কেমন হতো যদি জীবনটা ফেসবুকের নিয়মে চলত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভ সন্ধ্যা। ফেসবুক খবরে সবাইকে আমন্ত্রণ। আমি আপডেট চৌধুরী। শুরুতেই আজকের ফেসবুক খবরের প্রধান প্রধান স্ট্যাটাস।

১৬ কোটি লাইকের ‘বাংলাদেশ’ পেজের প্রধান অ্যাডমিন আনসিন খান তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘যারা ফেসবুকে অবরোধ ডেকে সাধারণ ফেসবুকারদের অ্যাকাউন্ট ব্লক ও হ্যাক করছে, তাদের ফেসবুক আদালতের রিপোর্টের মুখোমুখি করা হবে।’

‘বাংলাদেশ’ পেজের সাবেক প্রধান অ্যাডমিন বেগম ডিঅ্যাকটিভ চৌধুরী বিভিন্ন সাংবাদিকের ফেসবুক আইডিতে ট্যাগ দিয়ে স্ট্যাটাসে লিখেছেন, ‘নিরপেক্ষ অ্যাডমিনের অধীনে বাংলাদেশ পেজের অ্যাডমিন নির্বাচন দিতে হবে। আমার অ্যাকাউন্ট থেকে পরবর্তী আপডেট না দেওয়া পর্যন্ত ফেসবুকে কোনো স্ট্যাটাস, কমেন্ট, লাইক কিংবা ফটো আপলোড করা যাবে না! তবে সংবাদ পেজগুলো এই ফেসবুক অবরোধের আওতামুক্ত থাকবে।’

‘ফেসবুক পুলিশপ্রধান’ নামের আইডিটি থেকে সংবাদ পেজগুলোর সঙ্গে চ্যাটের সময় বলেছেন, ‘যারা সাধারণ ফেসবুকারদের আইডি হ্যাক ও ব্লক করছে, তাদের নাম আমাদের মেসেজ করে পাঠালে প্রত্যেকের পরবর্তী ১০টি স্ট্যাটাসে ২০টি করে লাইক ও কমেন্টের ব্যবস্থা করা হবে।’

‘মানবাধিকার কর্মী হিউমিন’ নামের এক বিশিষ্ট ফেসবুকার ফটোযুক্ত স্ট্যাটাসে লিখেছেন, ‘ফেসবুক পুলিশের গণহারে রিপোর্টের কারণে সাধারণ ফেসবুকারদের আইডি যাতে ব্লক না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।’

‘পোকালি’ নামের ফেসবুকার তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘এই ফেসবুক অবরোধে হ্যাকারদের কবলে পড়ে আর কত সাধারণ ফেসবুকার তার আপন ফেসবুকারদের হারাবে? আর কত?’

বিশিষ্ট বুদ্ধিজীবী ‘কলম ফেবু’ প্রথম সংবাদ নামক পেজে কমেন্ট করেছেন, ‘ফেসবুক জগতের এই অচল অবস্থা নিরসনে সাবেক ও বর্তমান দুই অ্যাডমিনকে অবশ্যই চ্যাটে বসতে হবে।’

কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা পেজে এসএসসি পরীক্ষার্থী গ্রুপের সদস্যদের কমেন্ট করার পরীক্ষা। শিক্ষা পেজের অ্যাডমিন স্ট্যাটাস দিয়েছেন, ‘এসএসসি পরীক্ষা পেজে এসএসসি পরীক্ষার্থী গ্রুপের সদস্যরা কমেন্ট করার জন্য অ্যাকাউন্ট লগ–ইন করলে যদি হ্যাকারদের কবলে পড়ে, তখন তাদের অ্যাকাউন্টের নিরাপত্তা কে দেবে? আপনারা ফেসবুক অবরোধ বন্ধ করুন।’

এই ছিল শিরোনাম। এবার চলুন বিস্তারিততে...