
তিনি পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শুধুই কি পড়েছেন! বাধ্য শিক্ষার্থীর মতো পরিসংখ্যানের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা তখন তাঁর পরিসংখ্যান পাঠপর্বে নজর করি! স্নাতকোত্তরে সিজিপিএ-৪ পেয়ে অর্জন করেছেন প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার গৌরব। আর স্নাতকেও তিনি ছিলেন প্রথম শ্রেণিতে তৃতীয় অবস্থানে। সম্মানজনক ফলের জন্য ২০১৩ পেয়েছেন ডিনস অ্যাওয়ার্ড। এই মেধাবীর নাম কামরুন নাহার। তবে আপনজনের কাছে পরিচিত কেয়া নামে।
বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেছেন। এতসব পেশা থাকতে শিক্ষক কেন? উত্তর যেন তাঁর তৈরিই ছিল, ‘আমি যেমন শিক্ষকের মাধ্যমে গড়ে উঠেছি। তেমনি আমি যা অর্জন করেছি বা এখনো করছি তা সবার মাঝে বিলিয়ে দিতে চাই।’
কামরুন নাহারের বেড়ে ওঠা দিনাজপুরের বীরগঞ্জে। নিকটজনদের কাছে মেধাবী পরিচয় সেই ছোট্ট বেলা থেকেই। স্কুলে সব সময় থাকতেন সেরাদের কাতারে। মেধাবী তকমাটি শক্তপোক্ত করেছিলেন অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে। কামরুন নাহারের কাছ থেকে আরও জানা গেল, তিনি মাধ্যমিক পড়েছেন দিনাজপুরের বীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় থেকে। আর উচ্চমাধ্যমিক পাস করেছেন বীরগঞ্জ ডিগ্রি কলেজে। এ দুটো পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়ে ধরে রাখেন মেধার স্বাক্ষর।
শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনা নিয়েই পড়ে থাকেননি কামরুন নাহার। হুমায়ূন আহমেদ, সমরেশ মজুমদারের অনেক বই তাঁর বার কয়েক করে পড়া হয়েছে। চর্চা আছে কবিতা আবৃত্তিরও। তাঁর স্বপ্ন সম্পর্কে বলেন, ‘আমি উচ্চতর ডিগ্রি নিতে বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চাই।’ তবে এটিও জানাতে ভুল করলেন না, উচ্চতর ডিগ্রি নিয়ে অবশ্যই দেশে ফিরে আসবেন। আর শিক্ষক হিসেবে কাজ করবেন প্রতিষ্ঠিত কোনো বিশ্ববিদ্যালয়ে।