কৈশোরের দেহঘড়ি, ঘুম আর পড়ালেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়ঃসন্ধিকালে শারীরতত্ত্বের সঙ্গে মানানসইভাবে স্কুলের সময়সূচি নির্ধারণ করা এই গবেষণার অন্যতম উদ্দেশ্য
বয়ঃসন্ধিকালে শারীরতত্ত্বের সঙ্গে মানানসইভাবে স্কুলের সময়সূচি নির্ধারণ করা এই গবেষণার অন্যতম উদ্দেশ্য

রাতে আগেভাগে ঘুমাতে যাও, সকালে আগেভাগেই জেগে ওঠো—দুনিয়াজুড়েই কিশোর-কিশোরীদের এই উপদেশ দেওয়া হয়। সকালবেলা বিছানা ছাড়া নিয়ে গড়াগড়ি আর স্কুলে গিয়ে ঘুমে চোখ ঢুলঢুলু হয়ে থাকলে সবাই বলে ‘ঘুমকাতুরে’। কিন্তু এটা কি কেবল কিশোর-কিশোরীদের দৈনন্দিন রুটিনের সমস্যা? নাকি আসলেই বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের দেহঘড়ি প্রাপ্তবয়স্কদের চেয়ে একটু ভিন্ন সময় মেনে চলে? আর পড়ালেখা শেখার সঙ্গেই বা এই ঘুমের সম্পর্ক কী? এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিস্তৃত পরিসরে অভিনব এক গবেষণা চালানো হচ্ছে যুক্তরাজ্যে। দ্য গার্ডিয়ান এ সম্পর্কে জানিয়েছে।

এই গবেষণার জন্য ১৪ থেকে ১৬ বছর বয়সী হাজার হাজার ছাত্রছাত্রীর প্রথাগত প্রভাতি বিদ্যালয়ের সময়সূচি পাল্টে দেওয়া হবে। সকাল আটটা বা নয়টার বদলে সকাল ১০টা থেকে শুরু করা হবে ওদের ক্লাস। ফলে, রাতে এখনকার চেয়ে আরেকটু দেরিতে ঘুমাতে যাওয়া এবং সকালে আরেকটু দেরি করে ঘুম থেকে ওঠার সুযোগ পাবে এই ছেলেমেয়েরা। পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ঘুম সম্পর্কেও শেখার সুযোগ পাবে। অন্ততপক্ষে এক বছর এই রুটিনে থাকলে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, শেখার ক্ষমতা ও স্কুলের ফলাফলে কী ধরনের প্রভাব পড়ে, তা দেখতে চান গবেষকেরা।

স্নায়ুবিজ্ঞান কীভাবে শিক্ষা, শিক্ষাদান এবং স্কুলের ফলাফল উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তা খুঁজে বের করাই এই গবেষণার উদ্দেশ্য। ওয়েলকাম ট্রাস্ট ও এডুকেশন এনডাওমেন্ট ফাউন্ডেশনের ৪০ লাখ পাউন্ড অর্থায়নে পরিচালিত ছয়টি গবেষণ প্রকল্পের একটি এই কৈশোরের দেহঘড়ি, ঘুম ও পড়ালেখাসংক্রান্ত গবেষণা। ব্রিটেনের ১০৬টি স্কুলের ৩২ হাজার ছাত্রছাত্রী এই গবেষণার অংশ হবে।

স্নায়ুবিজ্ঞানীদের মতে, কিশোর-কিশোরীদের মস্তিষ্কে ‘সারকাডিয়ান ক্লক’ বা দেহঘড়ির কাঁটা আসলে প্রাপ্তবয়স্কদের তুলনায় সাধারণত দুই ঘণ্টা পিছিয়ে থাকে। অর্থাৎ, ওদের ঘুমানো এবং জেগে ওঠার সময় চক্রটাই দুই ঘণ্টা দেরিতে চলতে শুরু করে। তাই ওদের রাতে স্বাভাবিক সময়ের চেয়ে একটু দেরিতে ঘুম পায় এবং সকালেও ওরা একটু দেরিতে উঠতে চায়। কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থাপনার কারণে ওদের জৈবিক দেহঘড়ির সঙ্গে স্কুলের রুটিন মেলে না। ফলে, ঘুমের চাহিদা মেটার আগেই ওদের উঠে পড়তে হয় এবং স্কুলে যেতে হয়। এ কারণে লেখাপড়ায় যথাযথ মনোযোগ দিতে না পারার ঘটনাও ঘটতে পারে।