কৈশোরে...

১৫ বছরের মৃদুল (ছদ্মনাম) দশম শ্রেণীর ছাত্র। সে বেশ চুপচাপ এবং কারও সঙ্গে খুব একটা মেশে না। একদিন অপ্রত্যাশিতভাবে ক্লাসের শিক্ষক সবার সামনে তাকে প্রচণ্ড বকা দেন। লজ্জায়, অপমানে মনন যেন ধুলার সঙ্গে মিশে যায়। এক মুহূর্তে জীবনটা অর্থহীন এবং বেঁচে থাকার অযোগ্য মনে হয়। রাতে সে আত্মহত্যা করে। যদিও আত্মহত্যা কোনো সমাধান নয়। নিজেকে শেষ করে ফেলাটা কারও জন্যই কাম্য নয়।
সামান্য তিরস্কারের জন্য আত্মহত্যার মতো কঠিন একটা সিদ্ধান্তে অনেক পাঠকই অবাক হতে পারেন। তবে বাস্তবতা হলো, কৈশোরের খুব ‘নাজুক’ সময়টাতে এমন ঘটনা বিরল নয়। এ সময় আত্মমর্যাদাবোধ থাকে টনটনে। সিদ্ধান্ত গ্রহণে সে হয় অপরিণামদর্শী। টলমলে আবেগ দিয়েই দেখে সে জীবনকে। সামান্য কিছুতে আপ্লুত হওয়া, খুব কষ্ট পাওয়া, অপমানিত হওয়া এবং সহজেই প্রভাবিত হওয়ারই বয়স এটা।
কৈশোরের এই টালমাটাল সময়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে (যেমন পরীক্ষার ফলাফল খারাপ করা, প্রেমে ব্যর্থ হওয়া, বড়দের তিরস্কার ইত্যাদি) মানিয়ে নেওয়ার ক্ষমতা কম থাকে। কাজেই খাপ খাওয়াতে না পেরে তারা যেকোনো ঝুঁকিপূর্ণ কাজ করে ফেলতে পারে। আর সহজে ‘ভুল পথে’ প্রভাবিত হওয়ারও সম্ভাবনা থাকে এ বয়সে।
অভিভাবক ও শিক্ষকেরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারেন না, এ সময় ছেলেমেয়ের সঙ্গে কেমন আচরণ করা উচিত। ‘বিপথগামী’ এই সময়টা কি তাঁরা কঠিন অনুশাসনে বেঁধে ফেলবেন, নাকি তাদের শুধু সময়ের হাতে ছেড়ে দেবেন?

কঠিন অনুশাসন কেন নয়?
এই বয়সে সমালোচনা, গায়ে হাত তোলা, প্রতিটি কাজে বাধা ইত্যাদি অনেক ক্ষেত্রে সাময়িকভাবে কার্যকর হলেও বেশির ভাগ ক্ষেত্রেই এর সুদূরপ্রসারী প্রভাব নেতিবাচক। যেমন—
এসব অনুশাসনে কিশোর মনে হীনম্মন্যতাবোধ তৈরি হয়। বলিষ্ঠ ব্যক্তিত্ব গঠন বাধাপ্রাপ্ত হতে পারে।
ঠিকভাবে নিজের প্রতি আস্থা তৈরি না হতে পারে। ছেলেমেয়েরা নিজেদের গুটিয়ে নিতে পারে। অন্যের সঙ্গে মিশতে পারার সামাজিক দক্ষতাগুলো তৈরিতে সমস্যা হতে পারে।
অতিরিক্ত অনুশাসনের কারণে নানা ধরনের নেতিবাচক আবেগ যেমন—রাগ, জেদ, খিটখিটে ভাব, হিংস্রতা ইত্যাদি স্থায়ীভাবে স্বভাবের মধ্যে ঢুকে যেতে পারে। বকা দেওয়া, গায়ে হাত তোলা, কটু কথা বলা ইত্যাদি আচরণ অজান্তেই তারা নিজেদের মধ্যে আয়ত্ত করে।
অতিরিক্ত শাসন কিশোর মনে আপনার প্রতি রাগ, ঘৃণা, অশ্রদ্ধা এবং মানসিক দূরত্ব তৈরি করতে পারে, যা বাইরে থেকে আপনি হয়তো বুঝতেই পারছেন না।
তাহলে কেমন হবে বড়দের আচরণ
অতিমাত্রায় সংবেদনশীলতা, আবেগপ্রবণতা, অতি স্বাধীনচেতা মনোভাব কৈশোরের স্বাভাবিক বৈশিষ্ট্য। প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এসব কমে আসে। কাজেই এসব আচরণে খুব বেশি উদ্বিগ্ন না হয়ে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। কঠিন শাসন বা অবাধ প্রশ্রয়—কোনোটাই ঠিক নয়। এ দুইয়ের মধ্যে সামঞ্জস্য রেখে বয়স অনুযায়ী সীমারেখা নির্ধারণ প্রয়োজন।
