কোকিল ডাকে, বসন্ত আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতুরাজ বসন্ত। কত যে ফুল ফোটায়! বাতাসে মিশিয়ে দেয় নিজের গন্ধ, ছন্দ ও আনন্দ। প্রকৃতি মাতোয়ারা হয়। অধিকাংশ পাখির বুকের ভেতরে প্রেম জাগে, আনন্দে গলা খুলে গান গায়, জুটি বাঁধে ও মৌ মৌ প্রেমে মশগুল হয়। বসন্ত জীবনের প্রতীক। বসন্ত যৌবনের প্রতীক। ভালোবাসার প্রতীক। বসন্ত ঋতুর একটা আশ্চর্য-সুন্দর রং যেমন আছে, তেমনি আছে তার নিজস্ব ছন্দ-গন্ধ। সব ঋতুরই আছে আলাদা আলাদা রং। কিন্তু বসন্তকালের দখিনা হাওয়া আর কোকিলের কুহু কুহু ডাক মিলেমিশে এমন একটা আবহ সৃষ্টি হয় যে মরা গাছটাও ফোটাতে চায় ফুল, পাখিরা প্রেমে ব্যাকুল হয়ে গান গেয়ে চলে অবিরাম, মানুষের মনও কেমন উদাস-উদাস, বাউল-বাউল ভালো লাগায় ভরে ওঠে। তরুণ-তরুণী হূদয়ে যেন ‘কেমন কেমন সুখ সুখ অনুভূতি’ বয়ে যায়! কোকিল বসন্তের ঘোষক, যদিও ‘ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত’, এ কথাটি বলা যাবে না কোনোভাবেই। কেননা, কোকিল মাঘ মাসের শীতের রাতেও ডাকে, ডাকে অনিবার্য কারণেই, ডাকে অন্য ঋতুতেও। কিন্তু বসন্তে ডাকে প্রেমের আবেগে বুক ভরে ওঠে বলে। ডাকে আর ডাকে, চরাচরে ছড়িয়ে দেয় যেন মুঠো মুঠো ভালোবাসা। বাউল-বাউল, ভবঘুরে ধরনের এই পাখিটি কী মিষ্টি গলায় যে ডাকে! এরা না ডাকলে কি পলাশ-শিমুল-কৃষ্ণচূড়া ফুল ফোটাত? কোকিলের ডাক না শুনলে কি ঝিঁঝিরা তাদের কনসার্ট শুরু করত? বসন্ত এসে দাঁড়াত আমার দুয়ারে? ওই ডাক শুনলে মানুষের বুকের ভেতরে কান্না কান্না একটা অন্য রকম অনুভূতি জাগবেই, বিশেষ করে তরুণ-তরুণী হূদয়ে। প্রেমে পাগল হয়ে ডাকে কোকিল, মন ভোলায় কোকিলার। কোকিলাকে পেতে একই সঙ্গে মজনু হয়ে যেতে পারে দু-চারটি কোকিল। লাইলী কিন্তু দারুণ হিসাবি—মজনু পছন্দ করে সে খুব ভেবেচিন্তে।চকচকে নীল মেশানো কালো রঙের পাখি, তার গান শোনার জন্য কানটা পেতে রাখি! বসন্তের কোকিল বলে, আমরা সবাই ডাকি। কাকের বাসায় ডিম পাড়ে যে, দিয়ে জবর ফাঁকি। হ্যাঁ, মৌ মৌ প্রেমে মশগুল থাকার পর কোকিলার পেটে আসে ডিম। ডিম পাড়বে কোথায়? বাসা তো এরা বাঁধে না। অতএব, কোকিল-কোকিলা মিলে সুপরিকল্পিতভাবে ফাঁকি দিয়ে ডিম পাড়ে দাঁড়কাক-পাতিকাক ও অন্যান্য পাখির বাসায়। কোকিলের কুহুতান শুনলে মানুষের ভালো লাগে, কিন্তু কাকের মাথা খারাপ হয়ে যায়। এরা তো জানে কোকিলের মতলব! কাক চতুর, কিন্তু কোকিল আরও এক কাঠি বাড়া। পুরুষটি কাকের বাসার কাছে যায়। দুটি কাক মিলে ধাওয়া করে। এই সুযোগে কোকিলা ডিম পাড়ে কাকের বাসায়। যে কটি পাড়ে, সে কটি কাকের ডিম ফেলে দেয় নিচে—অঙ্কটা এরা ভালোই জানে। এভাবে একাধিক বাসায় এরা চার থেকে ছয়টি ডিম পাড়ে। ব্যস, তারপর ছুটি।কোকিলরা তুমুল প্রেমিক। এদের প্রেম-ভালোবাসা ও ডিম পাড়ার দৃশ্য খোদ রাজধানী শহরেও নজরে পড়ে। রাজধানীর পার্ক-বাগানগুলোও বসন্তে মুখরিত হয় কোকিলের ডাকে। কোকিল আর বসন্তকাল মিলেমিশে একাকার। আমার বিশ্বাস, কোকিলদেরও আছে ‘ভালোবাসা দিবস’ বা ‘ভালোবাসা মাস’, নাকি ‘ভালোবাসা ঋতু’!