কৈশোরে মেয়ের পাশে
নিবেদিতার খুব ভালো বন্ধু তার মা। স্কুল থেকে ফিরেই সারা দিন মায়ের সঙ্গে বন্ধুদের গল্প। রাজ্যের গল্পের ঝুড়ি খুলে বসে সে। কিন্তু হঠাৎ করেই কেমন যেন চুপচাপ হয়ে গেছে সে। পরিবারের কারও সঙ্গে খুব একটা কথা বলতে চায় না। দরজা বন্ধ করে একা একা থাকতে এবং মোবাইল ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলতেই বেশি পছন্দ করে। কর্মজীবী মা আয়েশা সুলতানা বিষয়টা নিয়ে বেশ চিন্তিত। চিন্তা করে কূল-কিনারা খুঁজে পান না তিনি।অন্যদিকে নিলা এখন মায়ের কথা একটু কমই শোনে। পারলারে গেলে চুলের কোন কাটটা দেবে বা পার্টিতে গেলে কোন পোশাকটা পরবে—সবকিছু মায়ের মতামত নিয়েই করত। কিন্তু এখন কোন পোশাকটা পরবে বা পারলারে গিয়ে চুল কেমন করে কাটবে, সে নিজেই তা নির্বাচন করতে চায়। মায়ের কথা একদম শুনতে চায় না। কখনো কখনো মায়ের সঙ্গে তর্কও করে।এইচএসসি পরীক্ষা শেষ করে হাতে অবসরটা যেন একটু বেশি তাসনিমের। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিজেকে প্রস্তুত করা ছাড়া বাকি সময়টুকু ফেসবুক ও মোবাইল ফোন নিয়েই থাকে। মা-বাবা দুজনই কর্মজীবী হওয়ায় মেয়েকে তেমন সময় দিতে পারেন না। মা-বাবা দুজনের চিন্তা মেয়েকে ঘিরে। চোখের সামনে মেয়েটা কেমন যেন বদলে যাচ্ছে।শৈশব থেকে কৈশোরে পা দেওয়ার সময় প্রতিটি মানুষের মধ্যে কিছু পরিবর্তন আসে। কেননা, সে একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। সে নিজের চিন্তা করা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করে। প্রতিমুহূর্তে আবিষ্কার করার নেশা যেন তাকে তাড়া করে। নিজে তৈরি করে নিজের জগৎ। আর এই নতুন জগতে পা দেওয়ার শঙ্কাটা যেন অভিভাবকদের বেশি। বিশেষ করে কন্যাসন্তানের পরিবর্তনটা যেন মায়েদের ভাবনার কেন্দ্রে থাকে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমা খাতুন বলেন, প্রত্যেক মানুষের বিকাশের কয়েকটা ধাপ আছে। এ ধাপগুলোতে মানুষ আগের চেয়ে বেশি বোঝার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করে। আর এই ধাপগুলোর মধ্যে বিশেষ করে বয়ঃসন্ধিকালটা (১৩—১৮ বয়স) উল্লেখযোগ্য। এ সময় সে নতুন কিছু জানতে চায়। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চায়। মেয়েদের বেলায় শারীরিক পরিবর্তনটাও গুরুত্বপূর্ণ। এ জন্য ‘বড় হয়ে গেছি’ এমন একটা ভাব তার মনে আসতে পারে। একা থাকতে পছন্দ করে। আর স্বভাবতই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে। আবার মা হয়তো বুঝে বা না বুঝে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন। মেয়ের এমন উদাসীন হাবভাব দেখে বাইরে যাওয়া বা মেলামেশার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। ফলে মেয়ে আর মায়ের মধ্যে তৈরি হয় বৈরী ভাব। এ সময় মেয়ের সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত। পাশাপাশি এ সময় মাকে মেয়ের কাছাকাছি আসতে হবে আরও বেশি। সে কী করতে চায়, কাদের সঙ্গে মিশতে চায় চাইছে, সে বিষয়ে আলোচনা করা দরকার। কেননা, অভিভাবকেরা যদি সন্তানের কথা না শোনেন, তাহলে সন্তানও একই পদ্ধতি অবলম্বন করে অভিভাবকদের ক্ষেত্রে। তাই মা-বাবাকেই হতে হবে রোল মডেল। আর প্রতিটি প্রজন্মের মধ্যে যে পরিবর্তনগুলো হয়, সে বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে মা-বাবাকে। যেমন মেয়ে ফেসবুকে কী নিয়ে এত সময় কাটায়, তা বুঝতে মা-ও ফেসবুক ব্যবহার করে দেখতে পারেন। মেয়ের পছন্দের গানগুলো মা তার সঙ্গে মিলেই শুনতে পারেন। মা-মেয়ে একসঙ্গে মেয়ের পছন্দের কোনো সিনেমা দেখতে পারেন।রেড বিউটি স্যালনের কর্ণধার আফরোজা কামাল বলেন, ‘আমরা লক্ষ করি, এক কিশোরী হয়তো চাইছে একটু বড়দের মতো করে চুল কাটতে। কিন্তু তার মা তা চাইছেন না । ফলে মা আর মেয়ের মধ্যে মতভেদ দেখা দিচ্ছে। কেননা, এ বয়সে একটি মেয়ে চায় পার্টিতে এমন পোশাক পরে যেতে, যাতে তাকে যেন বেশি বড় দেখায়। অথচ সেই পোশাক ও চুলের কাটিং তাকে খুব ভালো মানাচ্ছে না। তখন আমরা মেয়েটিকে বোঝানোর চেষ্টা করি। তবে এই সময় সবচেয়ে যা দরকার তা হলো, মাকে ধৈর্যসহকারে মেয়েকে বোঝাতে হবে। চিৎকার-চেঁচামেচি করলে হিতে বিপরীত হতে পারে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যক্ষ মাহ্বুবা নাসরিন বলেন, এ সময় মা তাঁর মেয়েকে শারীরিক পরিবর্তনের বিষয়গুলোকে বুঝিয়ে বলবেন। আর খুব সচেতনভাবে যৌন বিষয় সম্পর্কে আলোচনা করবেন। এড়িয়ে না গিয়ে এ বিষয়ে তাকে সঠিক জ্ঞান দিতে হবে। তাহলে মেয়ে ভুল পথে পা বাড়াবে না। সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখবেন মা। এই সময় মাকে মেয়ের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে। ফেসবুক বা মোবাইল ফোনে কাদের সঙ্গে মেয়ের বন্ধুত্ব হলো, সে দিকে লক্ষ রাখবেন মা। মা নিজে বই পড়বেন এবং মেয়েকে ভালো বই পড়তে উৎসাহ দেবেন।