গানে গানে দর্শকের মন ভরালেন শিল্পী কেয়া লাহিড়ী। গানের ফাঁকে ছিল নুপূরের নিক্বণ, কথার বুনন। আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ৫৯তম আনন্দ আয়োজন গত সোমবার সন্ধ্যায় হয়ে গেল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। ঠিক সোয়া সাতটায় পর্দা ওঠে অনুষ্ঠানের, কেয়া শুরু করেন দেশের গান ‘সব কটা জানালা খুলে দাও না’ দিয়ে, সঙ্গে ছিল দুই কিশোরীর নাচ। এরপর একে একে কেয়া শোনালেন ১০টি গান। নিজের অনুষ্ঠানে বাবার করুণ অন্তর্ধানের কথা বলেন, তারপর শোনান তাঁর বাবার প্রিয় গানটি—‘যখন থামবে কোলাহল’। এরপর মায়ের পছন্দের গানটি ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ গেয়ে দর্শকদের হারানো দিনে ফিরিয়ে নিয়ে গেলেন। ‘এই পৃথিবীর পরে’, ‘তুমি তো শীতল-চন্দন বৃক্ষ’, ‘ঠিকানা না রেখে’, ‘মায়াবতী মেঘে এলো’, ‘দুয়ো দুয়ো আড়ি’ এবং ‘চোখে চোখে কথা বল’ শ্রোতাপ্রিয় এসব গান ভালো গেয়েছেন কেয়া। তাঁর কণ্ঠের কাজও দারুণ। বিশেষ করে দ্রুত লয়ের ‘দুয়ো দুয়ো আড়ি’ ও ‘চোখে চোখে কথা বল’ গানে সুরের নাচন দর্শকের মনে নাচন ধরিয়েছে। মাঝখানে ছিল আশরাফ মাসুদের সঞ্চালনে সম্মাননা অনুষ্ঠান। মঞ্চে এলেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলওয়ের চিফ কমান্ডেন্ট মো. আমিনুর রশীদ ও বিশেষ অতিথি কেয়ার শিক্ষক বাণী কুমার চৌধুরী। মো. আমিনুর রশীদ বলেন, ‘সংগীত জীবন সাজায়, জীবন বাঁচায়। যখন সংগীতের প্রবল বাণিজ্যিকরণ হচ্ছে তখন আনন্দের এ আয়োজন আমাদের জন্য গর্বের।’বাণী কুমার চৌধুরী বলেন, ‘আনন্দ সাংস্কৃতিক অঙ্গন সবসময় নতুনদের উৎসাহিত করে। কেয়া ছোট্টবেলা থেকে আমার কাছে তালিম নিচ্ছে। আমি চাই গান নিয়ে সে অনেক দূর এগিয়ে যাক।’ শুভেচ্ছা বক্তব্য দেন আনন্দের পরিচালক লিটন মিত্র।দ্বিতীয় পর্বে কেয়া পরিবেশন করেন আরও ১০টি গান। ‘যেভাবে তুমি’, ‘লক্ষ্মীটি দোহাই’, ‘আমাকে দেখছ কেমন’, ‘এক বৈশাখে দেখা হলো’ গানগুলোতে শিল্পী সুরের খেয়ায় ভাসিয়েছেন সবাইকে। তবে মিষ্টি গানের জমাট এ আসরে হিন্দি গানের কী দরকার ছিল বোঝা গেল না।যন্ত্র সংগীতে ছিল দি সাউন্ড ভাইব্রেশান মিউজিশিয়ানস টিম। বাজিয়েছেন লিটন মিত্র (তবলা), জুয়েল দাশ (অক্টোপ্যাড), সৃজন রায় (কি-বোর্ড), সজল সরকার (বেজ গিটার), রাজীব ঘোষ (লিড গিটার), প্রিতম (ঢোলক) ও শ্যামল দাশ (বেহালা)।