কৈশোরে চাই বিশেষ প্রজনন স্বাস্থ্যসেবা

বাংলাদেশ গত তিন দশকে স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ অর্থনৈতিক উন্নতিসাধন ছাড়াই দেশটি এক প্রজন্মে জন্মহারে বড় ধরনের পরিবর্তন এনেছে। জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচি দম্পতিদের সন্তান জন্মহার কমাতে অনুপ্রাণিত করেছে। যার ফলে সত্তরের দশকের মধ্যভাগে যেখানে পরিবারপ্রতি ছয়টি সন্তান জন্মগ্রহণ করত, ২০১৪ সালে তা ২ দশমিক ৩-এ নেমে এসেছে। উল্লেখযোগ্য এই সাফল্য সত্ত্বেও বাংলাদেশে কৈশোরকালে সন্তান জন্মদানের হার এখনো অনেক বেশি। মোট বার্ষিক জন্মের প্রায় এক-চতুর্থাংশ সন্তান জন্ম দিচ্ছে কিশোরী মায়েরা।
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যার শতকরা পাঁচ ভাগের একভাগের বয়স ১০ থেকে ১৯ বছরের মধ্যে। বাংলাদেশের মেয়েরা, বিশেষত যারা গ্রামে বা অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত থাকে, তারা ছেলেদের তুলনায় দ্রুত বেড়ে ওঠে। কিশোরীদের মধ্যে অনেকে নববিবাহিতা। অন্যদের কেউ কেউ বেশ কয়েক বছর আগে থেকেই বিবাহিতা এবং গর্ভধারণ ও সন্তান প্রসব করেছে। কয়েকজনের ইতিমধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে বা কেউ বিধবা হয়ে শিশুসন্তানদের দেখভাল করতে গিয়ে হিমশিম খাচ্ছে। অবিবাহিতা কিশোরীরা বাড়ির বিভিন্ন কাজকর্ম করে। তারা পরিবারের সদস্যদের সেবাযত্নে সহায়তা করে এবং দৈনন্দিন ঘরোয়া কাজে সময় দেয়। অনেকে আবার শ্রমশক্তির অংশ হয়ে যায়। শহরাঞ্চলে গিয়ে বসবাস করাটাও কিশোরীদের মধ্যে বিরল নয়। সেখানে গিয়ে তারা পোশাকশ্রমিক হিসেবে কাজে যোগ দেয় বা বিভিন্ন বাড়িঘরে পরিচারিকার কাজ খুঁজে নেয়। এভাবে তারা পরিবারের জন্য অর্থ উপার্জন করে। কৈশোরে ছেলেদের মধ্যে বিয়ে করে ফেলার উদাহরণ খুব কম। তবে কেউ কেউ মা-বাবা বা ভাই-বোনকে সাহায্য করার মতো বড় পারিবারিক দায়িত্ব পালন করতে বাধ্য হয়। যদি তারা অশিক্ষিত বা ভূমিহীন হয়, তাহলে তাদের সুযোগ অনেক সীমিত হয়ে পড়ে। অনেকে শহরে গিয়ে রিকশা চালানো বা দিনমজুরের কাজ খোঁজে। অথবা তারা গ্রামে থেকেই কৃষিকাজ কাজ করে। অনেকেই বেকার থেকে যায়। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়ে উভয়ের মধ্যেই একদল আবার যত্ন-আত্তির মধ্যে বেড়ে ওঠে। মূলত শহুরে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারগুলোতে তাদের দেখা যায়। গ্রামেও রয়েছে, তবে সংখ্যায় অল্প। তারা মা-বাবার যত্ন-ভালোবাসায় বেড়ে ওঠে। উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করে উচ্চতর শিক্ষা অর্জনের পথে এগিয়ে যায়।
বয়ঃসন্ধিকালীন বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে কিশোর-কিশোরীদের বিশেষ প্রজনন স্বাস্থ্যসেবা ও শিক্ষা নেওয়া প্রয়োজন। একজন বিবাহিতা, অন্তঃসত্ত্বা কিশোরীর সন্তান প্রসবের আগে উন্নতমানের পরিচর্যা দরকার। আর তার প্রসবকালে একজন প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী বা সেবিকার সহায়তা প্রয়োজন। কারণ, বয়স অল্প হওয়ার কারণে কিশোরী মায়েরা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকে। তার স্বামীকেও প্রসূতির গর্ভকালীন বিভিন্ন ঝুঁকি সম্পর্কে জানতে হবে। যদি তিনি বিয়ের আগেই যৌনকর্মে সক্রিয় থাকেন. তাহলে তিনি বিভিন্ন যৌনরোগে আক্রান্ত হতে পারেন এবং সে ক্ষেত্রে তাঁকে অবশ্যই উপযুক্ত চিকিৎসা নিতে হবে। পাশাপাশি তঁাকে অবশ্যই নিজের আচরণের ফলে স্ত্রীর স্বাস্থ্য এবং ভবিষ্যতে সন্তান জন্মদানের ওপর কী কী প্রভাব ফেলতে পারে, সেগুলো জানতে হবে।
