কেমব্রিজ কথন
ডারউইনের ‘বিবর্তনবাদ’, জে জে থমসনের ‘ইলেকট্রন আবিষ্কার’, ফ্রান্সিস বেকনের ‘বৈজ্ঞানিক পদ্ধতির প্রসার’, লর্ড কেভিনের ‘থার্মোডাইনামিকস’ অথবা নিউটনের ‘গতির সূত্র’ কিংবা ক্যালকুলাস তত্ত্বের উদ্ভাবন—অভিনব ও বিশ্বখ্যাত এ আবিষ্কারগুলোর সঙ্গে জড়িয়ে আছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নাম। জগৎখ্যাত বিজ্ঞানীদের সঙ্গে গর্বিত হয়ে ইংল্যান্ডে দাঁড়িয়ে আছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এবং বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর মধ্যে একটি—কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ১২০৯ সালে যাত্রা শুরু কেমব্রিজের। শিল্প ও কলা, জীববিজ্ঞান, ক্লিনিক্যাল মেডিসিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান, দৈহিক বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাভিত্তিক ছয়টি স্কুলের আওতায় কেমব্রিজে কলেজ আছে ৩১টি।কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বাংলাদেশের বেশ কিছু বন্ধু। তাঁদের মধ্যে কুইনসে গণিতে আন্ডারগ্র্যাড পড়ছেন সামিন রিয়াসাত, গ্র্যাডে আছেন সেলউইনে কম্পিউটার অধ্যয়নরত আবদুল আলিম, গির্টনে ব্যবসায় কাশফিয়া হক, কর্পস ক্রিস্টিতে অর্থনীতিতে রেজাউল করিম। আরও আছেন কুইনসে ব্যবসায় মাহদী আমিন, জনস্বাস্থ্য ও প্রাথমিক যত্ন বিষয়ে রাজীব চৌধুরী, ফার্মাকোলজিতে রাকিবুল হাসান; চার্চিলে শিক্ষায় মানজুরুল আবেদীন ও জীব-নৃতত্ত্বে মাসুদা মোহসেনা, মানব পুষ্টিবিজ্ঞানে সোনিয়া আহমেদ; ম্যাগডেলিনে ব্যবসায় পড়ছে রাশেদ চৌধুরী; সেলউইনে স্থাপত্যবিদ্যায় পিএইচডি করছেন অপূর্ব কুমার পোদ্দার। এ ছাড়া আরও যেসব বাংলাদেশি শিক্ষার্থী কেমব্রিজে পড়ছেন, তাঁদের সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।অসম্ভবকে সম্ভব করা কেমব্রিজ-পড়ুয়া কজন সফল মেধাবীর কথাই শুনব আজ। ছোটবেলায় সবার ‘বড় হয়ে কী হবে’ প্রশ্নে সন্দিহান হয়ে পড়তেন সামিন রিয়াসাত। ‘আসলে নিজেই জানতাম না, কী হতে চাই। ক্লাস নাইন থেকে অঙ্কের প্রতি বেড়ে যায় গভীর আকর্ষণ। এসএসসি, এইচএসসিতে এ প্লাস এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পাওয়ার পর জীবনের বড় স্বপ্নগুলো পূরণে এগিয়ে যাই। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন। এ সময়টা যে কত কষ্টে গেছে, কত দৌড়াদৌড়ি, পরীক্ষা, কত চিঠি পাঠানো! বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার স্যারকে যে কত বিরক্ত করেছি। ২০০৯ সালের ডিসেম্বরে কেমব্রিজে ভর্তির জন্য সাক্ষাৎকার দিলাম। জানুয়ারিতে জানলাম, আমি নির্বাচিত হয়েছি। কিন্তু শর্ত হলো, “স্টেপ-১, ২” নামে দুটি অঙ্ক পরীক্ষা ও আইইএলটিএস দিতে হবে। কিন্তু কেমব্রিজে পড়তে টিউশন ফি ও থাকা-খাওয়া মিলিয়ে বছরে প্রায় ২৭ হাজার পাউন্ড দরকার।’ এভাবেই ভর্তি প্রক্রিয়ার দিনগুলোর কথা বলছিলেন সামিন রিয়াসাত। স্টেপ-১-এ তিনি পেয়েছিলেন আউটস্ট্যান্ডিং, ২-এ গ্রেড ওয়ান এবং আইইএলটিএসে ৭.৫। কথা চলছিল ই-মেইলের মাধ্যমে কেমব্রিজ কমনওয়েলথ ট্রাস্টের সঙ্গেও। অবশেষে যে স্কলারশিপ মিলেছে, তাতে টিউশন ও থাকা-খাওয়ার খরচের পরেও অনেকটা থাকে। সামিন বললেন, ‘কেমব্রিজে পড়ার সুযোগ পাওয়ায় সবচেয়ে খুশি হয়েছেন আমার মা। শেষ পর্যন্ত আমার ইঞ্জিনিয়ার হওয়া হলো না, কিন্তু গণিত অলিম্পিয়াডে আমি অনেক বড় স্বপ্নের খোঁজ পেয়েছি। তাই এখন কুইনসে আমি গণিতের শিক্ষার্থী। আর গণিত নিয়েই আমার সব।’মাসুদা মোহসেনা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ‘কেমব্রিজ কমনওয়েলথ’ বৃত্তি নিয়ে ২০০৭-০৮ সেশনে এমফিল শেষ করেন। তারপর ইউসুফ-জামিল ট্রাস্টের সহায়তায় চার্চিল কলেজে ‘জীব নৃ-তত্ত্বে’ পিএইচডি করছেন।মাসুদা স্বপ্ন দেখেন দেশে যাঁরা ডাক্তারি পড়ছেন তাঁদের গবেষণামনা করে তোলার। শিক্ষকতাই মাসুদার নেশা, তাই পিএইচডি শেষে দেশে ফিরে আসবেন আর শিক্ষার্থীদের উৎসাহিত করবেন বড় স্বপ্ন দেখায়।মা-বাবা মাহদী আমিনের ডাকনাম রেখেছিলেন সুনাম। মা-বাবা ও বোনদের অনুপ্রেরণা নিয়ে আসলেই তাঁর সুনাম ধরে রেখেছেন তিনি। ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় ও ঢাকা কলেজ থেকে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ এবং আইইএলটিএসে ৮.৫ পেয়ে যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে পড়া শুরু করেন। মাহদী পড়াশোনার পাশাপাশি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জৈব-চিকিৎসা গবেষণা অর্থায়ন প্রতিষ্ঠান ওয়েলকাম ট্রাস্টে কৌশলগত পরিকল্পনাকারী হিসেবে করেছেন। বিএ পাস করার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থী হওয়ার পুরস্কার অর্জন করেন মাহদী। এসব মিলিয়ে কেমব্রিজে প্রথমে এমফিল করার জন্য আবেদন করেন। প্রথম বিভাগে এমফিলে থিসিস পেপারে অভিনব সাফল্যের পর মাহদী এখন ‘নতুন পণ্য উন্নয়নে সরবরাহকারী বিভিন্ন উপাদানের সফলতার অনুসন্ধান’ বিষয়ে পিএইচডি করছেন কেমব্রিজের জাজ বিসনেস স্কুলে। এ বয়সেই বিভিন্ন জার্নালে নিজের গবেষণা প্রবন্ধ এবং ‘আর অ্যান্ড ডি হাব’ হিসেবে ভারতের উত্থান শীর্ষক বই প্রকাশ করেছেন তিনি।অপূর্ব কুমার পোদ্দারের সঙ্গে যখন কথা হচ্ছিল, তিনি তখন অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ছিলেন একটি কনফারেন্সে। বাংলাদেশ সরকারের ‘মিনিস্ট্রি অব সায়েন্স অ্যান্ড আইসিটি’তে প্রাপ্ত বঙ্গবন্ধু ফেলোশিপ পেয়ে তিনি স্থাপত্যবিদ্যায় পিএইচডি করছেন কেমব্রিজের সেলউইন কলেজে। স্নাতক পড়ার সময় অর্জন করেছেন ‘বার্জার সেরা ডিজাইনার’ পুরস্কার, মাস্টার্সে ভিএলআইআর বৃত্তি, স্প্যানিশ ফেলোশিপ, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এআইআরইউ বৃত্তি। ‘স্বপ্ন দেখতে হবে। কারণ তা আমাদের সামনের দিকে নিয়ে যায়। কেমব্রিজে ভর্তির জন্য তাই শিক্ষার্থীদের অনেক আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত হতে হবে এবং পরিকল্পনা করতে হবে। একটা সময় ভাবিনি পরিবার থেকে, দেশ থেকে এত দূরে থাকব। তাই পড়া শেষ করে দেশে ফিরে যাব। আমার ঝোঁকটা শিক্ষকতা আর গবেষণার দিকে। দেশে গবেষণার পথকে নতুনভাবে সবার কাছে উন্মোচন করতে চাই।’ রাজীব চৌধুরী প্রথম বাংলাদেশি হিসেবে ২০০৯ সালে বিশ্বখ্যাত গেটস কেমব্রিজ বৃত্তি নিয়ে পিএইচডি করছেন কার্ডিওভাসকুুলার অ্যান্ড পাবলিক হেলথে। কেমব্রিজে তাঁর যাত্রা শুরু ২০০৬ সালে কমনওয়েলথ বৃত্তির মধ্য দিয়ে। সে সময় তিনি এপিডেমোলজিতে সফলভাবে এমফিল শেষ করেন। এরপর একজন এপিডেমোলজিস্ট হিসেবে পেশা শুরু করেন। তিনি এরাসমাস ফেলোশিপের মধ্য দিয়ে কাজ করেছেন নেদারল্যান্ড ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সে (২০০৮) এবং লন্ডনে ইম্পেরিয়াল কলেজে (২০০৯)। প্রথম জীবনে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে পাস করে আইসিডিডিআরবিতে গবেষক হিসেবে কর্মজীবন শুরু করেন।রাজীব চৌধুরী আমাদের শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেছেন, ‘কেমব্রিজের মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়াটা অসম্ভব নয়, যদি তোমাদের প্রেরণা থাকে। অনেকেই ভাবে, এত উচ্চ খরচের একটি বিশ্ববিদ্যালয়ে কীভাবে টিউশন ফি চালিয়ে যাব। কিন্তু আমি দেখেছি, এসব বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে অন্যদের চেয়ে অনেক অভিনব স্কলারশিপ পাওয়ার সুুযোগ আছে। তাই আমাদের দেশের সেরা ও মেধাবীদের বিশ্বখ্যাত এ বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা থেকে পিছিয়ে পড়লে চলবে না। কারণ, এ ধরনের বিদ্যাপীঠগুলো আমাদের জীবনকে বদলে দেয় এবং দেশকেও।’৩১টি কলেজকেমব্রিজে ৩১টি কলেজে সুযোগ পাওয়ার জন্য কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে শিক্ষার্থীদের। এতগুলো কলেজের মধ্যে নিজেদের পছন্দের পড়ার বিষয় এবং কলেজ নির্বাচন করে নিতে হবে প্রথমে। মাহদী আমিন জানান, এসএসসি ও এইচএসসি থেকে ভর্তির সুযোগ পাওয়াটা কঠিন। তবে বাংলাদেশে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ-কারীদের জন্য বড় সুযোগের সম্ভাবনা আছে। তাদের আরও কিছু পরীক্ষা দিয়ে নিজেদের প্রমাণ করতে হবে। এ লেভেল থেকে আসা শিক্ষার্থীদের অর্জন করতে হবে পাঁচ থেকে ছয়টি বিষয়ে ‘এ’। আর আইইএলটিএস তো লাগবেই। সাক্ষাৎকার দিতে হবে তাদের। গ্র্যাজুয়েট এবং পিএইচডির ক্ষেত্রে দেশের খ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান-গুলো থেকে অসাধারণ কৃতিত্বমূলক ফল এবং পাঁচ-ছয় বছরের বা আরও বেশি সময়ের শিক্ষা ও কাজের অভিজ্ঞতা কিংবা গবেষণার অভিজ্ঞতা দেখিয়ে আবেদনের সুযোগ মিলবে। পিএইচডির ক্ষেত্রে প্রথমে এমফিল সফলভাবে শেষ করতে হয়। তাই প্রথমে এমফিলের জন্য আবেদন করে পরে পিএইচডি করার সুযোগ মিলবে। বাইরে থেকে আন্ডারগ্র্যাড পাস করলে তাদের জন্য অবশ্য আবেদন-প্রক্রিয়ায় কিছুটা শিথিল হয়ে যায়।স্টিফেন হকিং, অমর্ত্য সেন, পল ডিরাক, ক্রিক-ফ্রাঙ্কলিন-ওয়াটসনের বিদ্যাপীঠে যাওয়ার স্বপ্ন দেখবেন না আমাদের সেরা ও মেধাবীরা?ভর্তি ও বৃত্তির তথ্যঅপূর্ব কুমার পোদ্দার জানিয়েছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত অক্টোবর সেশনের জন্য আবেদন করেন। একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অন্যান্য সার্টিফিকেট, অনলাইনের মধ্য দিয়ে শিক্ষকদের সুপারিশ-সংবলিত চিঠি, আইইএলটিএস এবং টোয়েফল, সিভি বা শিক্ষার্থীর পোর্টফোলিওসহ প্রয়োজনীয় অন্য কাগজপত্র নিয়ে আবেদন করতে হবে। শিক্ষার্থীদের অর্থায়নের সুবিধার জন্য আছে কেমব্রিজ ট্রাস্ট গেটস বৃত্তি, কমনওয়েলথ বৃত্তি, আগা খান বৃত্তি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধু ফেলোশিপ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ (আইডিবি-বিআইএসইডব্লিউ) বৃত্তি।