চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানিহাটে যানজট দিন দিন বাড়ছে। দেড় কিলোমিটারের এই স্থান পার হতে গাড়িচালকদের এখন সময় লাগছে আধাঘণ্টার বেশি। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। বিপাকে পড়ছেন বান্দরবান ও কক্সবাজারে আসা পর্যটকেরাও। কারণ, বান্দরবান-কেরানিহাট সড়কের যাত্রীরা চলাচল করেন এ জংশন হয়ে।যাত্রী ও গাড়িচালকেরা জানান, কেরানিহাটে যানজট বাড়ার মূল কারণ রাস্তার ওপর অবৈধ পার্কিং। বিভিন্ন রুটের কাউন্টারের সামনে রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। শুধু যাত্রীবাহী বাস নয়, ট্রাক-মিনিট্রাকও মালামাল বোঝাই করে রাস্তার ওপর। এ ছাড়া সড়কের দুই পাশ অবৈধ দোকানদার ও ভাসমান হকাররা দখল করে রাখায় গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।বান্দরবান-কেরানিহাট-কক্সবাজার বাস, কোস্টার, চেয়ারকোচ মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. নিজামউদ্দীন বলেন, সড়কের ওপর গাড়ি পার্কিং করে রাখার কারণে যানজট সৃষ্টি হচ্ছে সত্য। কিন্তু এ ছাড়া কোনো উপায় নেই। কারণ, গাড়ি রাখার টার্মিনাল নেই। স্থায়ী টার্মিনালের জন্য আমরা বীর বাহাদুর এমপির সঙ্গে কথা বলে কয়েকবার দরখাস্ত দিয়েছি। এখনো পর্যন্ত টার্মিনালের জন্য প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়ছে না। প্রশাসন যদি টার্মিনালের জন্য অগ্রসর হয় আমরা সহযোগিতা করব।সরেজমিনে দেখা গেছে, কেরানিহাটে ১৩টি বাস কাউন্টারের সামনে সব সময় লেগে থাকছে জটলা। গাড়ি এসে রাস্তার ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। এ ছাড়া কেরানিহাট গরুর বাজার থেকে সাতকানিয়া রাস্তার মাথা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশে ও কেরানিহাট-বান্দরবান সড়কের চেয়ারম্যানঘাটা পর্যন্ত উভয় পাশ ফল ও পুরোনো কাপড় বিক্রেতারা দখল করে আছে। যেসব স্থানে হকার বসেনি সেখানে সড়ক দখল করে আছে পাশের দোকানিরা। এসব স্থানে তাঁরা দোকানের মালামাল রেখেছেন। কেরানিহাট ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, যানজট নিরসনের জন্য প্রশাসন, গাড়ির মালিক ও শ্রমিকদের সঙ্গে আমরা অনেকবার বৈঠক করেছি। বৈঠকের পর দুই-একদিন যানজট কমলেও আবার আগের অবস্থায় ফিরে আসে। দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার বলেন, ‘যানজট নিরসন এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে আমরা সব সময় কাজ করছি। ট্রাফিক পুলিশের সদস্যরা কেরানিহাটের যানজট নিরসনের জন্য চেষ্টা করে যাচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ‘টার্মিনাল নির্মাণের জন্য এত বড় জায়গা সরকারের নেই। আমি আসার পর যানজট নিরসনের জন্য দুইবার সভা করেছি, মাইকিং করিয়েছি। এরপর কয়েক দিন অবস্থার উন্নতি হয়, পরবর্তী সময়ে আবার একই অবস্থায় ফিরে যায়।’