কেরানিহাটে ঝাড়ু ফুলের বেচাকেনা জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার কেরানিহাটে বিক্রির জন্য আনা ঝাড়ু ফুল
সাতকানিয়ার কেরানিহাটে বিক্রির জন্য আনা ঝাড়ু ফুল

সাতকানিয়ার কেরানিহাটে প্রতিবছর শীত মৌসুমের শুরু থেকে শেষ সময় পর্যন্ত ঝাড়ু ফুলের জমজমাট বিকিকিনি হয়। স্থানীয় কিছু মৌসুমি ব্যবসায়ী সাতকানিয়া ও বান্দরবানের পাহাড়ি এলাকা থেকে ঝাড়ু ফুল সংগ্রহ করে কেরানিহাটে নিয়ে আসেন। আকারভেদে প্রতি আঁটি ঝাড়ু ফুল বিক্রি হচ্ছে ছয় থেকে দশ টাকায়।
একটি ফুলের ঝাড়ু তৈরিতে প্রয়োজন হয় দুই থেকে চার অাঁটি ঝাড়ু ফুল। কেরানিহাটের এই ঝাড়ু ফুল কিনে নিয়ে পাইকারি ব্যবসায়ীরা ঝাড়ু তৈরি করে ঢাকা ও চট্টগ্রামের বাজারে বিক্রির জন্য সরবরাহ করেন। ঝাড়ু ফুল সংগ্রহ ও বিক্রি করে লাভবান হচ্ছে কেরানিহাটের শতাধিক মানুষ।
কেরানিহাট বাসস্ট্যান্ডসংলগ্ন হক টাওয়ারের পাশে খালি মাঠে শীত মৌসুমে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাট জমজমাট থাকে। এক মৌসুমে অর্থাৎ দুই থেকে আড়াই মাসে একজন ঝাড়ু ফুল সংগ্রহকারীর প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা আয় হয়।
মৌসুমি ব্যবসায়ীরা বলেন, শীত মৌসুমে কেরানিহাটে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার কাছাকাছি ঝাড়ু ফুল কেনাবেচা হয়। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে পাইকারেরা এই ঝাড়ু ফুল সংগ্রহ করতে আসেন।
বান্দরবানের হলুদিয়ার বাসিন্দা মো. লোকমান হোসেন (৩৬) পেশায় একজন চাষি। চাষাবাদের ফাঁকে ফাঁকে গত কয়েক বছর তিনি ঝাড়ু ফুল সংগ্রহ করে কেরানিহাট বিক্রি করছেন। এই মৌসুমে এখন পর্যন্ত তাঁর ১২ হাজার টাকার মতো আয় হয়েছে। আরও কয়েক সপ্তাহ ঝাড়ু ফুলের মৌসুম থাকবে। এ সময়ে তিনি আরও পাঁচ থেকে সাত হাজার টাকা আয় করতে পারবেন বলে জানান।
১১ ফেব্রুয়ারি সকালে কেরানিহাটে গিয়ে দেখা যায়, ঝাড়ু ফুল নিয়ে বিক্রেতারা বসেছেন মাঠে। ব্যবসায়ীরা দর-দাম করে সেসব কিনছেন। মাঠের পাশে রাখা ছোট ট্রাকে ঝাড়ু ফুল বোঝাই করছেন শ্রমিকেরা। বেলা ১১টায় ঝাড়ু ফুলের বিকিকিনি প্রায় শেষ হয়ে যায়।
কেরানিহাটের ব্যবসায়ী ওছমান আলী বলেন, শীত মৌসুমে স্থানীয় কয়েকজন মৌসুমি ব্যবসায়ী ঝাড়ু ফুলের ব্যবসা করেন। এতে তাঁরা লাভবানও হন। হাটের ইজারাদারেরাও কিছু টাকা আয় করেন। ওই সময় প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার টাকার ঝাড়ু ফুল কেনাবেচা হয়।
কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মনির আহমদ বলেন, গত কয়েক বছর শীত মৌসুম এলেই কেরানিহাটের হক টাওয়ারের সামনে অস্থায়ী ঝাড়ু ফুলের হাট বসে। এতে প্রচুর কেনাবেচা চলে।