কোর্স শেষের তিন মাস পর পরীক্ষা, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমাজসেবা আইসিটি কেন্দ্রে চালু রয়েছে তিন মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স। কোর্স শেষ করেই সমাপনী পরীক্ষা দিয়ে সনদ লাভ করেন প্রশিক্ষণার্থীরা। কিন্তু কেন্দ্রের ৩৮তম ব্যাচে এসে তা আটকে গেল। কোর্স শেষ হলেও পরীক্ষা হচ্ছিল না। অবশেষে তিন মাস পর তাঁদের পরীক্ষার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
১৫ এপ্রিল পরীক্ষাকেন্দ্র বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে গেলে সঠিক সময়ে পরীক্ষা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা।
উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ নূর বলেন, তিন মাস আগেই কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শেষ করেছিলাম। কিন্তু সনদপত্র প্রাপ্তির সমাপনী পরীক্ষা হচ্ছিল না। এ কারণে একটি সরকারি দপ্তরে চাকরির জন্য আবেদন করতে পারলাম না।
কম্পিউটার প্রশিক্ষণ ও পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালনকারী সমাজসেবা একাডেমিক কাউন্সিলের আহ্বায়ক বদিউল আলম বলেন, ‘এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কারণ, যথাসময়ে পরীক্ষা শেষ করতে পারিনি। এ কারণে প্রশিক্ষণার্থীদের ক্ষতি হয়েছে।’
আইসিটি কেন্দ্র সূত্র জানায়, দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী এবং তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে নিতে সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতি তিন মাস অন্তর ‘আইসিটি অ্যান্ড কম্পিউটার প্রশিক্ষণ কোর্স’ চালু করে। কোর্স শেষে প্রশিক্ষণার্থীরা সমাপনী পরীক্ষায় অংশ নেন। যাঁরা পাস করেন, তাঁদের দেওয়া হয় সনদ। ‘বেসিক’, ‘শর্ট’ ও ‘ইভিনিং’ নামে তিনটি কোর্স চালু রয়েছে। তিনটি বিভাগে ভর্তি জন্য জনপ্রতি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা ফি পরিশোধ করতে হয়। নয়জন প্রশিক্ষক দিয়ে চলে কার্যক্রম।
৩৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী ও চকরিয়ার খুটাখালী এলাকার একটি বেসরকারি সংস্থার কর্মী আনোয়ারা বেগম জানান, তিন মাসের কম্পিউটার কোর্সটি নিতে তাঁকে প্রতিদিন ৫৫ কিলোমিটার দূর থেকে শহরে আসা-যাওয়া করতে হয়েছে। অথচ সঠিক সময়ে পরীক্ষা হলো না।
আইসিটি কেন্দ্রের প্রধান প্রশিক্ষক পিন্টু দত্ত জানান, ৩৮তম ব্যাচ শুরু হয় অক্টোবরে, শেষ হয় ডিসেম্বর মাসে। এতে ১৮৪ জন প্রশিক্ষণার্থী ছিলেন। এদিকে ৩৯তম ব্যাচের ১৪০ জন প্রশিক্ষণার্থীর কোর্স শেষ হবে ৩০ এপ্রিল। এর মধ্যে ভর্তি হয়েছেন ৪০তম ব্যাচের ১৪০ জন। তাঁদের ক্লাস শুরু হবে ২ মে।
আইসিটি কেন্দ্র সূত্র জানায়, গত ফেব্রুয়ারি মাসে কক্সবাজার শহর সমাজসেবা উন্নয়ন প্রকল্প পরিষদের নতুন কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম। পদাধিকার বলে সাধারণ সম্পাদক কক্সবাজার সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সিরাজ উল্লাহ। নতুন কমিটির সিদ্ধান্তেই ৩৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজ উল্লাহ বলেন, ‘এখন থেকে আমরা নিয়মিতভাবে পরীক্ষা শেষ করব। প্রশিক্ষণার্থীদের সেবার মান আরও বাড়ানো হবে।’
পরিষদের সভাপতি এম এম সিরাজুল ইসলাম বলেন, ‘খবর নিয়ে জেনেছি যথাসময়ে পরীক্ষা না হওয়ায় অনেকের চাকরির আবেদন আটকে গেছে। এখন থেকে নির্দিষ্ট সময়ে কোর্স সম্পন্ন করা হবে।’