কোদাল হাতে পাশাপাশি ছাত্র-শিক্ষক

কেউ কোদাল দিয়ে ধসে পড়া পাহাড়ি মাটি কেটে কেটে ঢোকাচ্ছেন বস্তায়। কেউ আবার সেই বস্তা তুলে দিচ্ছেন অন্যের কাঁধে ও মাথায়। দলে দলে সবাই সেই মাটি ফেলছেন একটু দূরের মাঠে ও গর্তে। তাঁদের কেউ পেশাদার শ্রমিক নন। তাঁরা পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। থাকেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে।
ঘটনাটি এবার খুলে বলা যাক। গত ২৬, ২৭ ও ৩০ জুলাই টানা বৃষ্টির কারণে এ এফ রহমান হলের পেছনের একটি পাহাড়ের বেশ কিছু অংশ ধসে পড়ে। ধসে পড়া মাটি গিয়ে জমা হয় হলের পেছন দিয়ে বয়ে যাওয়া বিস্তীর্ণ নালায়। এতে পানিনিষ্কাশনব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় ময়লা জমে উৎকট গন্ধ বের হচ্ছিল। ফলে পড়ালেখা চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে শিক্ষার্থীদের।
হল কর্তৃপক্ষ বিষয়টি দুই সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বললেও কোনো সাড়া মেলেনি। এরপর হলের প্রাধ্যক্ষ এস এম মনিরুল হাসান শিক্ষার্থীদের নিয়ে সমস্যা সমাধানের কথা ভাবলেন। ১৭ সেপ্টেম্বর হলের ৩৫ জন আবাসিক শিক্ষার্থীকে নিয়ে মাটি সরানোর অভিযানে নামলেন তিনি। ওই দিন সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তাঁরা একটানা মাটি সরানোর কাজ করে গেলেন। এর মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে যাওয়ায় আপাতত মাটি সরানোর কাজ বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় খুললে আবারও শুরু হবে কাজ। তাঁরা স্বেচ্ছাশ্রমেই এই কাজটি করতে চান।
হলের প্রাধ্যক্ষ এস এম মনিরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘হলের পেছনের একটি পাহাড় ধসে বেশ কিছু মাটি নালার ওপর পড়েছে। এই মাটি সরাতে প্রায় এক লাখ টাকা খরচ হবে। হল কর্তৃপক্ষের তো এত টাকা নেই। এ জন্য বিষয়টি দুই সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা সেটি বিবেচনায় রেখেছেন। কিন্তু উৎকট গন্ধ বের হওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখা করতে বেশ কষ্ট হচ্ছিল। তাই আমি শিক্ষার্থীদের নিয়ে মাটি সরানোর কাজ শুরু করি। তাঁরা খুবই উদ্দীপনা নিয়ে কাজ করেছে। বেশ কিছু মাটি আমরা সরিয়ে ফেলেছি। বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় আপাতত কাজ বন্ধ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় খুললে আবারও শিক্ষার্থীদের নিয়ে কাজ শুরু করব। আমরা স্বেচ্ছাশ্রমে এটি করতে চাই।’
এই কাজে অংশ নেওয়া শিক্ষার্থী ফাহিম হাসান ও গোলাম সামদানি বলেন, ‘নালার ওপর মাটি পড়ে পানিনিষ্কাশনব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় ময়লা জমে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি। তাই আমরা স্যারের (প্রাধ্যক্ষ) ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছাশ্রমে মাটি সরানোর কাজ শুরু করেছি। নালার ওপর পড়া মাটির প্রায় এক–চতুর্থাংশ সরিয়ে ক্যানটিনের সামনের গর্ত ও হলের মাঠে ফেলেছি। আমরা নিজেরাই পুরো কাজটি সম্পন্ন করে দৃষ্টান্ত রাখতে চাই।’