
আমাদের গ্রামে কিছু মানুষ আসত। শহর থেকে। মূলত দুই ঈদে। এই শহুরে মানুষ নিয়ে ছোটবেলায় আমাদের কৌতূহলের শেষ ছিল না। আসলে তারা কেমন। তারা কী খায়। এরা এত মোটা কেন! তারা এভাবে কথা বলে কেন? এসব বলাবলি করত গ্রামের অধিকাংশ মানুষ।
বড়দের সঙ্গে আমাদের সমবয়সীও অনেকে আসত। তাদের ১০-১৫ হাত দূরে থাকতাম। পাশে গিয়ে কথা বলার সাহস পেতাম না। তারাও যেন কেমন করে চেয়ে থাকত আমার দিকে। তারা নিজেরাই খেলত। পাড়ার কারও ডাক পড়ত না। মাছ যেমন অল্প পানিতে বেশি লাফালাফি করে, গ্রামে এসে তাদের অবস্থাও এমন হতো। আমরা দল বেঁধে তাদের কাণ্ডকীর্তি দেখতাম আর হাসতাম।
কিছুক্ষণ পরপর ‘আম্মু’, ‘আম্মু’ বলে ডাকত। ওদের মা এসে, ‘কী হয়েছে সোনা, ঝগড়া করে না বাবু—এসব বলত।’
ছেলেগুলোর ‘আম্মু’, ‘আম্মু’ ডাক আমাকে কেন যেন মুগ্ধ করত। অজানা অনুভূতি তৈরি হতো তখন। আমারও মন চাইত মাকে, বাবাকে গিয়ে বলি—এই আব্বু, এই আম্মু! কিন্তু কী করে বলি! ভাবতেই খুব লজ্জা লাগছিল। তবু মাকে গিয়ে বলি। ‘মা, আমি তোমাকে একবার “আম্মু” বলে ডাকি?’ বলার পর লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম। মা লজ্জা পাচ্ছিলেন কি না জানি না।
বাবাকে কীভাবে বলি? তাঁর মেজাজ-মর্জি বোঝা মুশকিল। বাবা কাজ করছিলেন। হাত দশেক দূরে দাঁড়িয়ে জোরে ‘আব্বুওও...’ বলে ডাক দিলাম! ডাক দিয়ে ভোঁ-দৌড়।
পরে মায়ের কাছে শুনেছি, বাবা নাকি খুব হেসেছিলেন!
জহির উদ্দিন লস্কর
জিগাতলা, ঢাকা।