মনোবিজ্ঞানের একটা নিয়ম হলো, যেমন আচরণে আপনি মনোযোগ দেবেন, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে উৎসাহ জোগাবে। তিরস্কার বা প্রশংসা—দুভাবেই সে মনোযোগ পায়। কাজেই অনাকাঙ্ক্ষিত আচরণে মনোযোগ না দিয়ে বরং সম্পূর্ণ উপেক্ষা করুন এবং তার কাঙ্ক্ষিত আচরণে মনোযোগ বাড়িয়ে দিন।
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন
বন্ধুত্ব এমন একটি সম্পর্ক, যেখানে নির্দ্বিধায় আমরা মনের কথা বলতে পারি। যেখানে কোনো চোখ রাঙানির ভয় থাকে না। সুতরাং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ছেলেমেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। নিজের মতো করে তার মতামত প্রকাশে সাহায্য করুন। সেখানে কোনো ভুল থাকলে যুক্তি উপস্থাপনের মাধ্যমে তাকে বুঝতে সাহায্য করুন।
সমালোচনা না, কারও সঙ্গে তুলনা না
সরাসরি সমালোচনা বা আত্মমর্যাদায় আঘাত দিয়ে কোনো কথা বলবেন না। অন্যদের সামনে থাকে হেয় করে কথা বলা অথবা অন্য বাচ্চাদের সঙ্গে তুলনা করা একেবারেই নয়। কারণ এ ক্ষেত্রে হীনম্মন্যতাবোধ ও নিজের প্রতি আস্থাহীনতা তৈরি হয়।
কোনো অবস্থাতেই জেদে ‘প্রশ্রয়’ না
জেদ করলে সেই দাবি পূরণ না করার দৃঢ়তা বজায় রাখুন। জেদের কারণে তার যেকোনো অনাকাঙ্ক্ষিত আচরণ সম্পূর্ণ উপেক্ষা করুন।
বন্ধুবান্ধব ও খেলাধুলায় উৎসাহ
কৈশোরে সমবয়সী বন্ধুরা তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কাজেই বন্ধুদের নিয়ে কটূক্তি করবেন না। প্রয়োজনে মাঝে মাঝে তাদের বাড়িতে আমন্ত্রণ জানান। জানুন, আপনার সন্তান কার সঙ্গে মিশছে। বন্ধুবান্ধবের সঙ্গে মিশতে ও খেলতে উৎসাহ দিন। এতে সমস্যার সমাধান, সম্পর্ক তৈরি করার মতো সামাজিক দক্ষতা তৈরি হয়।
পরীক্ষার ফলাফল বিষয়
ফলাফল বেরোলে যেসব বিষয়ে সে তুলনামূলকভাবে ভালো করেছে, সেসব নিয়ে আগে কথা বলুন। প্রশংসা করুন। এতে ভালো ফল করায় সে উৎসাহিত হবে। যেসব বিষয়ে ফলাফল খারাপ হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকুন। পরে অন্য কোনো সময়ে খারাপ ফল করা বিষয়গুলোতে তার দুর্বলতার কারণগুলো আন্তরিকভাবে জানতে চান।
অনাকাঙ্ক্ষিত আচরণে
অবাধ্য হওয়া, পড়াশোনা না করা, স্কুল পালানো ইত্যাদি যেকোনো আচরণে সরাসরি বকা দেওয়া বা হেয় করা থেকে বিরত থাকুন। বরং প্রয়োজনে সাময়িকভাবে এ সময়ের জন্য তার কিছু সুবিধা কমিয়ে দিন। যেমন কথা বলা, আদর করা, খরচের টাকা, উপহার দেওয়া সাময়িকভাবে কমিয়ে দিন।
যেকোনো কাঙ্ক্ষিত আচরণে উৎসাহ
পড়াশোনা করলে, কথা শুনলে প্রশংসা করুন এবং উৎসাহ দিন। আপনি যে খুশি হয়েছেন, তা নানাভাবে প্রকাশ করুন।
হঠাৎ আচরণ পরিবর্তন
হঠাৎ যদি আচরণের কোনো পরিবর্তন দেখেন, যেমন চুপচাপ হয়ে যাওয়া, অস্থির থাকা, পড়ালেখায় হঠাৎ অনীহা, খাওয়া-ঘুম কমে যাওয়া ইত্যাদি গুরুত্বের সঙ্গে নিন। তার সঙ্গে কথা বলুন। প্রয়োজনে মানসিক বিশেষজ্ঞের সাহায্য নিন।
মনে রাখবেন, কিশোর বয়সে নিজের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হলে পরবর্তী জীবনে ইতিবাচক হওয়া কঠিন। অভিভাবক ও শিক্ষকের সঙ্গে শৈশব ও কৈশোরের চমৎকার অভিজ্ঞতা জীবনের নানা জটিলতা মোকাবিলা করতে যে মানসিক শক্তি জোগায়, তার কোনো তুলনা নেই।
লেখক: মানসিক রোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা। ইমেইল:
[email protected]