কেরানীহাট কৃষি ব্যাংকে চেকবই নিতে টাকা নেওয়ার অভিযোগ
সাতকানিয়া উপজেলার কেরানীহাট কৃষি ব্যাংকে গ্রাহকদের কাছ থেকে চেকবই নিতে ফি আদায় করার অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, প্রত্যেক তফসিলি ব্যাংকে ব্যবসায়িক (এমআইসিআর) চেকবই ইস্যু করতে সরকার নির্ধারিত ২৫ টাকা ফি আদায় করা হয়। সাধারণ গ্রাহকদের চেকবই ইস্যুতে কোনো ফি নেওয়ার বিধান না থাকলেও সাতকানিয়া উপজেলার কেরানীহাট কৃষি ব্যাংক শাখায় সাধারণ গ্রাহকদের ১০ পৃষ্ঠার চেকবই ইস্যুর বিপরীতে ২৫ টাকা অর্থাৎ প্রতি পৃষ্ঠা আড়াই টাকা হারে ফি আদায় করছেন ব্যাংক কর্মকর্তা হারুন-অর-রশীদ। এ কারণে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে গ্রাহকদের হরহামেশা বাগিবতণ্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।ধর্মপুর আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সেতারা বেগম (হিসাব নম্বর পিটি-৩৭৫) জানান, ‘হঠাৎ করে ব্যাংক কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত আমাদের বিপাকে ফেলে দিয়েছে।’ ব্যাংক কর্মকর্তা হারুন-অর রশীদ জানান, চলতি বছরের এপ্রিলের প্রথম দিকে এ সিদ্ধান্ত দিয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন প্রজ্ঞাপন জারি করেছে। অবশ্য তিনি কোনো প্রজ্ঞাপন দেখাতে পারেননি। অপরদিকে সাতকানিয়া উপজেলা সদর কৃষি ব্যাংকের কর্মকর্তা মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এমআইসিআর চেকবই ছাড়া অন্য কোনো চেকবই ইস্যুর বিপরীতে ফি নেওয়ার কোনো নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে বলে আমার জানা নেই।’উপজেলার অন্যান্য তফসিলি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে নতুন প্রজ্ঞাপন সম্পর্কে তারা কিছু জানাতে পারেনি। উল্লিখিত অভিযোগের ব্যাপারে কৃষি ব্যাংক কেরানীহাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সামসু মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এমআইসিআর চেকবই ছাড়া অন্য চেকবই ইস্যুর ক্ষেত্রে কোনো ফি আদায় করার অভিযোগ আমি পাইনি। এ ব্যাপারে কৃষি ব্যাংক আঞ্চলিক ব্যবস্থাপক (পটিয়া) আ ন ম জিলানীর সঙ্গে যোগাযোগ করলে তিনি কেরানীহাট কৃষি ব্যাংকের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখবেন বলে জানান।