ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়। তারা বারবার আগস্ট মাসকেই বেছে নেয়। ওই অপশক্তি বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত। কিন্তু আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই কোনো অপশক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
ভূমি প্রতিমন্ত্রী গত বৃহস্পতিবার বিকেলে আনোয়ারা উপজেলা যুবলীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। উপজেলার চাতরী চৌমুহনী বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি আছহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গনির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী।
বক্তব্য দেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।