মার্চ ক্যাপ্টেন রফিকুল ইসলামের সার্সন রোডের বাসায় সামরিক বাহিনীর কয়েকজন বাঙালি কর্মকর্তা ক্যাপ্টেন অলি আহমদ, খালেকুজ্জমান, শমশের মোবিন, ক্যাপ্টেন হারুন এবং আওয়ামী লীগের ডা. জাফর, আতাউর রহমান খান কায়সার প্রমুখ একত্র হন। সেখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক শামসুল আলমের বাসায় গিয়ে পাকিস্তানিদের প্রতিরোধ করার কলাকৌশল নিয়ে আলোচনা করেন। এ দিন তিন দিনের সফরে চট্টগ্রাম আসেন মওলানা ভাসানী। দাঙ্গা-সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে তিনি হালিশহর হাউজিং এস্টেটের ঈদগাহ মাঠে সমাবেশে বক্তব্য দেন। এ ছাড়া মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স, শিক্ষার্থী এবং আইনজীবীরা পৃথক মিছিল করে আন্দোলনের প্রতি সমর্থন জানান। ১৮ মার্চ আওয়ামী লীগের নেতা এম আর সিদ্দিকীর সঙ্গে তাঁর লালখান বাজারের বাসায় দেখা করে বাঙালি জওয়ানদের সম্ভাব্য প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন ক্যাপ্টেন রফিক। লে. কর্নেল এম আর চৌধুরী এবং মেজর জিয়াউর রহমানকে নিজের প্রস্তুতির কথা জানান তিনি। জাতীয় লীগের সাধারণ সম্পাদক অলি আহাদ লালদীঘি মাঠে এক জনসভায় পশ্চিম পাকিস্তানি নেতাদের সঙ্গে আলোচনায় সময় নষ্ট না করে স্বাধীন বাংলার জন্য সংবিধান প্রণয়ন করতে বঙ্গবন্ধুর প্রতি আহ্বান জানান।১৯ মার্চ মওলানা ভাসানী চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে স্বাধীন পূর্ব বাংলা প্রতিষ্ঠার পাশাপাশি শেখ মুজিবের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য ইয়াহিয়ার প্রতি আহ্বান জানান।২০ মার্চ চট্টগ্রামের সরকারি প্রশাসন থেকে বলা হয় বিভিন্ন দোকান থেকে অস্ত্র, গোলাবারুদ সরিয়ে ফেলতে। খবর পেয়ে ক্ষুব্ধ জনতা এতে বাধা দেন। পরে দোকানগুলোতে দুটি করে তালা লাগিয়ে একটির চাবি আওয়ামী লীগ প্রতিনিধি ও অপরটি জেলা প্রশাসকের কাছে রাখা হয়। ২১ মার্চ পলোগ্রাউন্ড ময়দানে দেওয়া ভাষণে মওলানা ভাসানী শেখ মুজিবের দাবির প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে তা মেনে নেওয়ার জন্য ইয়াহিয়ার প্রতি আহ্বান জানান। একই দিন অস্ত্রবোঝাই জাহাজ সোয়াত চট্টগ্রাম বন্দরে ভেড়ে। কর্তৃপক্ষ নির্দেশ দিলেও শ্রমিকেরা সোয়াত থেকে অস্ত্র খালাসে অস্বীকৃতি জানান। বন্দর থেকে ষোলশহর পর্যন্ত রাস্তায় ব্যারিকেড দিয়ে শ্রমিক-জনতা প্রতিরোধ গড়ে তোলেন। ২৪ মার্চ শ্রমিক-জনতা বন্দর এলাকা ঘেরাও করেন। সামরিক কর্তৃপক্ষ বাঙালি ব্রিগেডিয়ার মজুমদারকে চট্টগ্রাম থেকে তুলে নিয়ে অবাঙালি ব্রিগেডিয়ার আনসারিকে অস্ত্র খালাস তদারকির দায়িত্ব দেয়। অস্ত্র খালাস প্রতিরোধ করতে গিয়ে পাকিস্তানিদের গুলিতে তিনজন নিহত ও চারজন বাঙালি শ্রমিক আহত হন। হতাহতদের আনার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে দুটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। কিন্তু অবরোধের কারণে সেগুলো ঘটনাস্থলের দিকে যেতে পারেনি। ২৪ মার্চ চকবাজার প্যারেড ময়দানে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে মঞ্চস্থ হয় মমতাজউদ্দীনের আরও একটি গণউদ্দীপক নাটক স্বাধীনতার সংগ্রাম। নাটকটি চলাকালে সেখানে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের চেষ্টা এবং বাঙালিদের বাধা পেয়ে পাকিস্তানিদের গুলি চালানোর খবর আসে। উত্তেজিত জনতা নাটক শেষে অস্ত্র খালাস প্রতিরোধের উদ্দেশ্যে বন্দরের দিকে ছুটে যান।২৫ মার্চ সামরিক বাহিনীর গুলিতে বন্দরসহ নগরের বিভিন্ন এলাকায় ২৩ জন বাঙালি মারা যাওয়ার খবর পাওয়া যায়। তা সত্ত্বেও সোয়াত থেকে অস্ত্র খালাস করতে না দেওয়ার ব্যাপারে জনতা অনড় থাকেন। এম আর সিদ্দিকী ও জহুর আহমদ চৌধুরী গুলিবর্ষণে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বন্দরনগর মিছিলের নগরে পরিণত হয়। লালদীঘির মাঠে বিশাল সমাবেশে বাংলাদেশের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন ছাত্র-জনতা। মার্চের উত্তাল দিনগুলোতে ১২০ আন্দরকিল্লার আওয়ামী লীগের কার্যালয়, হাজারি গলির বিনোদা ভবন, এম আর সিদ্দিকী, আখতারুজ্জামান চৌধুরী, জানে আলম দোভাষ ও জহুর আহমদ চৌধুরীর বাসভবনসহ রেস্টহাউস ইত্যাদি ছিল সারাক্ষণ সরগরম। দলীয় নেতা-কর্মীসহ স্বাধীনতাকামী নেতৃস্থানীয় ব্যক্তিরা ওই সব জায়গায় জড়ো হয়ে পরস্পর আলোচনার মাধ্যমে কৌশল নির্ধারণ করতেন। সাবেক গণপরিষদ সদস্য ও আওয়ামী লীগের নেতা আবু ছালেহ জানান, চট্টগ্রাম শহরের মেডিকেল কলেজ, নাইট কলেজ (বর্তমান সিটি কলেজ), কমার্স কলেজসহ থানা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগসহ স্বাধীনতার পক্ষের সংগঠনের শত শত কর্মীকে বন্দুক হাতে অবসরপ্রাপ্ত সামরিক ও পুলিশ সদস্যদের দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শহরের সরকারি, আধাসরকারি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সমর্থন ও সহযোগিতা দিয়েছিলেন আন্দোলন-সংগ্রামে। ২৫ মার্চ শহরের পরিস্থিতি ছিল উত্তপ্ত। জনগণের মধ্যে উদ্বেগও ছিল। সংগ্রাম কমিটির নেতারা ঢাকার সঙ্গে যোগাযোগ রাখছিলেন নানাভাবে। জনগণের মধ্যে এমন ধারণা প্রচার হতে থাকে যে যেকোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। অন্যদিকে বাঙালি ইপিআর বাহিনীর কর্মকর্তারাও তাঁদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালান পাকিস্তানি বাহিনীর সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে। তাঁদের কয়েকজন স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগও অব্যাহত রাখেন। মধ্যরাতে খবর আসে, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন। এ ঘোষণা রাত থেকেই মাইকে প্রচার করা হয় শহরে। এর পর থেকেই শুরু হয় আনুষ্ঠানিক প্রতিরোধ যুদ্ধ।