অনুষ্ঠানের দর্শক তুষার হায়দার বলেন, ‘শিল্পী গান শুরুর আগে গীতিকার ও সুরকারের নাম বলে দিলে ভালো করতেনস্বপ্নযাত্রীর হেমন্ত উৎসবডিসি হিলে গত শুক্রবার হয়ে গেল স্বপ্নযাত্রীর হেমন্ত উৎসব। মঙ্গল শোভাযাত্রা, আলোচনা, নাচ, গান, আবৃত্তি, নাটিকা, ‘বাংলার সাজ’ শীর্ষক ফ্যাশন শোতে পুরো আয়োজনটি ছিল জমজমাট। উৎসবের উদ্বোধন করেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী মো. জাবেদ আবছার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন তৌহিদ মুহাম্মদ ফয়সাল কামাল ও নাছির উদ্দিন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ সানাউল্লাহ। স্বাগত বক্তব্য দেন স্বপ্নযাত্রীর সম্পাদক ফরিদ উদ্দিন মোহাম্মদ। বিপুল দর্শকশ্রোতা উপভোগ করেছেন হেমন্ত উৎসব। এতে স্বপ্নযাত্রীর সদস্যদের বৃন্দ পরিবেশনা ‘হেমন্ত আনুক নবান্নের ঘ্রাণ—সকল প্রাণে’ ছাড়াও আবৃত্তি করেন রণজিৎ রক্ষিত, ইন্দিরা চৌধুরী, অঞ্চল চৌধুরী প্রমুখ। গানে গানে দর্শকদের মাতিয়ে রাখেন হাসান জাহাঙ্গীর, নিশা চক্রবর্তী ও মুস্তাফিজুর রহমান। নৃত্য পরিবেশন করেন রুমালী কবির, ইউনুছ খান, শরফ উদ্দিন প্রমুুখ। ফ্যাশন শো ‘বাংলার সাজ’ প্রদর্শন করে অ্যাক্ট প্লাস। অনুষ্ঠানে ভিন্ন মাত্রা আনে লাইলুন নাহারের রচনা ও পরিচালনায় ইভ টিজিং বিষয়ে সচেতনতামূলক নাটিকাটি।পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন নন্দনকাননের বাসিন্দা মৌমিতা নারগিস। তিনি বলেন, ‘ডিসি হিলে অনেক অনুষ্ঠান হয়, অনেক দর্শকও হয়। স্বপ্নযাত্রীর এ উৎসবে অনেক আয়োজন ছিল। তবে অনুষ্ঠানে মাঝেমধ্যে ছন্দপতন ঘটেছে, এটা দৃষ্টিকটু মনে হয়েছে।’অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দিলরুবা খানম ও সাইমা জেরিন।ফেইমের নাটক ‘সব ঝরে যায়’‘ঈশ্বর রক্ষা করেন যা কিছু সব ঝরে পড়ে আর তুলে ধরেন তাদের সবাইকে যারা ভারে নুয়ে পড়ে।’ ফেইম স্কুল অব ডান্স ড্রামা অ্যান্ড মিউজিকের সব ঝরে যায় নাটকে ছিল এ রকম অনেক সুন্দর সংলাপ। শুধু সংলাপের গুণে নয়, সাবলীল অভিনয়, আলোক প্রক্ষেপণ আর শিল্পিত মঞ্চসজ্জার কারণে এক ঘণ্টা ১০ মিনিটের নাটকটি হয়ে উঠেছিল উপভোগ্য। গত ২৬ নভেম্বর সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় সব ঝরে যায় নাটকের দুটি প্রদর্শনী।নোবেলজয়ী নাট্যকার স্যামুয়েল বেকেটের অল দ্যাট ফল নাটকটি অনুবাদ করেছেন কবীর চৌধুরী। যার বাংলা নামকরণ সব ঝরে যায়। গ্রামীণ আয়ারল্যান্ডের প্রেক্ষাপটে রচিত এ নাটকের কেন্দ্রীয় চরিত্র সত্তরোর্ধ্ব রুনি। তিনি একটি ছোট্ট পাহাড়ের ওপর অবস্থিত রেল স্টেশনে যাচ্ছিলেন অন্ধ স্বামীকে ঘরে নিয়ে আসতে। পথে নানা নাটকীয় ঘটনা ঘটে রুনির সঙ্গে। নাটকটি ছিল ফেইমের নাট্যকলা বিভাগের ছাত্র প্রযোজনা-১৫। এতে অভিনয় করেন মুবিদুর রহমান, আঁখি মজুমদার, রুমেল বড়ুয়া, চয়ন বড়ুয়া, মো. নাজমুল হক, বাপ্পী সিকদার, নাজিয়া তাবাসসুম, সামসুদ্দিন আহমেদ, বিবি আয়েশা, ইকবাল চৌধুরী প্রমুখ। নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন ফেইমের অধ্যক্ষ অসীম দাশ।