কোঁকড়ানো চুলের জন্য সোজা সমাধান
কোঁকড়ানো চুল নিয়ে অনেকেই ঝামেলা পোহান। এ ধরনের চুলের কারণে গিঁঠ বেঁধে যাওয়া, চুল বড় না হওয়া, ভেজা চুল না শুকানোসহ নানান সমস্যায় ভুগতে হয়। কোঁকড়ানো চুলগুলো কীভাবে যত্নে রাখবেন, তা জানালেন হারমোনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা।
১. কোঁকড়ানো চুলে গিঁঠ বেঁধে যাওয়া বড় একটা সমস্যা। এর সমাধান পেতে প্রতিদিন গোসলের পর এক মগ পানিতে এক টেবিল চামচ ভিনেগার মিশিয়ে তা দিয়ে চুল ধুয়ে নিন। এতে খানিকটা হলেও উপকার পাবেন।
২. কোঁকড়ানো চুল নমনীয় করতে ভাতের মাড় বেশ উপকারী। এক মগ ভাতের মাড় ঠান্ডা করে চুলে ঢেলে পাঁচ মিনিট অপেক্ষা করুন। এরপর পানিতে চুল ধুয়ে ফেলুন। দেখবেন, কিছুটা হলেও নমনীয় হবে আপনার চুলগুলো।
৩. কোঁকড়ানো চুলে উকুন হলে দুশ্চিন্তার শেষ নেই। চুল দ্রুত না শুকানোর কারণে এ সমস্যা দেখা দেয়। এ জন্য সপ্তাহে তিন দিন নারকেল তেলের সঙ্গে মেথি মিশিয়ে চুলে লাগাতে পারেন।
৪. কোঁকড়ানো চুল শুকাতে ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এতে করে চুলের মারাত্মক ক্ষতি হয়। এ ধরনের চুল শুকাতে টেবিল ফ্যান ব্যবহার করুন। টেবিল ফ্যান ছেড়ে বড় দাঁতের চিরুনি দিয়ে চুলগুলো টেনে আঁচড়াতে থাকুন। এতে চুল শুকাবে। চুলের কোঁকড়ানো ভাব কিছুটা হলেও কমে আসবে।
৫. সাধারণ চুল রাতে ঘুমানোর সময় বেঁধে রাখলে ভালো। তবে কোঁকড়ানো চুলের ক্ষেত্রে কখনোই এমনটা করতে যাবেন না। এতে চুল আরও কোঁকড়ানো হয়ে যাবে। গরমের সময় পনিটেইল বেঁধে ঘুমানোই ভালো।