কোটি টাকার চিকিৎসা সরঞ্জামে আট বছরের ধুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্স-রে, ইসিজি ও অবেদন যন্ত্র, শল্যচিকিৎসার সরঞ্জাম, অ্যাম্বুলেন্স—সবই আছে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু চিকিৎসক ও টেকনিশিয়ান না থাকায় কোটি টাকা দামের এসব যন্ত্রপাতি আট বছর ধরে অব্যবহৃত পড়ে আছে। এতে দুর্ঘটনায় আহত রোগী ও প্রসূতি নারীদের দুর্ভোগ বাড়ছে। সেবা নেওয়ার জন্য তাদের যেতে হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালে।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, ২০০৮ সালে সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোটি টাকা দামের বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার পর এখন পর্যন্ত সেসব ব্যবহৃত হয়নি। হাসপাতালে শল্যচিকিৎসক, গাইনি বিশেষজ্ঞ, অবেদনবিদ ও অ্যাম্বুলেন্সচালকের পদ খালি। এ কারণে হচ্ছে না জরুরি শল্যচিকিৎসা। বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগী পরিবহনও।
কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৬ সালের ১ জুন ৩১ শয্যা থেকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়। কিন্তু শয্যা বাড়ালেও সে অনুপাতে চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। হাসপাতালে ২৮ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন পাঁচজন। ১৪ জন নার্সের স্থলে আছেন মাত্র দুজন। লোকবল–সংকটের কারণে আট বছরেও ১৯ শয্যার নতুন ভবন চালু করা যায়নি।
৭ জানুয়ারি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে রোগীদের ভিড়। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সেখানে চিকিৎসা নিতে এসেছিলেন হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের বাসিন্দা নুরুল আলম (৩০)। হাতে আঘাত পাওয়ায় চিকিৎসক তাঁকে এক্স-রে করানোর পরামর্শ দিলেও হাসপাতালে এক্স-রে করানো সম্ভব হয়নি তাঁর পক্ষে। পরে বাইরে থেকে ৪০০ টাকা দিয়ে এক্স-রে করাতে বাধ্য হন তিনি।
হাসপাতালে প্রসূতিদের স্বাভাবিক প্রসবসেবা চালু থাকলেও বন্ধ রয়েছে সিজারিয়ান চিকিৎসা। হাসপাতালের চিকিৎসকেরা জানান, আট বছর আগে প্রসূতিদের সিজারিয়ান প্রসবসেবা দেওয়ার জন্য অপারেশন থিয়েটার কক্ষে প্রসব টেবিল স্থাপন করা হয়। কিন্তু গাইনি চিকিৎসক না থাকায় সিজারিয়ান সেবা বন্ধ রয়েছে।
ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকুল এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, ‘এক সপ্তাহ আগে আমি আমার ছোট বোন প্রসূতি নাসিমা আক্তারকে নিয়ে রাত আটটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আমার বোনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে রাত নয়টায় ঝুঁকি নিয়ে মহেশখালী থেকে স্পিডবোটে করে তাকে কক্সবাজার নিয়ে আসি এবং সদর হাসপাতালে ভর্তি করি।’
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক বলেন, আট বছর আগে সেবা দেওয়ার জন্য হাসপাতালে বিভিন্ন যন্ত্র সরবরাহ করে সরকার। অবেদন যন্ত্র, ওটি টেবিল, ওটি লাইট, শল্যচিকিৎসার ছুরি-কাঁচি, এক্স-রে, ইসিজি ও অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়। সব মিলিয়ে এসব সরঞ্জামের দাম কোটি টাকার বেশি। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবে এখনো এসব ব্যবহার করা যায়নি। চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন করেও কোনো কাজ হয়নি।
কক্সবাজারের সিভিল সার্জন কমর উদ্দিন বলেন, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও কর্মচারীর অনেক পদ খালি আছে। ইতিমধ্যে গাইনি ও শল্যচিকিৎসক নিয়োগ দেওয়ার বিষয়টি জেলা প্রশাসনের সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালককেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো সাড়া মেলেনি।