কোন ফোনে সেলফি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেকেই চান ভালো সেলফি তোলা যায় এমন ফোন। মডেল: তাজিন ও বিজয়, কৃতজ্ঞতা: ওপ্পো এক্সক্লুসিভ শপ, ছবি: নকশা
অনেকেই চান ভালো সেলফি তোলা যায় এমন ফোন। মডেল: তাজিন ও বিজয়, কৃতজ্ঞতা: ওপ্পো এক্সক্লুসিভ শপ, ছবি: নকশা

বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছেন। মুহূর্তগুলো ধারণ করে রাখতে হাতে তুলে নিতে পারেন স্মার্টফোন। কিন্তু কাকে ছেড়ে কে ছবি তুলবেন? কোন বন্ধু থাকবে ফ্রেমের বাইরে? সুতরাং সেলফিই ভরসা। এক ফ্রেমে সবাই, সঙ্গে সঙ্গে পোস্ট করতে পারছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে। তরুণ তো বটেই, সব বয়সের মানুষের কাছেই আছে সেলফির বিশেষ আবেদন। আর তাই তো সেলফি তোলার
জন্য বিশেষ নানা সুবিধাসহ স্মার্টফোনও পাওয়া যাচ্ছে বাজারে।
ঢাকার বসুন্ধরা সিটি শপিংমলের মুঠোফোনের দোকানগুলো ঘুরে দেখা গেল বিক্রেতাদের যেন দম ফেলার অবসরটুকু নেই। কেউ কিনতে এসেছেন। কেউ এসেছেন পছন্দের ফোনটি খুঁজতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন রেদওয়ানুল হোসেন। নকশা আর বাজেটে মিলে গেলেই দোকানিকে জিজ্ঞেস করছেন ফ্রন্ট ক্যামেরা কত মেগাপিক্সেল? জিজ্ঞেস করতেই জানালেন, ‘ভালো সেলফি তোলা যায় এমন ফোন খুঁজছি।’ বাজার ঘুরে বেশ কিছু মডেলের স্মার্টফোন দেখা গেল যা সেলফি তোলার জন্য বেশ ভালো।
সেলফির জন্য বিশেষায়িত ফোন এইচটিসি ডিজায়ার আই সারা বিশ্বেই বেশ সাড়া ফেলেছে। স্মার্টফোনটি ৩৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এইচটিসি ওয়ান এম ৮ পাওয়া যাবে ৩৮ হাজার টাকায়।
সেলফির কথা মাথায় রেখে বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছে স্যামসাং। গ্যালাক্সি ই সেভেন এবং গ্যালাক্সি এ থ্রি পাওয়া যাচ্ছে ৩০ হাজার এবং ২৬ হাজার টাকায়। গ্যালাক্সি নোট ফোর সেলফির জন্য স্বীকৃত একটি ফোন। তবে কিনতে বেরিয়ে যাবে ৮০ হাজার টাকা।
অপেক্ষাকৃত নতুন হলেও বাজারে বেশ সাড়া ফেলেছে ওপ্পো। সেলফিপ্রেমীদের জন্য বেশ কয়েকটি ফোন বাজারে ছেড়েছে তারা। এন থ্রি এবং এন ওয়ান মিনি মডেলের ফোন দুটির পেছনের ক্যামেরা ঘুরিয়ে দিলেই ফ্রন্ট ক্যামেরা হিসেবে কাজ করে। এই দুটি মডেলের স্মার্টফোন পাওয়া যাচ্ছে যথাক্রমে ৫৪ হাজার এবং ৩৬ হাজার টাকায়। কিছুটা কম মূল্যের মিরর থ্রি পাওয়া যাবে ১৯ হাজার ৫০০ টাকায়।
এলজির স্মার্টফোনগুলোর মাঝে নেক্সাস ফাইভ এবং এলজি জি টু সেলফির জন্য ভালো। ফ্রন্ট ক্যামেরার মেগাপিক্সেল কম মনে হলেও পরিষ্কার ছবি ধারণ করতে পারে। স্মার্টফোন দুটির দাম পড়বে যথাক্রমে ২৬ হাজার ৯০০ এবং ৩১ হাজার ৯০০ টাকা।

.
.

সেলফির জন্য বিশেষায়িত স্মার্টফোন বাজারে ছেড়েছে মাইক্রোম্যাক্স। ক্যানভাস সেলফি মডেলের ফোনটি কিনতে খরচ করতে হবে ২২ হাজার টাকা।
নকিয়ার দোকানে ক্রেতাদের আগ্রহ ছিল মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ মডেলের ফোনটির প্রতি। কারণ, সেলফির জন্য বেশ ভালো, দামও সাধ্যের মাঝেই। ৫ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরার স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ১১ হাজার ৫০০ টাকায়।
হুয়াইয়ের অ্যাসেন্ড পি সেভেনে ভালো সেলফি তোলা যায়। কিনতে খরচ পড়বে সাড়ে ৩৫ হাজার টাকা। এ ছাড়া সাড়ে ৩৩ হাজার টাকায় অনার সিক্স এবং অপেক্ষাকৃত কম বাজেটের অনার হলি পাওয়া যাচ্ছে ১২ হাজার ৭৫০ টাকায়। এ দুটিরও সেলফির মান ভালো।
দেশি প্রতিষ্ঠান ওয়ালটন এবং সিম্ফনিও পিছিয়ে নেই। ওয়ালটনের প্রিমো এনএক্স টু এবং প্রিমো ভির ফ্রন্ট ক্যামেরা বেশ ভালো বলা যায়। স্মার্টফোন দুটি কিনতে খরচ হবে যথাক্রমে সাড়ে ১৪ হাজার এবং ১৮ হাজার টাকা। অপরদিকে ১৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে সিম্ফনির এক্সপ্লোরার এইচ ২০০।
এ ছাড়া ১৫ হাজার টাকায় অ্যালকাটেলের আইডল এক্স, ১৩ হাজার টাকায় লাভা আইরিশ এক্স এইটকিউ কিংবা ১৮ হাজার টাকায় জিফাইভ প্রেসিডেন্ট টেন রাখতে পারেন পছন্দের তালিকায়।

যা দেখতে হবে
সেলফির জন্য গুরুত্বপূর্ণ সামনের ক্যামেরা। বেশি মেগাপিক্সেল মানেই ভালো ক্যামেরা না, তবে মেগাপিক্সেলের পরিমাণ বেশ গুরুত্ব বহন করে। বড় ছবি ধারণ করলে প্রয়োজন অনুযায়ী কেটে ছোট করে নেওয়া যায়। কেনার সময় ফ্রন্ট ক্যামেরা চালু করে পর্যাপ্ত আলো আছে এবং অপেক্ষাকৃত অন্ধকার কোথাও ছবি তুলে তুলনা করে দেখা যেতে পারে। সেলফি মানে নিজেই নিজের বা নিজেদের ছবি তোলা। সেটা যে সামনের ক্যামেরা দিয়েই তুলতে হবে এমন কোনো কথা নেই। পেছনের ক্যামেরাও ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে নকিয়া কিংবা স্যামসাংয়ের সেলফি অ্যাপ বেশ কাজে দিতে পারে। ফ্রেমের মাঝে সবাই আছে কি না, সে ব্যাপারে সতর্কবার্তা পাঠাবে অ্যাপটি।