গত বছর ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মগডেইল-পূর্ব সাইরার ডেইল এলাকার তিন কিলোমিটার কাঁচা রাস্তার বিভিন্ন অংশ বিধ্বস্ত হয়েছিল। ভাঙনে সড়কটি সরু হয়ে খেতের আইলের চেহারা নিয়েছে। সড়কের দুটি বড় অংশ ভেঙে খালের সৃষ্টি হয়েছে। ওই দুই অংশে বাঁশের সাঁকো বসিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন এলাকার ১০ হাজার বাসিন্দা।
২৪ জুলাই সরেজমিনে দেখা গেছে, মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মগডেইল-পূর্ব সাইরার ডেইল এলাকার কাঁচা রাস্তার দুটি অংশে সাঁকো স্থাপন করা হয়েছে। সরু সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষজন। সাইরার ডেইল বালিকা মাদ্রাসা ও দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শক্ষার্থীদের সাঁকো পার হয়ে যাতায়াত করতে দেখা গেছে। এ সময় দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আমান উল্লাহ ও রহিমা বেগম সাঁকো থেকে পড়ে যায়। বইপত্র ও পোশাক ভিজে যাওয়ায় দুই শিক্ষার্থী স্কুলে না গিয়ে আবার বাড়িতে ফিরে যায়। তারা জানায়, গত এক মাসে বিদ্যালয়ে যাওয়ার সময় সাঁকো থেকে বেশ কয়েক জন শিক্ষার্থী পড়ে গেছে।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হামেদ হোসাইন বলেন, এক বছর আগে কাঁচা রাস্তাটি ভেঙে যাওয়ার পর স্থানীয় এলাকাবাসী বেশ কয়েকবার সংস্কার করে। পরে আবারও ওই কাঁচা রাস্তাটি ভেঙে গিয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। তিনি আরও বলেন, আপাতত যাতায়াত করার জন্য এলাকাবাসীর সহযোগিতায় এক বছর আগে দুটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। সাঁকো পেরিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায় সময় শিশুরা পড়ে আহত হচ্ছে। এরপরও সড়কটি সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।
দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনাফ বলেন, প্রতিদিন কয়েক শ শিক্ষার্থী দুর্ঘটনার ঝুঁকি নিয়ে সাঁকোর ওপর দিয়ে পারাপার করছে। এ সময় সাঁকো থেকে পড়ে অনেক শিক্ষার্থীর বইপত্র ভিজে নষ্ট হচ্ছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কাঁচা রাস্তাটি সংস্কার করা অতীব জরুরি।
স্থানীয় মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, গত বছর ঘূর্ণিঝড় কোমেনের কবলে পড়ে ওই রাস্তাটি ভেঙে সাগরে বিলীন হয়ে যায়। রাস্তাটি স্থায়ীভাবে সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে ওই কাঁচা রাস্তাটি সংস্কার করা হবে।
জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, ওই কাঁচা রাস্তায় সাঁকোর স্থানে কালভার্ট নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড় রোয়ানুর পাশাপাশি অতিবৃষ্টি আর জোয়ারের পানির কারণে ঠিকাদার ওই কালভার্টের কাজ শুরু করতে পারেনি।