কোকেনের গন্তব্য জানতে চায় র্যা ব
চট্টগ্রাম বন্দরে তেলের চালানে আসা কোকেনের গন্তব্য জানতে চায় র্যা ব। এ জন্য কোকেন শনাক্ত মামলার এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন র্যা ব কর্মকর্তারা।
এই ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে দেওয়া জবানবন্দিতে উঠে আসে চালানটি আনার সঙ্গে নূর মোহাম্মদের সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু অভিযোগপত্রে পুলিশ তাঁকে আসামি করেনি। পরে আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে আলোচিত মামলাটি র্যা বকে তদন্তের নির্দেশ দেন।
নুর মোহাম্মদকে দ্বিতীয় দফায় রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে আগামীকাল সোমবার। মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর উপস্থিতিতে এ শুনানি হতে পারে। ১৫ জানুয়ারি আসামি নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে র্যা ব-৭। পরে তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ২৩ জানুয়ারি তাঁকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ডের আবেদন করে র্যা ব।
গত বছরের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বলিভিয়া থেকে সূর্যমুখী তেলের এ চালানটি উরুগুয়ের মন্টিভিডিও বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয় গত বছরের ১২ মে। চট্টগ্রামের খাতুনগঞ্জের খানজাহান আলী লিমিটেডের নামে চালানটি আনা হয়। চালানটি ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুর মোহাম্মদ দাবি করেন, কেউ তাঁর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে। এই পণ্য আমদানির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই। আমদানি করা তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে ২৭ জুন একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত করে। কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় ২৭ জুন নুর মোহাম্মদসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে ১৯ নভেম্বর গোয়েন্দা পুলিশ এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদকে বাদ দিয়ে লন্ডনপ্রবাসী দুই বাংলাদেশিসহ আটজনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ৭ ডিসেম্বর আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে র্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। এর মধ্যে অভিযোগপত্রে নাম আসা ছয়জনকে গ্রেপ্তার করা হয়। প্রবাসী দুজন পলাতক রয়েছেন। অবশ্য ছয়জনের মধ্যে একজন জামিনে আছেন, অন্যরা কারাগারে।
র্যা ব-৭ চট্টগ্রাম-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ গত শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, এটি কোনো সাধারণ মামলা নয়। দেশকে মাদকমুক্ত রাখতে র্যা ব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বন্দরে জব্দ করা কোকেনের চালানটির গন্তব্যে কোথায়, এর পেছনে দেশি বিদেশি কারা জড়িত সবাইকে শনাক্ত করতে হবে। বিভিন্ন মাধ্যমে র্যাব মামলাটির তদন্ত করছে। মামলার এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদের প্রতিষ্ঠানের নামে চালানটি এসেছে। এ ছাড়া কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তাঁর নাম উঠে এসেছে। মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য র্যাব নুর মোহাম্মদকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করেছে।
এদিকে নুর মোহাম্মদের আইনজীবী ইব্রাহীম হোসেন চৌধুরী দাবি করেন, চালানটি আনার সঙ্গে নুর মোহাম্মদের কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। চালানটি আমদানি করতে তিনি কোনো এলসি (ঋণপত্র) খোলেননি। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন। র্যা ব একদফায় তাকে রিমান্ডে নিয়ে গিয়েছিল। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত না থাকায় র্যাবকে কোনা তথ্য দিতে পারেনি। দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়েও তার কাছ থেকে কোনো তথ্য পাওয়ার সুযোগ নেই।