বাল্যবিবাহের সঙ্গে অল্প বয়সে প্রথম সন্তান জন্মদানের সম্পর্ক রয়েছে। নারীদের প্রায় অর্ধেক ২০ বছর বয়স হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসে। আর ১৫ থেকে ১৯ বছর বয়সী প্রতি তিনজন নারীর একজন গর্ভধারণ করে। বাংলাদেশ জনমিতিক ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস) ২০১১ সালের প্রতিবেদন অনুযায়ী, ১৫ থেকে ১৯ বছর বয়সী বিবাহিতা নারীর আনুপাতিক হার কমেছে। ১৯৭৫ সালে যা ছিল ৭০ শতাংশ, তা এখন ৫০ শতাংশে নেমে এসেছে। দেশের মোট জনসংখ্যার আনুমানিক ৯ শতাংশ ১৫ থেকে ১৯ বছর বয়সী। তাদের অর্ধেক হচ্ছে নারী এবং সেই নারীদের অর্ধেক বিবাহিতা। এর মানে হলো, বাংলাদেশে আনুমানিক ৩০ লাখ বিবাহিতা কিশোরী রয়েছে। তাদের অনেকে অন্তঃসত্ত্বা অথবা ইতিমধ্যে মা হয়েছে। সুসংবাদ হলো, স্বাস্থ্য বিবেচনায়, কিশোরী মায়েদের সংখ্যা কমছে। ৭০ শতাংশ বিবাহিতা কিশোরী এখনো মা হয়নি। তবে বাকি ৩০ শতাংশের মধ্যে যারা মা হয়েছে, তাদের ৯ শতাংশ ১৫ বছর বয়সের মধ্যে গর্ভধারণ করেছে অথবা সন্তান প্রসব করেছে। ১৯ বছর বয়সের মধ্যে প্রতি পাঁচজন বিবাহিতা কিশোরীর প্রায় তিন জন অন্তঃসত্ত্বা হয়েছে অথবা সন্তান প্রসব করেছে। সন্তান জন্মদানের সার্বিক সংখ্যায় কিশোরীদের অবদান ২৫ শতাংশ। অন্য কথায়, ৭ লাখ ৫০ হাজার কিশোরী প্রতিবছর সন্তান জন্ম দিচ্ছে।
বিভিন্ন গবেষণায় প্রাপ্ত তথ্য-উপাত্ত অনুযায়ী, প্রজননস্বাস্থ্য এবং যৌন আচরণ সম্পর্কে আমাদের দেশের কিশোর-কিশোরীদের জ্ঞান অত্যন্ত সীমিত। যৌন আচরণ সম্পর্কে সঠিক তথ্য পাওয়াটা তাদের জন্য সহজ নয়। এর কারণ হতে পারে এ রকম ধারণা করা যে. বাংলাদেশের মতো রক্ষণশীল সমাজে বিয়ের আগে ছেলে মেয়েরা যৌনকর্মে লিপ্ত হয়না সীমিত তথ্যপ্রাপ্তি এটাও ইঙ্গিত করে যে রক্ষণশীল মূল্যবোধগুলো ছেলে ও মেয়ে কাউকেই যৌনতার পরীক্ষা-নিরীক্ষা থেকে বিরত রাখতে পারছে না। অথচ এ ধরনের আচরণ তাদের প্রজননস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তথ্য-উপাত্তের অভাবের কারণে যেসব সমস্যা হচ্ছে, সেগুলো দূর করার জন্য নীতিমালা ও কর্মসূচিগুলোয় পরিবর্তন আনার প্রয়োজনীয়তা রয়েছে। কিশোর-কিশোরীরা প্রজননস্বাস্থ্য এবং যৌনতার ব্যাপারে সাধারণত অজ্ঞ থাকে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ, পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তারা এ ব্যাপারে খুব কমই জানতে পারে।
ছোট পরিসরের বেশ কয়েকটি গবেষণায় বলা হয়, ১৩ থেকে ১৫ বছর বয়সের মধ্যেই যৌনশিক্ষা শুরু করা উচিত। কারণ, এই বয়সসীমার মধ্যে অধিকাংশ মেয়ের ঋতুচক্র শুরু হয়ে যায়। পর্যবেক্ষণে দেখা যায়, অধিকাংশ অবিবাহিতা মেয়ে নিজেদের ঘনিষ্ঠ বান্ধবী বা পরিবারের সদস্যদের কাছ থেকে এ বিষয়ে জানতে চায়। তবে কিশোররা মনে করে, বেতার-টেলিভিশনের মতো গণমাধ্যমই এ ব্যাপারে সবচেয়ে কার্যকর শিক্ষার মাধ্যম হতে পারে। যৌনতা শিক্ষায় বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমের বিপক্ষে মত দেন অধিকাংশ কিশোর-কিশোরী ও শিক্ষক। কিন্তু অধিকাংশ সেবাদাতা, অভিভাবক ও কমিউনিটি নেতারা মনে করেন, যৌনশিক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে। কিশোর বয়সীদের কাছে বার্তা পৌঁছাতে হলে এসব মতামতের গুরুত্ব রয়েছে এবং কার্যকারিতার সম্ভাব্যতা যাচাই করেই বিভিন্ন কর্মসূচি চালু করা উচিত।
বিবাহিতা কিশোরীদের যথাযথ সেবা দেওয়ার জন্য বাংলাদেশের মতো রক্ষণশীল সমাজে বেশ কিছু কঠিন বিষয় বিবেচনায় নিতে হবে। আর এ জন্য প্রজনন স্বাস্থ্য ও যৌন বিষয়ে শিক্ষা কার্যক্রম চালু করতে হবে।
লেখক: পপুলেশন কাউন্সিল, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর