কেমোথেরাপিজনিত বন্ধ্যাত্ব ঠেকাতে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোষের মৃত্যু কীভাবে হয় সে বিষয়ে এক নতুন তথ্য আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এ আবিষ্কার ক্যানসার আক্রান্ত নারীদের গর্ভধারণের সক্ষমতা বাঁচিয়ে রাখার পথ সুগম করতে পারে।অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা দেখেছেন, নারীর ডিম্বাশয়ে অপরিণত ডিম্বকোষের মৃত্যুর জন্য দায়ী দুটি সুনির্দিষ্ট প্রোটিন। এদের ঠেকাতে পারলে ডিম্বকোষকে ক্যানসারের জন্য দেওয়া কেমোথেরাপির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচানো সম্ভব।মলিকিউলার সেল সাময়িকীতে এই গবেষণাবিষয়ক প্রতিবেদন ছাপা হয়েছে। মনাশ ইউনিভার্সিটির ওয়াল্টার অ্যান্ড এলাইজা ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চ এবং প্রিন্স হেনরিজ ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চের বিশেষজ্ঞরা এ গবেষণা করেন। তাঁরা প্রাইমর্ডিয়াল ফলিক্ল উসাইট নামের ডিম্বকোষ বিশ্লেষণ করে দেখেন। এই কোষগুলো একজন নারীর শরীরে জীবনভর ডিম্বাণু সরবরাহ করে। গবেষকেরা দেখতে পেয়েছেন কেমো বা রেডিওথেরাপির কারণে ডিম্বকোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে পুমা ও নোক্সা নামের দুটি প্রোটিন ডিম্বাণুকে মেরে ফেলে। এর ফলে অনেক নারী ক্যানসার রোগী বন্ধ্যা হয়ে পড়েন। বিবিসি।